আমদানি, পরিশোধন ও সরবরাহের বড় অংশ কয়েকটি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে। সরকার দাম নির্ধারণ করলেও বাজারে পণ্যের প্রবাহ নিয়ন্ত্রণের ক্ষমতা ভোক্তার হাতে নেই। সিন্ডিকেটের অভিযোগের আড়ালে ক্রমেই শক্তিশালী হচ্ছে একচেটিয়া বাজারব্যবস্থা।
বাংলাদেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়লেই সামনে আসে সিন্ডিকেটের অভিযোগ। কখনো অভিযান, কখনো জরিমানা, কখনো ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে দাম নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু কিছুদিন পর আবারও একই সংকট ফিরে আসে। বিশেষ করে ভোজ্যতেলের বাজারের দিকে তাকালে বোঝা যায়, সমস্যাটি কেবল আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি কিংবা ডলারের সংকট নয়; এর গভীরে রয়েছে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা একটি কেন্দ্রীভূত ব্যবসায়িক কাঠামো।
দেশের কোটি কোটি মানুষের রান্নাঘরের অপরিহার্য এই পণ্যের আমদানি, পরিশোধন ও সরবরাহের বড় অংশ নিয়ন্ত্রণ করছে হাতে গোনা কয়েকটি শিল্পগোষ্ঠী। ফলে বাজারে প্রতিযোগিতা সংকুচিত হচ্ছে, বাড়ছে বড় প্রতিষ্ঠানের দর-কষাকষির ক্ষমতা। প্রশ্ন হচ্ছে, ১৭ কোটি মানুষের একটি দেশের নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার কি কয়েকটি প্রতিষ্ঠানের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল থাকতে পারে?
সরিষার ঘানি থেকে করপোরেট নিয়ন্ত্রণ
বাংলাদেশের ভোজ্যতেলের বাজার একসময় এমন ছিল না। সত্তরের দশকে মানুষের রান্নার তেলের প্রধান উৎস ছিল সরিষা। গ্রামের ঘানি, ছোট এক্সপেলার মিল ও স্থানীয় উৎপাদকদের হাত ধরে তৈরি হতো তেল। কৃষক সরিষা উৎপাদন করতেন, ক্ষুদ্র উদ্যোক্তারা তা মাড়াই করে বাজারে সরবরাহ করতেন। উৎপাদন ও ব্যবসা ছড়িয়ে ছিল বহু মানুষের হাতে।
আশির দশকের শেষভাগ থেকে অপরিশোধিত সয়াবিন আমদানি করে দেশে পরিশোধনের ব্যবসা বাড়তে থাকে। নব্বইয়ের দশকে বড় শিল্পগোষ্ঠীগুলো একের পর এক রিফাইনারি স্থাপন করে। বিজ্ঞাপন, বিপণন ও তুলনামূলক কম দামের কারণে সয়াবিন তেল দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে।
এর ফলে শুধু মানুষের খাদ্যাভ্যাস নয়, বদলে যায় বাজারের নিয়ন্ত্রণব্যবস্থাও। আগে তেলের উৎস ছিল দেশের কৃষিজমি ও হাজারো ক্ষুদ্র উৎপাদক। এখন তা নির্ভরশীল আর্জেন্টিনা, ব্রাজিল ও প্যারাগুয়ের মতো দেশের উৎপাদন, আন্তর্জাতিক আমদানি, বন্দর, বড় ট্যাংক টার্মিনাল এবং কয়েকটি শিল্পকারখানার ওপর।
অর্থাৎ বিকেন্দ্রীভূত উৎপাদনব্যবস্থা থেকে বাংলাদেশ চলে এসেছে আমদানি ও শিল্পনির্ভর কেন্দ্রীভূত বাজারে।
চার শিল্পগোষ্ঠীর হাতে বাজারের বড় অংশ
ভোজ্যতেলের বাজারে সবচেয়ে বড় উদ্বেগ আমদানি ও সরবরাহের কেন্দ্রীভবন। টি কে, সিটি, মেঘনা ও এস আলমের মতো বড় শিল্পগোষ্ঠীর প্রভাব এই বাজারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০২৩ সালে দেশের ভোজ্যতেল আমদানির প্রায় ৮০ শতাংশ ছিল চারটি বড় গ্রুপের নিয়ন্ত্রণে। সাম্প্রতিক বছরগুলোতে ছোট আমদানিকারক ও পরিশোধনকারী প্রতিষ্ঠানের সংখ্যা আরও কমেছে।
বড় প্রতিষ্ঠান হওয়া নিজে কোনো অপরাধ নয়। বিনিয়োগ, দক্ষতা ও উৎপাদন সক্ষমতার মাধ্যমে ব্যবসা সম্প্রসারণ স্বাভাবিক। কিন্তু সেই সম্প্রসারণের ফলে যখন বাজারে প্রতিযোগিতা কমে যায়, নতুন উদ্যোক্তাদের প্রবেশ কঠিন হয় এবং সরবরাহের ওপর অল্প কয়েকটি প্রতিষ্ঠানের অতিরিক্ত প্রভাব তৈরি হয়, তখন তা জনস্বার্থের প্রশ্ন হয়ে দাঁড়ায়।
কারণ ভোজ্যতেলের মতো অপরিহার্য পণ্যের বাজারে আমদানি, পরিশোধন, মজুত ও সরবরাহের নিয়ন্ত্রণ একই গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত হলে তাদের দর-কষাকষির ক্ষমতাও বেড়ে যায়।
দাম নির্ধারণ করে সরকার, সরবরাহ নিয়ন্ত্রণ করে কারা?
বাংলাদেশে বোতলজাত ভোজ্যতেলের সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করে বাণিজ্য মন্ত্রণালয়। আন্তর্জাতিক বাজারের দর, আমদানি ব্যয়, ডলারের বিনিময় হার ও অন্যান্য খরচ বিবেচনায় ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে দাম নির্ধারণ করা হয়।
কিন্তু বাস্তবতা হলো, সরকার দাম বেঁধে দিতে পারলেও বাজারে পর্যাপ্ত তেল সরবরাহ নিশ্চিত করার ক্ষেত্রে একই রকম কার্যকর ক্ষমতা সবসময় দেখাতে পারে না।
২০২৬ সালের এপ্রিলে এর একটি দৃষ্টান্ত দেখা গেছে। বাণিজ্যমন্ত্রী সয়াবিন তেলের দাম না বাড়ানোর ঘোষণা দেওয়ার সময় ঢাকার বিভিন্ন দোকানে বোতলজাত তেলের সরবরাহ কমে যাওয়ার অভিযোগ ওঠে। দোকানিরা জানান, কোম্পানিগুলো আগের তুলনায় কম তেল সরবরাহ করছে। এর ১৭ দিন পর সরকার বোতলজাত সয়াবিনের দাম ১৯৫ টাকা থেকে বাড়িয়ে ১৯৯ টাকা নির্ধারণ করে।
ঘটনাটি বাজারের একটি মৌলিক দুর্বলতা সামনে আনে। সরকার মূল্য নির্ধারণ করতে পারে, কিন্তু সরবরাহের বড় অংশ যদি কয়েকটি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে থাকে, তাহলে সেই মূল্য কার্যকর রাখা কঠিন।
ব্যবসায়ীদের পক্ষ থেকে আমদানি ব্যয়ের তথ্যের ভিত্তিতে কোম্পানিগুলোর সরবরাহ করা হিসাব ব্যবহার করে দাম নির্ধারণের প্রস্তাবও এসেছে। প্রশ্ন হলো, যাদের ব্যবসায়িক স্বার্থ দামের সঙ্গে সরাসরি যুক্ত, তাদের দেওয়া তথ্যের ওপর নির্ভর করে রাষ্ট্র কীভাবে নিরপেক্ষ মূল্য নির্ধারণ নিশ্চিত করবে?
এসও (SO) ব্যবসা: তেলের পাশাপাশি কাগজের বাজার
ভোজ্যতেলের বাজারের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সাপ্লাই অর্ডার বা এসও ব্যবসা। এই ব্যবস্থায় পাইকাররা নির্দিষ্ট পরিমাণ তেল পাওয়ার অধিকার কিনতে অগ্রিম অর্থ পরিশোধ করেন। কিন্তু অনেক ক্ষেত্রে সরাসরি পণ্য সংগ্রহ না করে সেই সরবরাহের কাগজই অন্য ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়।
বাজারে দাম বাড়লে কাগজের দামও বাড়ে। ফলে প্রকৃত পণ্য সরবরাহের আগেই একাধিকবার হাতবদল হতে পারে সরবরাহের অধিকার।
এতে কারখানায় প্রকৃত মজুত, সরবরাহের প্রতিশ্রুতি এবং বাজারে বাস্তবে পৌঁছানো পণ্যের মধ্যে ব্যবধান তৈরির ঝুঁকি থাকে। বাজারে কত তেল রয়েছে, কতটুকু সরবরাহের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং কতটা পণ্য ভোক্তার কাছে পৌঁছেছে, তার স্বচ্ছ হিসাব নিশ্চিত করা জরুরি।
রাষ্ট্রের ভূমিকা কোথায়?
বর্তমান বাজারকাঠামো একদিনে তৈরি হয়নি। বিভিন্ন সময়ে রাষ্ট্রের নেওয়া নীতিগত সিদ্ধান্তও বড় পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলোর অবস্থান শক্তিশালী করেছে।
২০১৩ সালে ভোজ্যতেলে ভিটামিন ‘এ’ সমৃদ্ধকরণ বাধ্যতামূলক করা হয়। জনস্বাস্থ্যের জন্য এটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হলেও শিল্পকারখানায় উৎপাদিত সয়াবিন তেলের মাধ্যমে তা বাস্তবায়ন সহজ হওয়ায় বড় রিফাইনারিগুলো বিশেষ সুবিধাজনক অবস্থানে থাকে।
অন্যদিকে আন্তর্জাতিক বাজারে মূল্য ওঠানামা, বিপুল অর্থের এলসি খোলা, বন্দর ও সংরক্ষণ অবকাঠামোর ব্যয় বহন করতে না পেরে অনেক ছোট প্রতিষ্ঠান বাজার থেকে সরে যায়। ২০১২ থেকে ২০১৫ সালের মধ্যে নূরজাহান, এসএ গ্রুপ, ইলিয়াস ব্রাদার্স ও মোস্তফা গ্রুপসহ বেশ কয়েকটি পরিচিত প্রতিষ্ঠান ভোজ্যতেলের পরিশোধন ব্যবসা বন্ধ করে দেয় বা গুটিয়ে নেয়।
ফলে প্রতিযোগী কমেছে, বেড়েছে বড় প্রতিষ্ঠানের প্রভাব।
প্রতিযোগিতা কমিশনের তদন্তেও সরবরাহ সীমিত রাখা ও বাজার নিয়ন্ত্রণের অভিযোগ উঠে এসেছে। ২০২৬ সালে এস আলম সুপার এডিবল অয়েলকে ৪২ কোটি ৮৪ লাখ টাকা এবং টি কে গ্রুপের শবনম ভেজিটেবল অয়েলকে ৩২ কোটি ৪৪ লাখ টাকা জরিমানা করা হয়।
এ ধরনের ব্যবস্থা গুরুত্বপূর্ণ হলেও প্রশ্ন থেকে যায়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এত দীর্ঘ সময় লাগলে ভোক্তার ক্ষতি কীভাবে পূরণ হবে? তাছাড়া একটি বড় প্রতিষ্ঠান বাজার থেকে সরে গেলেও তার জায়গায় নতুন প্রতিযোগী তৈরি না হলে বাজারের কাঠামো তো বদলায় না।
সবচেয়ে বেশি মূল্য দিচ্ছে সাধারণ মানুষ
এই বাজারব্যবস্থার সবচেয়ে বড় ভুক্তভোগী সাধারণ ভোক্তা, বিশেষ করে নিম্নআয়ের মানুষ। বোতলজাত তেলের দাম বাড়লে তাদের বড় অংশ খোলা তেল কিনতে বাধ্য হন। অথচ খোলা তেলের বাজারে মূল্য নিয়ন্ত্রণ, মান যাচাই ও ভেজাল প্রতিরোধের ব্যবস্থা তুলনামূলক দুর্বল।
বোতলজাত তেলের সর্বোচ্চ দাম নির্ধারণ করলেই খোলা তেলের বাজার নিয়ন্ত্রণে আসে না। ফলে দরিদ্র মানুষ অনেক সময় নির্ধারিত দামের চেয়েও বেশি দামে তেল কেনেন। নিম্নমানের বা ভেজাল তেল পাওয়ার ঝুঁকিও তাদের বেশি।
এমনকি টিসিবির মাধ্যমে সরকার যে ভর্তুকিতে তেল সরবরাহ করে, সেটিও অনেক ক্ষেত্রে একই বড় শিল্পপ্রতিষ্ঠানগুলোর কাছ থেকে কেনা হয়। অর্থাৎ রাষ্ট্র একদিকে ভোক্তাকে ভর্তুকি দিচ্ছে, অন্যদিকে সেই পণ্য সংগ্রহের জন্য নির্ভর করছে একই কেন্দ্রীভূত সরবরাহব্যবস্থার ওপর।
সমাধান শুধু দাম কমানো নয়
ভোজ্যতেলের বাজারে স্থায়ী সমাধান আনতে হলে শুধু মূল্য নির্ধারণ কিংবা সিন্ডিকেটবিরোধী অভিযান যথেষ্ট নয়। আমদানি থেকে খুচরা বিক্রি পর্যন্ত পুরো সরবরাহব্যবস্থাকে স্বচ্ছ নজরদারির আওতায় আনতে হবে।
কোন প্রতিষ্ঠান কত তেল আমদানি করছে, কতটুকু পরিশোধন করছে, কোথায় সরবরাহ করছে এবং গুদামে কত মজুত রয়েছে, তার নিয়মিত তথ্য প্রকাশ করা প্রয়োজন। নতুন উদ্যোক্তাদের বাজারে প্রবেশ সহজ করতে হবে। বন্দর, ট্যাংক টার্মিনাল ও সংরক্ষণসুবিধায় বৈষম্যহীন প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে।
পাশাপাশি প্রতিযোগিতা কমিশনকে স্বাধীন ও কার্যকরভাবে কাজ করার সুযোগ দিতে হবে। এসও ব্যবসায় স্বচ্ছতা, খোলা তেলের মান নিয়ন্ত্রণ এবং টিসিবির ক্রয়প্রক্রিয়ায় সরবরাহকারীর বৈচিত্র্য নিশ্চিত করাও জরুরি। দীর্ঘমেয়াদে দেশীয় সরিষা ও অন্যান্য তেলবীজ উৎপাদন বাড়িয়ে আমদানিনির্ভরতা কমানোর উদ্যোগ নিতে হবে।
ভোজ্যতেল কোনো বিলাসী পণ্য নয়, এটি মানুষের প্রতিদিনের খাদ্যতালিকার অপরিহার্য অংশ। ব্যবসায়ীরা মুনাফা করবেন, বিনিয়োগ করবেন, শিল্প গড়ে তুলবেন-এটাই স্বাভাবিক। কিন্তু সেই ব্যবসায়িক স্বাধীনতা যদি বাজারের প্রতিযোগিতা সংকুচিত করে কোটি কোটি মানুষের জীবনযাত্রার ব্যয় নির্ধারণের ক্ষমতা অল্প কয়েকটি প্রতিষ্ঠানের হাতে কেন্দ্রীভূত করে, তাহলে রাষ্ট্রের দায়িত্ব কার্যকর নিয়ন্ত্রণ ও জবাবদিহি নিশ্চিত করা।
তেলের বোতলে সরকার নির্ধারিত দাম লেখা থাকলেই ভোক্তার অধিকার প্রতিষ্ঠিত হয় না; সেই দামে বাজারে তেল পাওয়া যাচ্ছে কি না, সেটিই আসল প্রশ্ন। কোম্পানির নাম বদলালেই বাজারের কাঠামো বদলায় না। যতদিন আমদানি, মজুত ও সরবরাহের নিয়ন্ত্রণ কয়েকটি প্রতিষ্ঠানের হাতে থাকবে, ততদিন সাধারণ ভোক্তার স্বস্তি ফিরবে না। রান্নাঘরের বাজারে রাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হলে প্রথমেই ফিরিয়ে আনতে হবে প্রতিযোগিতা ও জবাবদিহি।
লেখক: মিজান মাজনুন, নির্বাহী পরিচালক, সিটিজেন্স ভয়েস।

