Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, নভে. 12, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ইউরোপে পোশাক রপ্তানি বৃদ্ধির ৯৮ শতাংশই স্পেনের বাজারে
    অর্থনীতি

    ইউরোপে পোশাক রপ্তানি বৃদ্ধির ৯৮ শতাংশই স্পেনের বাজারে

    নিউজ ডেস্কনভেম্বর 12, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি কিছুটা বেড়েছে। তবে এই প্রবৃদ্ধির প্রায় পুরোটাই এসেছে স্পেনের বাজার থেকে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বেড়েছে ২ দশমিক ৭৯ শতাংশ। একই সময়ে স্পেনে রপ্তানি বেড়েছে ১৩ দশমিক ৩৬ শতাংশ। বিপরীতে জার্মানির বাজারে রপ্তানি প্রায় অপরিবর্তিত রয়েছে, আর ফ্রান্সে কমেছে।

    রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে বাংলাদেশ ৬৪৩ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে। আগের অর্থবছরের একই সময়ে রপ্তানির পরিমাণ ছিল ৬২৬ কোটি ডলার।

    বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের সংকলিত পরিসংখ্যান অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়নে তৈরি পোশাক রপ্তানি বেড়েছে প্রায় ১৭ কোটি ৪৫ লাখ ডলার। এর মধ্যে স্পেনের বাজারেই রপ্তানি বেড়েছে প্রায় ১৭ কোটি ৬ লাখ ডলার। অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের মোট পোশাক রপ্তানি বৃদ্ধির প্রায় ৯৮ শতাংশ এসেছে স্পেন থেকে।

    এ সময়ে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের সবচেয়ে বড় তৈরি পোশাক রপ্তানির বাজার হিসেবে জার্মানিকে ছাড়িয়ে গেছে স্পেন।

    চলতি অর্থবছরের প্রথম চার মাসে স্পেনে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি হয়েছে ১৪৫ কোটি ডলার। আগের বছরের একই সময়ে দেশটিতে রপ্তানি হয়েছিল ১২৮ কোটি ডলারের পোশাক। এক বছরের ব্যবধানে রপ্তানি বেড়েছে ১৩ দশমিক ৩৬ শতাংশ।

    ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের মোট তৈরি পোশাক রপ্তানির ২২ দশমিক ৫১ শতাংশ এখন স্পেনের বাজারে যাচ্ছে। অন্যদিকে দীর্ঘদিন ধরে শীর্ষ অবস্থানে থাকা জার্মানির অংশ দাঁড়িয়েছে ২২ দশমিক ৩৭ শতাংশ।

    জুলাই থেকে অক্টোবর পর্যন্ত জার্মানিতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি হয়েছে ১৪৪ কোটি ডলার। আগের বছরের একই সময়ের তুলনায় রপ্তানি বেড়েছে মাত্র শূন্য দশমিক শূন্য ১ শতাংশ। ফলে ইউরোপের এই বড় বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি কার্যত স্থবির রয়েছে।

    ইউরোপের অন্য বড় বাজারগুলোর মধ্যে নেদারল্যান্ডস ও পোল্যান্ডে রপ্তানি কিছুটা বেড়েছে। চলতি অর্থবছরের প্রথম চার মাসে নেদারল্যান্ডসে তৈরি পোশাক রপ্তানি হয়েছে ৭৮ কোটি ৪৫ লাখ ৭০ হাজার ডলার। দেশটিতে রপ্তানি বেড়েছে ৮ দশমিক ৬৮ শতাংশ।

    একই সময়ে পোল্যান্ডে রপ্তানি হয়েছে ৫৪ কোটি ৫৯ লাখ ১০ হাজার ডলারের পোশাক। আগের বছরের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ৮৫ শতাংশ।

    তবে ফ্রান্সের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি কমেছে। জুলাই থেকে অক্টোবর পর্যন্ত দেশটিতে রপ্তানি হয়েছে ৬১ কোটি ১১ লাখ ডলারের পোশাক, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ৮৭ শতাংশ কম।

    ইউরোপীয় ইউনিয়নের বাকি দেশগুলোতেও সম্মিলিতভাবে রপ্তানি কমেছে। এসব দেশে মোট ১৬০ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় তা ১ দশমিক ৩৪ শতাংশ কম।

    ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের মোট তৈরি পোশাক রপ্তানির প্রায় ৭৫ শতাংশই যাচ্ছে পাঁচটি বড় বাজারে।

    এদিকে শুধু অক্টোবর মাসের হিসাবে ইউরোপে পোশাক রপ্তানির প্রবৃদ্ধি আরও কম। গত মাসে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশ ১৫৩ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে। আগের বছরের একই মাসের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে মাত্র ১ দশমিক ১০ শতাংশ।

    অক্টোবরে জার্মানি ছিল বাংলাদেশের সবচেয়ে বড় তৈরি পোশাক রপ্তানির বাজার। দেশটিতে রপ্তানি হয়েছে ৩১ কোটি ৫৭ লাখ ২০ হাজার ডলারের পোশাক। এ ক্ষেত্রে প্রবৃদ্ধি ছিল শূন্য দশমিক ৫৯ শতাংশ।

    অন্যদিকে স্পেনে রপ্তানি হয়েছে ২৯ কোটি ৯২ লাখ ডলারের পোশাক। দেশটিতে রপ্তানি বেড়েছে ১১ দশমিক ৯৫ শতাংশ। একই মাসে ফ্রান্সে রপ্তানি ১৫ দশমিক ২২ শতাংশ কমে ১৬ কোটি ১৬ লাখ ৯০ হাজার ডলারে নেমেছে।

    ইউরোপের বাজারে রপ্তানি বৃদ্ধির এই সীমিত প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশের তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা। তাঁদের মতে, ইউরোপীয় ক্রেতারা এখন বাংলাদেশ ছাড়াও বিকল্প দেশ থেকে পোশাক সংগ্রহের সুযোগ বাড়াচ্ছেন। বিশেষ করে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের পর শুল্কসুবিধা নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় ক্রেতাদের মধ্যে নতুন করে হিসাব-নিকাশ শুরু হয়েছে।

    বাংলাদেশ নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ইউরোপের বাজারে বাংলাদেশ ধীরে ধীরে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে। ক্রেতারা ভারতসহ অন্য দেশগুলোতে পোশাক সংগ্রহের সক্ষমতা বাড়াচ্ছেন।

    তাঁর মতে, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পর বাংলাদেশের পণ্যের ওপর বেশি শুল্ক আরোপের আশঙ্কা রয়েছে। অন্যদিকে ভারত সুবিধাজনক বাণিজ্যিক প্রবেশাধিকার ধরে রাখতে পারে বলে ইউরোপীয় ক্রেতাদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে। এতে ভবিষ্যতে বাংলাদেশের রপ্তানি আদেশে প্রভাব পড়তে পারে।

    ইউরোপের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানির আরেকটি বড় সীমাবদ্ধতা হিসেবে পণ্যের বৈচিত্র্যের অভাবকে চিহ্নিত করেছেন ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার।

    তিনি বলেন, বাংলাদেশের তৈরি পোশাকশিল্প এখনো তুলাভিত্তিক পোশাক উৎপাদনের ওপর অনেক বেশি নির্ভরশীল। অন্যদিকে চীন ও ভিয়েতনামের মতো প্রতিযোগী দেশগুলো কৃত্রিম তন্তু দিয়ে তৈরি পোশাক উৎপাদনে এগিয়ে রয়েছে। ফলে এসব দেশ ক্রেতাদের বিভিন্ন ধরনের পণ্যের চাহিদা সহজে পূরণ করতে পারছে।

    এম এ জব্বারের মতে, ইউরোপের বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে হলে কৃত্রিম তন্তুভিত্তিক পোশাক উৎপাদনে আরও বিনিয়োগ করতে হবে। একই সঙ্গে পণ্যের বৈচিত্র্য বাড়ানো জরুরি।

    স্প্যারো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম বলেন, ইউরোপের বাজারে অবস্থান ধরে রাখতে বাংলাদেশকে প্রতিযোগিতামূলক বাণিজ্যিক সুবিধা নিশ্চিত করতে হবে। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের কঠোরতর নিয়মকানুন, সরবরাহব্যবস্থার স্বচ্ছতা এবং পণ্যের উৎস শনাক্তের শর্ত পূরণের প্রস্তুতি নিতে হবে।

    তাঁর মতে, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পর ইউরোপের বাজারে বাংলাদেশের পণ্য কী ধরনের শুল্কসুবিধা পাবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এই পরিস্থিতিতে বিদেশি ক্রেতারা বিকল্প দেশ থেকে পোশাক সংগ্রহের পরিকল্পনা করতে পারেন।

    এ ছাড়া ব্যাংকঋণের উচ্চ সুদহার, মূলধন সংগ্রহের সীমাবদ্ধতা এবং জ্বালানির মূল্যবৃদ্ধিও দেশের পোশাকশিল্পের প্রতিযোগিতা সক্ষমতায় নেতিবাচক প্রভাব ফেলছে বলে জানান তিনি।

    সর্বশেষ রপ্তানি পরিসংখ্যান বলছে, স্পেন ও নেদারল্যান্ডসের বাজারে প্রবৃদ্ধি বাংলাদেশের পোশাক রপ্তানিকে কিছুটা এগিয়ে রাখলেও জার্মানির বাজারে স্থবিরতা এবং ফ্রান্সসহ অন্য কয়েকটি দেশে রপ্তানি কমে যাওয়ায় ইউরোপের সামগ্রিক বাজারে প্রবৃদ্ধি সীমিত রয়েছে।

    শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, ইউরোপের বাজারে দীর্ঘমেয়াদে রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখতে হলে শুধু কয়েকটি দেশের ওপর নির্ভর করলে চলবে না। পণ্যের বৈচিত্র্য বৃদ্ধি, নতুন বাণিজ্যিক সুবিধা নিশ্চিত করা এবং ইউরোপীয় ক্রেতাদের পরিবর্তিত চাহিদার সঙ্গে উৎপাদনব্যবস্থাকে সামঞ্জস্যপূর্ণ করে তোলার ওপর গুরুত্ব দিতে হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    কৃষকের চাহিদা মেটাতে ২ লাখ ৯৫ হাজার টন সার কিনছে সরকার

    নভেম্বর 12, 2026
    অর্থনীতি

    কানাডার বাজার ধরতে পাটের ২০০ উদ্যোক্তাকে সহায়তা দেবে ডিসিসিআই-টিএফও

    নভেম্বর 12, 2026
    বাংলাদেশ

    তিন দেশ থেকে এলএনজি কেনার সুপারিশ, রমজানে আসছে ৬ হাজার ২০০ টন খেজুর

    নভেম্বর 12, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.