জ্বালানি ও কাঁচামালের মূল্যবৃদ্ধি, পরিচালন ব্যয় এবং আন্তর্জাতিক বাণিজ্যের অনিশ্চয়তা—সব মিলিয়ে দেশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলো নানা চাপের মধ্যে রয়েছে। এরপরও আগামী দুই বছরে আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণের বিষয়ে আশাবাদী বাংলাদেশের ৯১ শতাংশ প্রতিষ্ঠান। এর মধ্যে ৫৬ শতাংশ প্রতিষ্ঠান নিজেদের অবস্থানকে অত্যন্ত আশাব্যঞ্জক বলে মনে করছে।
এই তথ্য উঠে এসেছে আন্তর্জাতিক ব্যাংকিং প্রতিষ্ঠান এইচএসবিসির বৈশ্বিক বাণিজ্যবিষয়ক ২০২৬ সালের এক জরিপে। জরিপ অনুযায়ী, দেশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য সবচেয়ে বড় ব্যয়ের চাপ তৈরি করছে জ্বালানি। অংশগ্রহণকারী ৫০ শতাংশ প্রতিষ্ঠান জ্বালানির খরচকে প্রধান উদ্বেগ হিসেবে চিহ্নিত করেছে। এর কাছাকাছি অবস্থানে রয়েছে কাঁচামালের ব্যয়, যা নিয়ে উদ্বেগ জানিয়েছে ৪৯ শতাংশ প্রতিষ্ঠান।
জরিপে অংশ নেওয়া বাংলাদেশের ৭০ শতাংশ প্রতিষ্ঠান জানিয়েছে, তাদের পরিচালন ব্যয় ইতিমধ্যে বেড়েছে। আগামী দুই বছরে ব্যয় আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে ৭৬ শতাংশ প্রতিষ্ঠান।
ব্যয় বৃদ্ধির প্রভাব পড়েছে ব্যবসার চলতি মূলধনের প্রয়োজনেও। ২০২৫ সালের তুলনায় বর্তমানে চলতি মূলধনের চাহিদা বেড়েছে বলে জানিয়েছে ৬৪ শতাংশ প্রতিষ্ঠান।
আন্তর্জাতিক বাণিজ্যের অনিশ্চয়তায় আয় কমার আশঙ্কা
বিশ্ববাজারে শুল্কসংক্রান্ত পরিবর্তন এবং বাণিজ্যিক অনিশ্চয়তা বাংলাদেশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর ওপরও প্রভাব ফেলছে। জরিপে ৩১ শতাংশ প্রতিষ্ঠান জানিয়েছে, এসব কারণে তারা নেতিবাচক পরিস্থিতির মুখোমুখি হয়েছে। অন্যদিকে, ৩২ শতাংশ প্রতিষ্ঠান বলেছে, বাণিজ্যসংক্রান্ত অনিশ্চয়তার কারণে তাদের আয় কমেছে।
আগামী দুই বছরেও এ চাপ অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা রয়েছে। দেশের ৩৭ শতাংশ প্রতিষ্ঠান ভবিষ্যতে আয় আরও কমার পূর্বাভাস দিয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে এ হার ২৮ শতাংশ।
এইচএসবিসির বৈশ্বিক বাণিজ্য জরিপটি ২০২৬ সালের ১৮ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত পরিচালিত হয়। এতে বিশ্বের ২৬টি বাজারের ১০ হাজার জ্যেষ্ঠ ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তার মতামত নেওয়া হয়েছে। বাংলাদেশের ২৫০ জন ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের প্রতিনিধিও এতে অংশ নেন।
জরিপে অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানগুলোর বার্ষিক বৈশ্বিক ব্যবসায়িক লেনদেনের পরিমাণ ছিল ৫ কোটি ডলার থেকে ২০০ কোটি ডলারের বেশি।
সরবরাহব্যবস্থায় পরিবর্তনে এগিয়ে বাংলাদেশ
ব্যয় বৃদ্ধি ও বাণিজ্যিক অনিশ্চয়তা সত্ত্বেও সরবরাহব্যবস্থাকে আরও কার্যকর করতে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো দ্রুত বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। সরবরাহকারী প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ানো এবং উৎপাদন কার্যক্রম নিজ দেশে ফিরিয়ে আনার উদ্যোগে আন্তর্জাতিক প্রতিযোগীদের তুলনায় এগিয়ে রয়েছে বাংলাদেশ।
সরবরাহব্যবস্থায় ইতিমধ্যে পরিবর্তন আনার ক্ষেত্রে জরিপে অংশ নেওয়া ২৬টি বাজারের মধ্যে প্রথম অবস্থানে রয়েছে বাংলাদেশ।
উৎপাদন ও ব্যবসায়িক কার্যক্রম বিদেশ থেকে নিজ দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রেও বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোর অগ্রগতি উল্লেখযোগ্য। দেশের ৫৫ শতাংশ প্রতিষ্ঠান এ ধরনের উদ্যোগ নিয়েছে। বিশ্বব্যাপী গড় হার ৩৬ শতাংশ।
এ ছাড়া চীনের মূল ভূখণ্ডের বাইরে বিকল্প সরবরাহকারী খুঁজে নেওয়ার ক্ষেত্রেও বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো এগিয়ে। দেশের ৫৭ শতাংশ প্রতিষ্ঠান সরবরাহব্যবস্থায় এমন পরিবর্তন এনেছে। আন্তর্জাতিক গড় এ ক্ষেত্রে ৩৬ শতাংশ।
কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে অগ্রগতি, তদারকিতে ঘাটতি
ব্যবসায়িক কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারও বাড়ছে। জরিপে অংশ নেওয়া বাংলাদেশের ৮৬ শতাংশ প্রতিষ্ঠান জানিয়েছে, তারা বাণিজ্যসংশ্লিষ্ট অন্তত একটি কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার শুরু করেছে।
তবে এই প্রযুক্তির নিরাপদ ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করার ক্ষেত্রে কিছু ঘাটতি রয়েছে। জরিপে মূল্যায়ন করা কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালনা ও তদারকির ১০টি ব্যবস্থার মধ্যে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো গড়ে মাত্র ৪০ শতাংশ বাস্তবায়ন করেছে।
অন্যদিকে, বৈশ্বিক ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্যও জ্বালানির ব্যয় এখন বড় উদ্বেগের বিষয়। গত ছয় মাসে পরিচালন ব্যয় বৃদ্ধির প্রধান কারণ হিসেবে জ্বালানিকে চিহ্নিত করেছে বিভিন্ন দেশের প্রতিষ্ঠানগুলো। এর পরেই রয়েছে আমদানি-রপ্তানিতে শুল্কসংক্রান্ত ব্যয় এবং পণ্য পরিবহনের খরচ।
সব মিলিয়ে জরিপের ফলাফল বলছে, বাড়তি ব্যয় ও আন্তর্জাতিক বাজারের অনিশ্চয়তা বাংলাদেশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে থাকলেও তারা বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনা দেখছে। একই সঙ্গে সরবরাহব্যবস্থার বৈচিত্র্য, উৎপাদন কার্যক্রমে পরিবর্তন এবং নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ভবিষ্যতের জন্য নিজেদের প্রস্তুত করছে।

