চুয়াডাঙ্গার দর্শনায় অবস্থিত কেরু অ্যান্ড কোম্পানির কর্মকর্তারা জানান, ডিস্টিলারি বিভাগের উৎপাদন ও বিক্রি বাড়ায় মুনাফায় প্রবৃদ্ধি এসেছে। বিভাগের ব্যবস্থাপক রাজিবুল হাসান বলেন, ২০২৫-২৬ অর্থবছরে ডিস্টিলারি ইউনিটে ১৪১ লাখ ৭৭ হাজার প্রুফ লিটার অ্যালকোহল এবং ২ লাখ ৮ হাজার কেস বিদেশি মদ উৎপাদন হয়েছে। এখানে আটটি ব্র্যান্ডের বিদেশি মদ তৈরি করা হয়। বাজারের চাহিদা বাড়লে উৎপাদন আরও বাড়ানোর সক্ষমতা রয়েছে বলেও জানান তিনি।
কেরুর কান্ট্রি লিকার বা দেশীয় মদ দেশের ১৩টি বিক্রয়কেন্দ্রের মাধ্যমে সরবরাহ করা হয়। এর মধ্যে রয়েছে দিনাজপুরের পার্বতীপুর, কুমিল্লা, চট্টগ্রাম, ময়মনসিংহ, মৌলভীবাজার, শ্রীমঙ্গল, ঢাকা, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, চুয়াডাঙ্গার দর্শনা, পাবনা ও বগুড়ার শান্তাহার। এ পণ্যের তিনটি গ্রেড রয়েছে। শ্রীমঙ্গলের চা শ্রমিকদের জন্য ৩০ প্রুফ, অন্যান্য এলাকার নির্দিষ্ট গ্রাহকদের জন্য ৭০ প্রুফ এবং শ্রীমঙ্গল ছাড়া দেশের অন্যান্য এলাকায় ৬০ প্রুফের দেশীয় মদ সরবরাহ করা হয়।
কেরু অ্যান্ড কোম্পানির উপমহাব্যবস্থাপক (অর্থ) মুহম্মদ আব্দুস সাত্তার বলেন, ডিস্টিলারি বিভাগ থেকে ২০২৪-২৫ অর্থবছরে ১৯০ কোটি টাকা মুনাফা হয়েছিল। পরের অর্থবছরে তা বেড়ে প্রায় ২২৪ কোটি টাকায় দাঁড়িয়েছে। একই সময়ে সরকারি কোষাগারে রাজস্ব জমার পরিমাণও বেড়েছে।
তবে ডিস্টিলারি বিভাগের ভালো আয় সত্ত্বেও কোম্পানির অন্য বিভাগগুলোর আর্থিক চিত্র একই রকম নয়। বিশেষ করে চিনি উৎপাদন বিভাগে দীর্ঘদিন ধরে লোকসান হচ্ছে। কেরুর ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান জানান, ২০২৫-২৬ অর্থবছরে সব বিভাগ মিলিয়ে কোম্পানির মোট মুনাফা আনুমানিক ১৬৬ কোটি টাকা। ডিস্টিলারি বিভাগের আয় চিনিকলের লোকসান সামাল দিতে বড় ভূমিকা রেখেছে। আগামী অর্থবছরেও এই মুনাফা ধরে রাখা অনেকটা বাজারের চাহিদার ওপর নির্ভর করবে।
১৯৩৮ সালে চুয়াডাঙ্গার দর্শনায় প্রতিষ্ঠিত হয় কেরু অ্যান্ড কোম্পানি। ১৬৬ একর জমির ওপর গড়ে ওঠা এ প্রতিষ্ঠানে চিনি কল ও ডিস্টিলারির পাশাপাশি রয়েছে আবাসিক ভবন, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল এবং কৃষি ও পরীক্ষামূলক খামার। আখ থেকে চিনি উৎপাদনের পাশাপাশি উপজাত মোলাসেস ব্যবহার করে অ্যালকোহল তৈরি করে প্রতিষ্ঠানটি।

