Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগে বাংলাদেশের বাণিজ্য ব্যয়ের উপর প্রভাব
    বাণিজ্য

    জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগে বাংলাদেশের বাণিজ্য ব্যয়ের উপর প্রভাব

    নিউজ ডেস্কনভেম্বর 22, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আমরা প্রায়ই জলবায়ু পরিবর্তনের কারণে বন্যা, অতিবৃষ্টি কিংবা ঘূর্ণিঝড় হলে মানুষের দুর্ভোগ, ফসলের ক্ষতি আর ঘরবাড়ি হারানোর ঘটনা শুনে থাকি। কিন্তু এসব দুর্যোগের আরেকটি প্রভাব অনেক সময় আড়ালেই থেকে যায়। তা হলো দেশের আমদানি-রপ্তানি ও ব্যবসা-বাণিজ্যের বাড়তি খরচ। প্রকৃতির ধাক্কা তখন শুধু জনজীবনেই লাগে না, আঘাত করে অর্থনীতির সরবরাহব্যবস্থাতেও।

    একটি সড়ক পানিতে ডুবে গেলে কিংবা বন্দর অচল হয়ে পড়লে থেমে যায় পণ্য পরিবহনের চাকা। কারখানায় কাঁচামাল পৌঁছাতে দেরি হয়, রপ্তানির পণ্য আটকে থাকে। অন্যদিকে ব্যবসায়ীদের গুনতে হয় বাড়তি পরিবহন, গুদাম ও বন্দরের মাশুল। অর্থাৎ একটি দুর্যোগের ঢেউ ছড়িয়ে পড়ে উৎপাদন থেকে শুরু করে আন্তর্জাতিক বাণিজ্য পর্যন্ত।

    জলবায়ু সহনশীল অবকাঠামো গড়ে তুলতে পারলে দুর্যোগের পর বাণিজ্য ব্যয় বৃদ্ধি ১ দশমিক ৬ থেকে ১ দশমিক ৮ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব।

    দুর্যোগ ঠেকানো আমাদের হাতে নেই কিন্তু তার ক্ষতি কমানোর সুযোগ রয়েছে। সড়ক, বন্দর ও অন্যান্য অবকাঠামো আগাম প্রস্তুত রাখা গেলে অর্থনীতির ওপর চাপ অনেকটাই সামাল দেওয়া সম্ভব।

    বাংলাদেশে এল নিনোর প্রভাব

    প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে সাগরের পৃষ্ঠদেশের পানির অস্বাভাবিক উষ্ণতার ফলে সৃষ্ট জলবায়ু প্রবণতা ‘এল নিনো’র প্রভাবে ২০২৩ সালের শেষ ও ২০২৪ সালের শুরুর দিকে বাংলাদেশে আবহাওয়ায় অস্বাভাবিকতা দেখা দেয়। শীতকালে বৃষ্টি ও দীর্ঘস্থায়ী শৈত্যপ্রবাহের নানা বড় ধরনের বিপর্যয় ঘটে।

    দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদনে দেখা যায়, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) জ্যেষ্ঠ বিজ্ঞানী ও কৃষি-জলবায়ু বিশেষজ্ঞ মোহাম্মদ কামরুজ্জামান মিলন বলেন এল নিনোর প্রভাবে ২০২৪ সালে দেশের গড় তাপমাত্রা ১.৫৭ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। তিনি বলেন, “এই সবকিছুই আসলে তাপমাত্রা বৃদ্ধির এবং জলবায়ু পরিবর্তনেরই প্রতিফলন।”

    তিনি বলেন, “যথাযথ বিনিয়োগ ও দক্ষ গবেষক নিয়োগ না দিলে বাংলাদেশকে সামনের দিনে ভয়াবহ পরিস্থিতির মুখে পড়তে হবে।”

    একটি বন্দরের ওপর বড় নির্ভরতা

    বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের প্রায় ৯০ শতাংশ চট্টগ্রাম বন্দর দিয়ে পরিচালিত হয়। ফলে এই বন্দরের কার্যক্রমে বিঘ্ন ঘটলে তার প্রভাব ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে। চট্টগ্রাম বন্দরের সঙ্গে দেশের অর্থনীতির সংযোগ অনেকটা প্রধান ধমনির মতো। এখানে সমস্যা তৈরি হলে তার প্রভাব পড়ে অন্য খাতেও।

    গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার ও আশুলিয়ার কারখানাগুলোতে কাঁচামাল পৌঁছাতে দেরি হয়। একইভাবে রপ্তানির পণ্য বন্দরে আটকে থাকলে নির্ধারিত সময়ে জাহাজে তোলা কঠিন হয়ে পড়ে। এতে বিদেশি ক্রেতার সঙ্গে চুক্তি অনুযায়ী পণ্য সরবরাহ ব্যাহত হয়। বাড়ে পরিবহন ও সংরক্ষণের খরচ।

    এর বাস্তব উদাহরণ দেখা যায় চলতি বছরের জুলাইয়ে চট্টগ্রামে অতিবৃষ্টির পর। ৪২ বছরের মধ্যে এক দিনে সর্বোচ্চ বৃষ্টিপাতের পর বন্দর এলাকায় পণ্য ওঠানো-নামানোর কাজ ব্যাহত হয়।

    দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদন অনুযায়ী, স্বাভাবিক সময়ে চট্টগ্রাম বন্দর থেকে দিনে সাড়ে ৩ হাজারের বেশি টিইইউ কনটেইনার খালাস হলেও জলাবদ্ধতার কারণে তা কমে প্রায় ২ হাজার ৪০০তে নেমে আসে। বন্দরমুখী সড়কে পানি জমে থাকায় ট্রাক চলাচল বাধাগ্রস্ত হয়।

    এর খেসারত দিতে হয় ব্যবসায়ীদের। পণ্য আটকে থাকায় ডেমারেজ, ডিটেনশন, বন্দর ও গুদামভাড়ার মতো বাড়তি মাশুল দিতে হয়। বাড়ে জাহাজ পরিবহন খরচও। অর্থাৎ এক দিনের অতিবৃষ্টি শুধু এক দিনের কাজ থামিয়ে রাখে না; এর রেশ ব্যবসায়ীদের বহন করতে হয় পরবর্তী কয়েক দিন, কখনো তারও বেশি সময়।

    দুর্যোগের সঙ্গে বাড়ে খরচের পাল্লা

    বাণিজ্য ব্যয় বলতে শুধু আমদানি শুল্ক বা পরিবহন ভাড়া বোঝায় না। পণ্য সময়মতো পৌঁছাতে না পারার কারণে যে অতিরিক্ত খরচ তৈরি হয়, সেটিও এর অংশ।

    যেমন, জাহাজ বন্দরের বাইরে অপেক্ষা করলে, ট্রাক সড়কে আটকে থাকলে কিংবা নির্ধারিত জাহাজ ধরতে না পারলে ব্যবসায়ীদের নতুন করে পরিবহনের ব্যবস্থা করতে হয়। প্রতিটি বিলম্বের সঙ্গে যুক্ত হয় নতুন খরচ। সময়মতো পণ্য সরবরাহ করতে না পারলে বিদেশি ক্রেতার আস্থাতেও চিড় ধরতে পারে।

    সমস্যা আরও বাড়ে বিকল্প যোগাযোগব্যবস্থা না থাকলে। একটি সড়ক বা রেলপথ বন্ধ হলে পুরো সরবরাহব্যবস্থাই চাপে পড়ে। ২০২৪ সালের বন্যায় ফেনী-কুমিল্লা অঞ্চলে সড়ক ও রেল যোগাযোগ বন্ধ হয়ে চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনাও এই দুর্বলতা সামনে এনেছিল।

    এর সঙ্গে বন্দরে আগে থেকেই জমে থাকা কনটেইনারের চাপ যুক্ত হলে পরিস্থিতি আরও জটিল হয়। অর্থাৎ একদিকে দুর্যোগের ধাক্কা অন্যদিকে দুর্বল অবকাঠামো মিলে বড় সংকটে রূপ নিতে পারে।

    কৃষি ক্ষতিগ্রস্ত হলে চাপ পড়ে বাণিজ্যেও

    জলবায়ু দুর্যোগের প্রভাব শুধু বন্দর বা সড়কে সীমাবদ্ধ থাকে না। কৃষি উৎপাদন ক্ষতিগ্রস্ত হলে খাদ্যপণ্য আমদানির প্রয়োজন বাড়তে পারে। এতে একদিকে কৃষকের আয় কমে, অন্যদিকে আমদানির ওপর নির্ভরতা বাড়ে।

    গবেষণায় উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের আগস্ট ও সেপ্টেম্বরে পরপর দুই দফা বন্যায় চালের উৎপাদনে প্রায় ১১ লাখ টন ঘাটতি হয়। একই বছরের সেপ্টেম্বরে চালের দাম আগের বছরের একই সময়ের তুলনায় ১০ শতাংশ বেড়েছিল।

    দেশীয় উৎপাদন কমে গেলে আমদানির প্রয়োজন বাড়ে। কিন্তু সেই আমদানি পণ্যও যখন একই বন্দর ও যোগাযোগব্যবস্থার ওপর নির্ভরশীল থাকে, তখন সংকট যেন এক জায়গায় থেমে থাকে না। কৃষি থেকে শুরু করে পরিবহন, আমদানি ও বাজার-সবখানেই তার প্রভাব পড়ে।

    সহনশীল অবকাঠামোয় বিনিয়োগ কি সত্যিই লাভজনক?

    বোস্টন বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল ডেভেলপমেন্ট পলিসি সেন্টারের টাস্ক ফোর্সের জন্য ফাহমিদা খাতুন, আফরিন মাহবুব ও অনিন্দিতা ইসলামের একটি গবেষণাপত্র বলছে, দুর্যোগ সহনশীল অবকাঠামোয় বিনিয়োগ করলে ভালো লাভের সম্ভাবনা আছে। বে টার্মিনাল প্রকল্পের ওপর করা হিসাবে দেখা গেছে, প্রতি এক টাকা খরচ করলে ফেরত আসতে পারে ২.৭৬ থেকে ১৭.৬৭ টাকা পর্যন্ত।

    একই গবেষণায় আরেকটি তথ্যও পাওয়া গেছে। জলবায়ু সহনশীলতা থাকলে দুর্যোগের পর বাণিজ্য খরচ যতটা বাড়ার কথা, তা ১.৬ থেকে ১.৮ শতাংশ কম বাড়ে। সংখ্যাটি ছোট মনে হলেও দেশের বিশাল আমদানি-রপ্তানির হিসাবে এর অঙ্ক কম নয়। বিশেষ করে যে দেশের প্রায় ৯০ শতাংশ আন্তর্জাতিক বাণিজ্য একটিমাত্র বন্দর, চট্টগ্রাম বন্দর দিয়ে হয়, সেখানে প্রতিটি বিঘ্নের দাম অনেক বেশি।

    এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) একটি গবেষণায় দেখা যায়, বন্দরের কাজ বিঘ্নিত হওয়ায় এশিয়া-প্রশান্ত অঞ্চলে প্রতিবছর ৪০ থেকে ৪৫ বিলিয়ন ডলারের বাণিজ্য ঝুঁকিতে পড়ে। চট্টগ্রাম ও মোংলাকেও তারা গুরুতর ঝুঁকিপূর্ণ বন্দর হিসেবে চিহ্নিত করেছে। সহনশীলতায় বিনিয়োগের প্রতিদান খরচের তুলনায় সর্বোচ্চ ২০ গুণ হতে পারে।

    জলবায়ু সহনশীলতা বন্ড, সরকারি-বেসরকারি মিশ্র অর্থায়ন ও কার্বন বাজারের মতো বিকল্প উৎস থেকে এই খাতে বিনিয়োগ সম্ভব। এর সঙ্গে অর্থ মন্ত্রণালয়, উন্নয়ন ব্যাংক ও বেসরকারি খাতের মধ্যে ভালো সমন্বয়ও দরকার।

     তার সাথে সাথে বন্দরে আটকে থাকা পণ্যের জট কমানো, বিকল্প সড়ক-রেলপথ তৈরি এবং ব্যবস্থাপনা ভালো করাও জরুরি। না হলে বিনিয়োগের পুরো সুফল পাওয়া কঠিন হবে।

    এলডিসি উত্তরণে বাড়তি চ্যালেঞ্জ

    বাংলাদেশের জন্য বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতির কারণে। জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশের উত্তরণের নতুন সময়সীমা ২০২৯ সালের ২৪ নভেম্বর।

    বর্তমানে দেশের প্রায় ৭৩ শতাংশ রপ্তানি ৩৮টি বাজারে শুল্কমুক্ত সুবিধা পায়। উত্তরণের পর এসব সুবিধার কিছু হারানোর ঝুঁকি রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের জিএসপি প্লাস সুবিধা পাওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় শর্ত পূরণ করতে না পারলে পোশাক রপ্তানিতে প্রায় ১২ শতাংশ শুল্কের মুখে পড়তে হবে।

    তখন আন্তর্জাতিক বাজারে টিকে থাকতে শুধু পণ্যের মান ভালো হলেই চলবে না, উৎপাদন ও পরিবহন ব্যয়ও নিয়ন্ত্রণে রাখতে হবে। শুল্কের বাড়তি চাপের সঙ্গে যদি জলবায়ু দুর্যোগে পরিবহন ব্যয় যুক্ত হয়, তাহলে বাংলাদেশের রপ্তানিকারকদের প্রতিযোগিতায় টিকে থাকা আরও কঠিন হয়ে উঠতে পারে।

    বিদেশি বিনিয়োগকারীরাও এখন কোনো দেশে বিনিয়োগের আগে শুধু শ্রমমূল্য বা উৎপাদন খরচ দেখেন না তার সাথে সাথে পণ্য পরিবহন কতটা নির্ভরযোগ্য, বন্দর কতটা সচল থাকে এবং দুর্যোগের সময় সরবরাহব্যবস্থা কতটা কার্যকর থাকে, সেগুলোও বিবেচনায় নেন। ফলে প্রতি বছর বৃষ্টি বা বন্যায় বন্দর ও সড়ক যোগাযোগ ব্যাহত হলে বাংলাদেশের বিনিয়োগ আকর্ষণের সক্ষমতাও প্রশ্নের মুখে পড়তে পারে।

    শুধু অবকাঠামো নির্মাণ নয়, সচল রাখাও জরুরি

    এ পরিস্থিতিতে শুধু নতুন বন্দর বা সড়ক নির্মাণ করলেই সমস্যার সমাধান হবে না। বিদ্যমান অবকাঠামোকে বন্যা, অতিবৃষ্টি ও ঘূর্ণিঝড়ের ঝুঁকি মোকাবিলার উপযোগী করতে হবে। বন্দরমুখী সড়কের বিকল্প ব্যবস্থা, জলাবদ্ধতা নিরসন এবং পণ্য খালাসে দীর্ঘদিনের জট কমানো জরুরি।

    একই সঙ্গে দুর্যোগের সময় অতিরিক্ত মাশুল আদায়ের নীতিমালা স্পষ্ট করতে হবে। পাশাপাশি ডেল্টা প্ল্যান ২১০০, ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান ও জাতীয় অভিযোজন পরিকল্পনার মধ্যে সমন্বয় করে বিনিয়োগের অগ্রাধিকার নির্ধারণ করতে হবে।

    সব মিলিয়ে জলবায়ু পরিবর্তন এখন বাংলাদেশের জন্য শুধু পরিবেশগত বা কৃষিসংক্রান্ত চ্যালেঞ্জ নয়; এটি আন্তর্জাতিক বাণিজ্যে টিকে থাকার সক্ষমতার সঙ্গেও জড়িত। এলডিসি উত্তরণের পর শুল্কসুবিধা কমে যাওয়ার আশঙ্কার মধ্যে উৎপাদন ও পরিবহন ব্যয় নিয়ন্ত্রণ আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

    তাই প্রশ্ন শুধু কত নতুন সড়ক, বন্দর বা টার্মিনাল তৈরি হচ্ছে, তা নয়; দুর্যোগের সময় সেগুলো কতটা সচল থাকছে, সেটিও দেখতে হবে। কারণ অর্থনীতির চাকা সচল রাখতে শুধু অবকাঠামো নির্মাণ যথেষ্ট নয়, প্রকৃতির প্রতিকূলতার মধ্যেও সেই চাকা ঘুরিয়ে রাখার সক্ষমতা তৈরি করাই এখন বড় চ্যালেঞ্জ।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    গভর্নর নিয়োগে রাজনৈতিক পরিচয় নয়, দক্ষতাকেই গুরুত্ব দেওয়ার তাগিদ আহসান এইচ মনসুরের

    নভেম্বর 22, 2026
    আইন আদালত

    ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশ রক্ষার দায়িত্ব কার?

    নভেম্বর 22, 2026
    পুঁজিবাজার

    টি+১ ব্যবস্থায় দ্রুত নিষ্পত্তির আশা, বাড়তে পারে পুঁজিবাজারের লেনদেন

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.