দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজারে পণ্য সরবরাহের জন্য বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারক প্রতিষ্ঠান হায়ার বাংলাদেশ লিমিটেড। এ লক্ষ্য সামনে রেখে দেশে বিনিয়োগ ও উৎপাদন সক্ষমতা বাড়ানো, স্থানীয়ভাবে যন্ত্রাংশ তৈরি এবং আমদানিনির্ভরতা কমানোর পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।
সম্প্রতি রাজধানীর গুলশানে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব পরিকল্পনার কথা জানান হায়ার বাংলাদেশের কর্মকর্তারা। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে নতুন বিনিয়োগের মাধ্যমে স্থানীয় উৎপাদন ও সরবরাহব্যবস্থা আরও সম্প্রসারণ করতে চায় তারা। তবে এ বিনিয়োগের পরিমাণ বা বাস্তবায়নের নির্দিষ্ট সময়সীমা এখনো জানানো হয়নি।
২০২০ সালের ডিসেম্বরে বাংলাদেশে বাণিজ্যিক কার্যক্রম শুরু করে হায়ার। বর্তমানে গাজীপুরে নিজস্ব কারখানায় এয়ারকন্ডিশনার, ওয়াশিং মেশিন ও টেলিভিশন তৈরি করছে প্রতিষ্ঠানটি। চুক্তিভিত্তিক ব্যবস্থায় উৎপাদন হচ্ছে রেফ্রিজারেটর ও ফ্রিজারও। পাশাপাশি এয়ারকন্ডিশনারের কনডেনসার, ইভ্যাপোরেটর, টিউব এবং ভেতরের ও বাইরের কাঠামোর মতো গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ স্থানীয়ভাবে তৈরি করছে তারা।
হায়ার বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা ফ্যান জিং বলেন, আধুনিক প্রযুক্তি ও নতুন উদ্ভাবন দেশের প্রতিটি পরিবারের কাছে পৌঁছে দেওয়াই তাঁদের লক্ষ্য। উন্নত গৃহস্থালি প্রযুক্তি ও স্মার্ট সমাধানের মাধ্যমে মানুষের দৈনন্দিন জীবন আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে কাজ করছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির বিক্রয় ও বিপণন পরিচালক আশরাফুল আলম বলেন, শুধু পণ্য বিক্রি নয়, গ্রাহকদের উন্নত সেবা ও সন্তুষ্টিকেও গুরুত্ব দিচ্ছে হায়ার। নতুন প্রযুক্তি ও স্থানীয় উৎপাদন সম্প্রসারণের মাধ্যমে দেশের শিল্প খাতের বিকাশে ভূমিকা রাখতে চায় প্রতিষ্ঠানটি।

