প্রবাসী আয় ও পণ্য রপ্তানির বাইরে বৈদেশিক মুদ্রা আয়ের নতুন উৎস তৈরি এবং আনুষ্ঠানিক ব্যাংকিং চ্যানেলে ডলারের সরবরাহ বাড়াতে একাধিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফ্রিল্যান্সারদের বিদেশি আয়ের অর্থ দেশে আনা, রপ্তানিকারকদের বৈদেশিক মুদ্রা সংরক্ষণের সুযোগ বাড়ানো এবং প্রবাসীদের বিদেশি মুদ্রায় সঞ্চয়ে উৎসাহিত করার পাশাপাশি আমদানি ব্যয়ের ওপর নজরদারিও জোরদার করছে কেন্দ্রীয় ব্যাংক।
এসব উদ্যোগের মধ্যে রয়েছে বৈদেশিক মুদ্রার বিনিময়ে টাকার তারল্য পাওয়ার সুযোগ, বৈধ পথে আসা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রার হিসাবে জমা এবং বড় অঙ্কের আমদানি লেনদেন আগাম পর্যবেক্ষণ। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বাসসকে বলেন, বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়ানো এবং রিজার্ভের অবস্থান শক্তিশালী করতে কেন্দ্রীয় ব্যাংকের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ডিজিটাল সেবা রপ্তানির আয় আনুষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থায় নিয়ে আসাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার ২৪ নভেম্বর দেশের মোট বা গ্রস বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩৪ দশমিক ৩৫ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম৬ পদ্ধতিতে হিসাব করা রিজার্ভের পরিমাণ ছিল ২৯ দশমিক ৫৪ বিলিয়ন ডলার।
ফ্রিল্যান্সার ও ব্যক্তিগত সেবা রপ্তানিকারকদের বিদেশি আয় দেশে আনার প্রক্রিয়া সহজ করতে গত জুলাইয়ে নির্দেশনা জারি করে বাংলাদেশ ব্যাংক। এতে তথ্যপ্রযুক্তি, বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) এবং অনলাইনভিত্তিক পেশাগত সেবা রপ্তানিকারকদের অর্থ গ্রহণের নিয়ম সহজ করা হয়েছে। বিদেশি গ্রাহকের কাছ থেকে পাওয়া অর্থের যথাযথ ডিজিটাল প্রমাণ যাচাই করে অনুমোদিত ডিলার ব্যাংকগুলো সংশ্লিষ্ট ব্যক্তির হিসাবে সমপরিমাণ টাকা জমা দিতে পারবে। পাশাপাশি আইসিটি ও সফটওয়্যারসহ সংশ্লিষ্ট সেবার রপ্তানিকারকেরা নিট আয়ের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত বৈদেশিক মুদ্রায় ইআরকিউ হিসাবে সংরক্ষণ করতে পারবেন।
পণ্য রপ্তানিকারকদের ক্ষেত্রেও বৈদেশিক মুদ্রা ধরে রাখার সুযোগ বাড়ানো হয়েছে। গত জুলাইয়ে উচ্চ আমদানিনির্ভর পণ্য রপ্তানিকারকদের জন্য ইআরকিউ হিসাবে বৈদেশিক মুদ্রা সংরক্ষণের সীমা রপ্তানি আয়ের ৭ দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করে কেন্দ্রীয় ব্যাংক। অন্যদিকে উচ্চ দেশীয় মূল্য সংযোজন রয়েছে এমন পণ্য রপ্তানিকারকেরা নির্ধারিত শর্তে আয়ের ৩০ শতাংশ পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। এ অর্থ দিয়ে অনুমোদিত আমদানি ও অন্যান্য বৈদেশিক ব্যবসায়িক ব্যয় মেটানো সম্ভব হওয়ায় স্থানীয় বাজার থেকে নতুন করে ডলার কেনার প্রয়োজন কমতে পারে।
প্রবাসীদের বৈধ পথে পাঠানো অর্থ দেশে বৈদেশিক মুদ্রা হিসেবে সঞ্চয়ের সুযোগও বাড়ানো হয়েছে। গত ২৩ সেপ্টেম্বরের নির্দেশনায় বিদেশি এক্সচেঞ্জ হাউস ও আন্তর্জাতিক মানি ট্রান্সফার অপারেটরের মাধ্যমে আসা রেমিট্যান্স ব্যক্তিগত বৈদেশিক মুদ্রা (পিএফসি) এবং অনিবাসী বৈদেশিক মুদ্রা আমানত (এনএফসিডি) হিসাবে জমা দেওয়ার অনুমতি দেওয়া হয়। ফলে যোগ্য গ্রাহকেরা দেশে পাঠানো অর্থের একটি অংশ বৈদেশিক মুদ্রায় ব্যাংকে রাখতে পারবেন। এ ক্ষেত্রে গ্রাহক যাচাই ও অর্থপাচার প্রতিরোধসংক্রান্ত নিয়ম মানতে হবে।
এ ছাড়া রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানের স্বল্পমেয়াদি টাকার চাহিদা মেটাতে বৈদেশিক মুদ্রা ও টাকার মধ্যে সোয়াপ সুবিধা সম্প্রসারণ করেছে বাংলাদেশ ব্যাংক। ইপিজেড, বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল, অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কে পরিচালিত প্রতিষ্ঠানগুলোও এখন নিজেদের হিসাবে থাকা দায়মুক্ত বৈদেশিক মুদ্রার বিপরীতে এ সুবিধা নিতে পারবে। এতে রপ্তানিকারকদের ডলার তাৎক্ষণিকভাবে টাকায় রূপান্তর না করেও স্থানীয় খরচ মেটানোর অর্থ পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।
অন্যদিকে, বৈদেশিক মুদ্রার অপ্রয়োজনীয় বহিঃপ্রবাহ ও আমদানি লেনদেনে অনিয়ম ঠেকাতে নজরদারি বাড়ানো হয়েছে। গত আগস্টে জারি করা সমন্বিত নির্দেশনা অনুযায়ী, অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে আমদানি লেনদেনের তথ্য বাংলাদেশ ব্যাংকের অনলাইন ইমপোর্ট মনিটরিং সিস্টেমে জমা দিতে হবে। সরকারি আমদানি ছাড়া তিন মিলিয়ন ডলার বা তার বেশি মূল্যের আমদানির ক্ষেত্রে ঋণপত্র খোলার অন্তত ২৪ ঘণ্টা আগে তথ্য জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।
তবে পিএফসি, এনএফসিডি বা ইআরকিউ হিসাবে জমা থাকা বৈদেশিক মুদ্রা সরাসরি বাংলাদেশ ব্যাংকের সরকারি রিজার্ভের অংশ নয়। এসব উদ্যোগ মূলত ব্যাংকিং ব্যবস্থায় ডলারের প্রাপ্যতা বাড়ানো, বৈধ পথে অর্থ আনা এবং ব্যবসাপ্রতিষ্ঠানের বৈদেশিক লেনদেন সহজ করার সুযোগ তৈরি করে। প্রকৃত রিজার্ভ বৃদ্ধির জন্য রেমিট্যান্স ও রপ্তানি আয় বাড়ানোর পাশাপাশি আমদানি ব্যয় এবং বৈদেশিক দায় পরিশোধের মধ্যে ভারসাম্য বজায় রাখাও জরুরি।
পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এম মাসরুর রিয়াজ মনে করেন, দীর্ঘমেয়াদে বৈদেশিক মুদ্রা আয়ের ভিত্তি শক্তিশালী করতে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ আকর্ষণ, রপ্তানি পণ্য ও বাজারের বহুমুখীকরণ এবং বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে হবে। তাঁর মতে, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে বৈদেশিক মুদ্রা আয়ের উৎস বিস্তৃত হওয়ার পাশাপাশি রিজার্ভের ভিত্তিও আরও টেকসই হবে।

