Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, নভে. 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ১০ লাখ ডলার বিদেশি বিনিয়োগ আনলেই মিলবে ১.২৫ শতাংশ প্রণোদনা, নীতিমালা জারি
    বাণিজ্য

    ১০ লাখ ডলার বিদেশি বিনিয়োগ আনলেই মিলবে ১.২৫ শতাংশ প্রণোদনা, নীতিমালা জারি

    নিউজ ডেস্কনভেম্বর 27, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link
    দেশে বিদেশি বিনিয়োগ বাড়াতে আর্থিক পুরস্কারের ব্যবস্থা চালু করেছে সরকার। এখন থেকে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নতুন প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আনতে কার্যকর ভূমিকা রাখলে বিনিয়োগের মোট অর্থের ১ দশমিক ২৫ শতাংশ প্রণোদনা পেতে পারবেন। তবে এই সুবিধা পাওয়ার জন্য কমপক্ষে ১০ লাখ মার্কিন ডলারের নতুন বিনিয়োগ আনতে হবে।

    গত ২৫ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে ‘প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ প্রণোদনা কর্মসূচি নীতিমালা, ২০২৬’ জারি করা হয়েছে। বিদেশি বিনিয়োগের সম্ভাব্য উৎস চিহ্নিত করা, বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ স্থাপন এবং বাংলাদেশে বিনিয়োগ নিয়ে আসতে ব্যক্তি ও প্রতিষ্ঠানের অংশগ্রহণ বাড়ানোই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

    নতুন নীতিমালা অনুযায়ী, বিদেশি বিনিয়োগ দেশে আনতে ভূমিকা পালনকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বিনিয়োগ সংযোগকারী হিসেবে বিবেচনা করা হবে। কেউ কমপক্ষে ১০ লাখ ডলারের নতুন মূলধনভিত্তিক বিদেশি বিনিয়োগ আনতে পারলে ১২ হাজার ৫০০ ডলার প্রণোদনা পাওয়ার সুযোগ পাবেন।

    তবে আগে থেকে দেশে থাকা বিদেশি বিনিয়োগ এই সুবিধার আওতায় পড়বে না। বিদ্যমান বিনিয়োগকারীর অতিরিক্ত অংশীদারি স্বত্ব কেনা কিংবা চলমান প্রতিষ্ঠানের উৎপাদন সক্ষমতা বাড়ানোর জন্য আনা অর্থের ক্ষেত্রেও প্রণোদনা দেওয়া হবে না। তবে কোনো বিনিয়োগকারী তাঁর বর্তমান ব্যবসার বাইরে সম্পূর্ণ নতুন খাতে অথবা অন্য কোনো প্রতিষ্ঠানে বিনিয়োগ করলে তা প্রণোদনার জন্য বিবেচিত হতে পারে।

    প্রবাসী বাংলাদেশিসহ দেশের সব নাগরিক এই সুবিধার জন্য আবেদন করতে পারবেন। এ ছাড়া বাংলাদেশে নিবন্ধিত শতভাগ বাংলাদেশি মালিকানাধীন অংশীদারি ও সীমিত দায়বদ্ধ প্রতিষ্ঠানও আবেদনের যোগ্য হবে। আবেদনকারীর বৈধ জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট এবং ইলেকট্রনিক করদাতা শনাক্তকরণ নম্বর থাকতে হবে। একই সঙ্গে বিদেশি বিনিয়োগ আনার ক্ষেত্রে তাঁর কার্যকর ভূমিকার যাচাইযোগ্য প্রমাণ দিতে হবে।

    বিনিয়োগ চূড়ান্ত হওয়ার আগেই ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের নির্ধারিত অনলাইন ব্যবস্থায় প্রাক্‌-নিবন্ধন সম্পন্ন করতে হবে। নিবন্ধনের পর আবেদনকারীকে একটি স্বতন্ত্র নিবন্ধন নম্বর দেওয়া হবে। বিনিয়োগের অর্থ দেশে পৌঁছানোর পর ৩০ দিনের মধ্যে প্রণোদনার আবেদন জমা দিতে হবে।

    আবেদনের সঙ্গে নিবন্ধন নম্বর, বিনিয়োগকারীর সঙ্গে যোগাযোগের প্রমাণ, সুপারিশপত্র, হলফনামা, করদাতা শনাক্তকরণ সনদ এবং জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্টের অনুলিপি জমা দিতে হবে। পাশাপাশি ব্যাংকের মাধ্যমে বৈদেশিক মুদ্রা স্থানান্তরের প্রমাণ এবং অনুমোদিত ব্যাংকের অর্থ নগদায়ন সনদও প্রয়োজন হবে। বিনিয়োগ আকর্ষণে আবেদনকারী কী ধরনের ভূমিকা পালন করেছেন, তার বিস্তারিত বিবরণ দিতে হবে।

    আবেদন মূল্যায়নের জন্য মোট ১০০ নম্বরের একটি কাঠামো নির্ধারণ করা হয়েছে। প্রাথমিক যোগ্যতা ও প্রয়োজনীয় দলিলপত্রের জন্য ২৫ নম্বর করে রাখা হয়েছে। বিনিয়োগকারীর সুপারিশের জন্য ২০ নম্বর, বিনিয়োগের পরিমাণ ও প্রভাবের জন্য ২০ নম্বর এবং স্বার্থের সংঘাতমুক্ত থাকার জন্য ১০ নম্বর বরাদ্দ থাকবে। প্রণোদনা পেতে একজন আবেদনকারীকে কমপক্ষে ৭০ শতাংশ নম্বর অর্জন করতে হবে।

    বিনিয়োগের পরিমাণের ভিত্তিতেও নম্বর দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। ১০ থেকে ৫০ লাখ ডলারের বিনিয়োগে ৪ নম্বর, ৫১ লাখ থেকে ১ কোটি ডলারের বিনিয়োগে ৮ নম্বর, ১ কোটি ১ লাখ নয়, বরং ১ কোটি ১০ লাখ ডলার পর্যন্ত ব্যবধানসহ মূল নীতিমালায় উল্লিখিত ১ কোটি ১০ লাখের আগের সীমা অর্থাৎ ১ কোটি ১ লাখ ডলার থেকে ২ কোটি ডলারের বিনিয়োগে ১২ নম্বর এবং ২ কোটি ডলারের বেশি বিনিয়োগে ১৬ নম্বর দেওয়ার বিধান রয়েছে।

    প্রণোদনার সম্পূর্ণ অর্থ একবারে দেওয়া হবে না। আবেদন অনুমোদন এবং বিনিয়োগের অর্থ দেশে আসার বিষয়টি নিশ্চিত হওয়ার পর প্রথম ধাপে মোট প্রণোদনার ৫০ শতাংশ ছাড় করা হবে। অবশিষ্ট ৫০ শতাংশ দেওয়া হবে এক বছর পর। তবে দ্বিতীয় কিস্তির অর্থ পেতে কারখানা স্থাপন, যন্ত্রপাতি আমদানি কিংবা বাণিজ্যিক কার্যক্রম শুরুর ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি দেখাতে হবে। কার্যনির্বাহী কমিটির মূল্যায়নের ভিত্তিতে এই অর্থ ছাড় করা হবে।

    অর্থ পাচার ও প্রণোদনার অপব্যবহার প্রতিরোধে কঠোর যাচাইয়ের বিধান রাখা হয়েছে। নগদ অর্থ কিংবা তৃতীয় পক্ষের মাধ্যমে আসা বিনিয়োগ গ্রহণযোগ্য হবে না। আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে অর্থ স্থানান্তরের তথ্য এবং সংশ্লিষ্ট দেশের অর্থ পাচার প্রতিরোধসংক্রান্ত বিধান অনুসারে অর্থের উৎস যাচাই করা হবে।

    এ ছাড়া যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর এবং বাংলাদেশ ব্যাংকের তথ্যের সঙ্গে বিনিয়োগসংক্রান্ত তথ্য মিলিয়ে দেখা হবে। বিনিয়োগের অর্থ গ্রহণকারী ব্যাংক হিসাবের সুবিধাভোগী ও আবেদনকারীর মধ্যে প্রয়োজনীয় সামঞ্জস্য থাকতে হবে। বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে স্বাধীন তৃতীয় পক্ষের নিরীক্ষাও নিশ্চিত করতে হবে।

    স্বার্থের সংঘাত প্রতিরোধে নীতিমালায় বিশেষ শর্ত যুক্ত করা হয়েছে। বিনিয়োগের আগে দুই বছর এবং পরবর্তী দুই বছর আবেদনকারীর সঙ্গে বিনিয়োগকারী বা বিনিয়োগ গ্রহণকারী প্রতিষ্ঠানের কোনো আনুষ্ঠানিক সম্পর্ক থাকা যাবে না। প্রযুক্তিনির্ভর তথ্য যাচাই ও হলফনামার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হবে। বিনিয়োগের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত কর্মচারী, অংশীদারি স্বত্বের মালিক কিংবা ঘনিষ্ঠ আত্মীয়রা এই প্রণোদনা পাবেন না।

    আবেদন অনুমোদন ও সামগ্রিক কার্যক্রম তদারকির জন্য অর্থমন্ত্রীর নেতৃত্বে জাতীয় পর্যালোচনা কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, অর্থ বিভাগের সচিব এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

    আবেদন যাচাইয়ের জন্য পৃথক কার্যনির্বাহী কমিটিও থাকবে। প্রয়োজনে এই কমিটি বিনিয়োগকারীর সঙ্গে সরাসরি অথবা দূরবর্তী বৈঠকের মাধ্যমে যোগাযোগ করে আবেদনকারীর প্রকৃত ভূমিকা যাচাই করতে পারবে।

    প্রণোদনার অর্থ বিতরণ ও ব্যবস্থাপনার জন্য অর্থ বিভাগের অধীনে পৃথক বিদেশি বিনিয়োগ প্রণোদনা তহবিল গঠনের বিধান রাখা হয়েছে। আগের বছরের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ বিবেচনায় নিয়ে এই তহবিলে অর্থ বরাদ্দ করা হবে। অনুমোদিত ব্যাংকের মাধ্যমে প্রণোদনার অর্থ বিতরণ করা হবে। প্রবাসী বাংলাদেশিরা চাইলে প্রাপ্ত অর্থ দেশের বাইরেও স্থানান্তর করতে পারবেন। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বাংলাদেশ ব্যাংক।

    কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিবছর মোট আবেদন, অনুমোদনের সংখ্যা, বিতরণ করা প্রণোদনার পরিমাণ, বিনিয়োগের খাত এবং প্রকল্পের অগ্রগতির তথ্য প্রকাশ করতে হবে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষকে। পাশাপাশি জাতীয় পর্যালোচনা কমিটি প্রতিবছর নীতিমালাটির কার্যকারিতা পর্যালোচনা করবে।

    এই উদ্যোগের মাধ্যমে বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সাধারণ নাগরিক, প্রবাসী বাংলাদেশি ও দেশীয় ব্যবসাপ্রতিষ্ঠানের অংশগ্রহণ বাড়াতে চায় সরকার।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    বাড়তি আমদানি, কোটি ডলারের চুক্তি; তবুও ১৮ শতাংশ শুল্কের প্রস্তাব

    নভেম্বর 27, 2026
    বাণিজ্য

    সাভারের বন্ধ ট্যানারি চালুতে আর্থিক ও কারিগরি সহায়তা দেবে সরকার

    নভেম্বর 26, 2026
    বাণিজ্য

    দেশ থেকে বিশ্বে: ৬৪ জেলার পণ্যে ২৯ ডিসেম্বর শুরু হচ্ছে তিন দিনের বিসিক শিল্পমেলা

    নভেম্বর 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.