সাভারের চামড়া শিল্পনগরীতে বন্ধ ও রুগ্ন অবস্থায় থাকা ট্যানারিগুলো আবার উৎপাদনে ফেরাতে আর্থিক ও কারিগরি সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। তবে এ সহায়তা পেতে কারখানাগুলোকে পরিবেশগত শর্ত পূরণ করতে হবে। বড় ট্যানারির ক্ষেত্রে নিজস্ব বর্জ্য শোধনাগার স্থাপনের পাশাপাশি আন্তর্জাতিক পরিবেশগত সনদও বাধ্যতামূলক করা হয়েছে।
গত ১১ নভেম্বর রাজধানীতে বাংলাদেশ–নেদারল্যান্ডস সাসটেইনেবল ট্রেড ফোরামের এক অনুষ্ঠানে এ সহায়তার কথা জানান বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, ৫০ হাজার বর্গফুট বা তার বেশি আয়তনের প্রতিটি ট্যানারিতে নিজস্ব তরল বর্জ্য শোধনাগার বা ইটিপি থাকতে হবে। এ ছাড়া সাভারের সব ট্যানারিকে আন্তর্জাতিক লেদার ওয়ার্কিং গ্রুপের (এলডব্লিউজি) সনদ নিতে হবে। পরিবেশগত নিয়ম মানার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। একই অনুষ্ঠানে মন্ত্রী জানান, এসএমই ঋণ পুনঃঅর্থায়ন কর্মসূচির বরাদ্দ ৩০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ২ হাজার কোটি টাকা করা হয়েছে।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) তথ্য অনুযায়ী, সাভার চামড়া শিল্পনগরীতে ১৬২টি ট্যানারির জন্য জায়গা বরাদ্দ রয়েছে। এর মধ্যে ১৪৭টি পূর্ণাঙ্গভাবে চালু, চারটি রুগ্ন এবং ১১টি এখনো বন্ধ রয়েছে। বন্ধ ট্যানারিগুলোর মধ্যে রয়েছে নবীপুর ট্যানারি, দি আর্থ ইন্টারন্যাশনাল ট্যানারি, চৌধুরী লেদার অ্যান্ড কোম্পানি, করিম লেদারস ও হোসেন ব্রাদার্সসহ মোট ১১টি প্রতিষ্ঠান।
তবে এসব কারখানা চালুর পথে বড় বাধা হয়ে আছে শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা সিইটিপির সীমিত সক্ষমতা। দৈনিক ২৫ হাজার ঘনমিটার বর্জ্য শোধনের লক্ষ্যে এটি নির্মাণ করা হলেও বর্তমানে শোধন করা যাচ্ছে ১৪ হাজার থেকে ১৮ হাজার ঘনমিটার। অথচ কোরবানির ঈদ ও চামড়া প্রক্রিয়াজাতকরণের ব্যস্ত সময়ে বর্জ্যের পরিমাণ দৈনিক প্রায় ৪০ হাজার ঘনমিটারে পৌঁছায়। ফলে অপরিশোধিত ও আংশিক শোধিত বর্জ্য ধলেশ্বরী নদী ও আশপাশের পরিবেশে ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হচ্ছে।
সিইটিপির ব্যবস্থাপনা পরিচালক মো. শাহনেওয়াজের মতে, ট্যানারিগুলো যথাযথভাবে বর্জ্যের প্রাথমিক শোধন করলে বর্তমান ব্যবস্থায় দৈনিক সর্বোচ্চ ১৮ হাজার ঘনমিটার বর্জ্য পরিশোধন করা সম্ভব। তবে চামড়া শিল্পের চাহিদা পূরণে সিইটিপির সংস্কার, আধুনিকায়ন ও সক্ষমতা বাড়ানো জরুরি।

