এশিয়া টাইমস
যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) আধিপত্য বিস্তারের লড়াই এবার দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রযুক্তি অবকাঠামোকেই বড় ধরনের সংকটের মুখে ঠেলে দিয়েছে। একদিকে এনভিডিয়ার সার্ভার সরবরাহ বন্ধের খবর, অন্যদিকে এশিয়ার ডেটা সেন্টার প্রকল্পগুলোতে ব্যাংকঋণ স্থগিত- দুইয়ের সম্মিলিত চাপে থমকে যাচ্ছে অঞ্চলটির বহু উচ্চাভিলাষী বিনিয়োগ। যে অবকাঠামোকে ঘিরে মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া নিজেদের বৈশ্বিক এআই কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠার স্বপ্ন দেখছিল, সেই অবকাঠামোর বড় অংশই এখন অসমাপ্ত ও আর্থিকভাবে ঝুঁকিপূর্ণ সম্পদে পরিণত হওয়ার আশঙ্কায় রয়েছে।
নিউইয়র্কের শেয়ারবাজারে এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের প্রত্যাবর্তনকে ঘিরে যখন বিনিয়োগকারীরা প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ নিয়ে আশাবাদী, তখন দক্ষিণ-পূর্ব এশিয়ায় এআই বিপ্লবের বাস্তব অবকাঠামো ও অর্থায়নব্যবস্থা কার্যত স্থবির হয়ে পড়ছে।
বৃহস্পতিবার ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এনভিডিয়া তাদের বড় উৎপাদন ও সরবরাহ সহযোগী প্রতিষ্ঠান ডেল এবং সুপারমাইক্রোকে মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার ক্রেতাদের কাছে সার্ভার সরবরাহ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।
এর আগের দিন বুধবার ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, বৈশ্বিক কয়েকটি ব্যাংক চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান বাইটড্যান্স, আলিবাবা ও টেনসেন্টের সঙ্গে সংশ্লিষ্ট এশিয়ার ডেটা সেন্টার প্রকল্পগুলোতে কয়েক বিলিয়ন ডলারের ঋণ কার্যক্রম স্থগিত করেছে।
দুটি ঘটনা একসঙ্গে দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রযুক্তি বিনিয়োগে এক ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে। অর্থায়নকারী প্রতিষ্ঠানগুলো প্রকল্পের জন্য অর্থ ছাড় বন্ধ করছে, আর প্রযুক্তি সরবরাহকারীরা প্রয়োজনীয় সার্ভার পাঠানো থামিয়ে দিচ্ছে। ফলে অর্থ থাকলেও অবকাঠামো সম্পন্ন করা যাচ্ছে না, আবার অবকাঠামো নির্মাণের কাজ এগোলেও প্রয়োজনীয় প্রযুক্তি পাওয়ার নিশ্চয়তা নেই।
তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এনভিডিয়া, ডেল, সুপারমাইক্রো কিংবা যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তরের শিল্প ও নিরাপত্তাবিষয়ক ব্যুরো (বিআইএস) এখনো প্রকাশ্যে এই সরবরাহ স্থগিতের খবর নিশ্চিত বা বিস্তারিত ব্যাখ্যা করেনি। ফলে বিষয়টি এখনো সংবাদমাধ্যমের প্রতিবেদননির্ভর। তবু যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক প্রযুক্তি নিয়ন্ত্রণ এবং চিপ পাচারবিরোধী অভিযানের প্রেক্ষাপটে এই খবরকে নিছক ব্যবসায়িক সিদ্ধান্ত হিসেবে দেখার সুযোগ কম।
যুক্তরাষ্ট্রের নতুন বিধিতে আটকে যাচ্ছে সার্ভার সরবরাহ
দক্ষিণ-পূর্ব এশিয়ার এআই অবকাঠামো সম্প্রসারণের মূল ভিত্তি ছিল একটি ধারণা – যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রতিযোগিতা থাকলেও অঞ্চলটি নিরপেক্ষ প্রযুক্তি ও কম্পিউটিং কেন্দ্র হিসেবে কাজ করতে পারবে। কুয়ালালামপুর থেকে জাকার্তা পর্যন্ত বিভিন্ন দেশের সরকার জমি, পানি ও বিদ্যুৎ অবকাঠামো উন্নয়নে বিপুল অর্থ বিনিয়োগ করেছে। উদ্দেশ্য ছিল একই সঙ্গে মার্কিন প্রযুক্তি জায়ান্ট এবং চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে আকৃষ্ট করা।
কিন্তু গত ১৯ নভেম্বর যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তরের বিআইএস নতুন অন্তর্বর্তীকালীন বিধি কার্যকর করে এই নিরপেক্ষতার ধারণায় বড় আঘাত হানে। নতুন বিধিতে দূর থেকে ক্লাউড কম্পিউটিং সক্ষমতা ভাড়া নেওয়ার মাধ্যমে প্রযুক্তি নিষেধাজ্ঞা এড়িয়ে যাওয়ার সুযোগ সীমিত করা হয়েছে। পাশাপাশি ১ ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার আগে প্রতিষ্ঠানগুলোকে ৯০ দিনের মধ্যে বিধি মেনে চলার প্রস্তুতি নেওয়ার সময় দেওয়া হয়েছে।
এই বিধির আওতায় মূল ভূখণ্ড চীন বা ম্যাকাওয়ের গ্রাহকদের সেবা দেওয়া ডিজিটালভাবে সংযুক্ত বিভিন্ন ডেটা সেন্টারের সম্মিলিত প্রসেসিং সক্ষমতার ওপর ১২ মাসের একটি সামগ্রিক সীমা আরোপ করা হয়েছে।
ফলে আঞ্চলিক ক্লাউড সেবাদাতাদের এখন গ্রাহকদের পরিচয়, ব্যবসায়িক সম্পর্ক এবং প্রযুক্তি ব্যবহারের উদ্দেশ্য যাচাই করতে হবে। নিষিদ্ধ প্রতিষ্ঠানের সঙ্গে কোনো সম্পর্ক নেই- এমন প্রমাণসহ মার্কিন সরকারের কাছ থেকে প্রয়োজনীয় লাইসেন্স নেওয়ার বাধ্যবাধকতাও তৈরি হয়েছে।
এখানেই বড় সংকট। কারণ, বিআইএস ৯০ দিনের মধ্যে বিধি মেনে চলার নির্দেশ দিলেও কীভাবে লাইসেন্স পাওয়া যাবে, বহুস্তরবিশিষ্ট ক্লাউড গ্রাহকদের কীভাবে যাচাই করতে হবে কিংবা কোন প্রযুক্তিগত তথ্য জমা দিলে মার্কিন কর্তৃপক্ষ সন্তুষ্ট হবে- এসব বিষয়ে শিল্পপ্রতিষ্ঠানগুলো এখনো সুস্পষ্ট নির্দেশনা পাচ্ছে না বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা অভিযোগ করছেন।
তাসমানিয়া বিশ্ববিদ্যালয়ের এশীয় অধ্যয়ন বিভাগের অধ্যাপক এবং আসিয়ানবিষয়ক রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষক জেমস চিন বলেন, ‘বিচার বিভাগ যখন জড়িত, তখন তাদের বাধ্য হয়েই এমনটা করতে হয়।’
এনভিডিয়ার জেনসেন হুয়াংয়ের ওপর যুক্তরাষ্ট্রের রাজনৈতিক নজরদারি বাড়ছে। আগামী ১ ডিসেম্বর কংগ্রেসে তাঁর সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। একই সময়ে মার্কিন কেন্দ্রীয় প্রসিকিউটররা চিপ পাচার ও প্রযুক্তি সরিয়ে নেওয়ার নেটওয়ার্কগুলোর বিরুদ্ধে সক্রিয় রয়েছেন। ফলে সার্ভার নির্মাতারা শুধু ব্যবসায়িক ক্ষতির ঝুঁকি নয়, ফৌজদারি মামলা এবং যুক্তরাষ্ট্রের বাইরেও কার্যকর হতে পারে এমন আইনি ব্যবস্থার ঝুঁকি বিবেচনা করছেন।
এই পরিস্থিতিতে নিয়মের সীমা পরীক্ষা করার পরিবর্তে সরবরাহকারীরা আপাতত সার্ভার পাঠানো বন্ধ রাখাকেই নিরাপদ মনে করছেন।
৪৯ বিলিয়ন ডলারের ঋণবাজারে বাড়ছে আতঙ্ক
প্রযুক্তি সরবরাহ বন্ধ হওয়ার খবরের পাশাপাশি ডেটা সেন্টার প্রকল্পগুলোর অর্থায়ন স্থগিত হওয়ায় সংকট আরও গভীর হয়েছে। এশিয়ার প্রায় ৪৯ বিলিয়ন ডলারের এআই ঋণবাজারে এরই মধ্যে দীর্ঘমেয়াদি লোকসানের আশঙ্কা তৈরি হয়েছে।
মালয়েশিয়ায় বেইন ক্যাপিটালের ব্রিজ ডেটা সেন্টারসের জন্য প্রস্তাবিত ৬ দশমিক ৬ বিলিয়ন ডলারের বর্ধিত ঋণ প্যাকেজ স্থগিত করেছে ঋণদাতারা। অন্যদিকে থাইল্যান্ডে জিএমআই ক্লাউডের জন্য ৩০০ মিলিয়ন ডলারের অর্থায়ন থেকে সরে এসেছে বেসরকারি ঋণ তহবিলগুলো।
একই সময়ে বাইটড্যান্স-সমর্থিত ডেওয়ান ডেটা সেন্টারস তাদের যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে তালিকাভুক্তির পরিকল্পনা স্থগিত করেছে। অন্যদিকে ব্ল্যাকরকের নেতৃত্বাধীন একটি বিনিয়োগকারী জোট আঞ্চলিক ডেটা সেন্টার সম্পদের জন্য আগের তুলনায় কম দামে প্রস্তাব দেওয়ার বিষয়টি বিবেচনা করছে।
সমস্যা হলো, লাইসেন্স পাওয়ার নিশ্চয়তা না থাকলে চীনা বড় গ্রাহকদের ওপর নির্ভরশীল ডেটা সেন্টারগুলোর ঋণ কিনতে দ্বিতীয় পর্যায়ের বিনিয়োগকারীরাও আগ্রহ দেখাচ্ছেন না। ফলে প্রকল্পগুলোর অর্থায়ন শুধু নতুন করে বন্ধ হচ্ছে না, ইতিমধ্যে নেওয়া ঋণ ও সম্পদের মূল্য নিয়েও অনিশ্চয়তা তৈরি হচ্ছে।
অসমাপ্ত অবকাঠামো পরিণত হতে পারে লোকসানের বোঝায়
ডেটা সেন্টার নির্মাণ সাধারণ কোনো আবাসিক বা বাণিজ্যিক প্রকল্পের মতো নয়। এসব স্থাপনার জন্য বিপুল বিদ্যুৎ, পানি, উন্নত শীতলীকরণ ব্যবস্থা এবং বিশেষায়িত সার্ভার প্রয়োজন। একবার জমি, বিদ্যুৎ সংযোগ ও পানি ব্যবহারের অনুমোদন নিয়ে নির্মাণ শুরু হলে প্রকল্প বন্ধ রাখার খরচও দ্রুত বাড়তে থাকে।
মালয়েশিয়ার জোহর এবং থাইল্যান্ডের বিদ্যুৎ নিয়ন্ত্রক সংস্থাগুলো ইতিমধ্যে ডেটা সেন্টার প্রকল্পগুলোর বিপুল বিদ্যুৎ ও পানির চাহিদা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
এখন যেসব প্রকল্পের জন্য বিদ্যুৎ গ্রিডের সক্ষমতা ও পানির বরাদ্দ নিশ্চিত করা হয়েছে, কিন্তু প্রয়োজনীয় সার্ভার সংগ্রহ করা যাচ্ছে না, সেগুলো নতুন বিপদের মুখে পড়েছে। অর্ধনির্মিত এসব স্থাপনার জন্য ঋণের সুদ, নির্মাণ ব্যয়, চুক্তিগত জরিমানা এবং রক্ষণাবেক্ষণ খরচ বহন করতে হবে। একই সঙ্গে স্থানীয় নিয়ন্ত্রক সংস্থাগুলো নতুন করে অনুমোদনের শর্ত পরিবর্তন করতে পারে।
এর ফলে কিছু প্রকল্প একীভূত হয়ে যেতে পারে, আবার কিছু প্রকল্প পুরোপুরি বন্ধও হয়ে যেতে পারে।
আরও বড় সমস্যা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রের নতুন বিধিতে বৈষম্যমূলক ছাড়ের কারণে। যুক্তরাষ্ট্রে সদর দপ্তর থাকা প্রতিষ্ঠানগুলোর শেষ ব্যবহারকারীদের ক্ষেত্রে বিধিতে ছাড় রাখা হয়েছে। ফলে সিঙ্গাপুর ও জোহরে কার্যক্রম পরিচালনাকারী মার্কিন প্রযুক্তি জায়ান্টগুলো তুলনামূলক সুবিধা পেতে পারে। অন্যদিকে স্থানীয় দক্ষিণ-পূর্ব এশীয় ক্লাউড সেবাদাতাদের কঠোর গ্রাহক যাচাই বা কেওয়াইসি এবং লাইসেন্সসংক্রান্ত জটিলতার মুখে পড়তে হচ্ছে।
অর্থাৎ যে নীতিকে যুক্তরাষ্ট্র প্রযুক্তি নিরাপত্তা ও নিষেধাজ্ঞা কার্যকরের পদক্ষেপ হিসেবে দেখছে, তা বাস্তবে স্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর প্রতিযোগিতার সক্ষমতা দুর্বল করে মার্কিন জায়ান্টদের সুবিধা দিতে পারে।
ওয়াশিংটন ও বেইজিংয়ের মাঝখানে আটকে আসিয়ান
সংকটের সময়টিও দক্ষিণ-পূর্ব এশিয়ার জন্য অত্যন্ত স্পর্শকাতর। কারণ, অঞ্চলটির দেশগুলো বেইজিংয়ের সঙ্গে বাণিজ্য ও ডিজিটাল সহযোগিতা আরও গভীর করার প্রস্তুতি নিচ্ছে। চীন-আসিয়ান মুক্তবাণিজ্য এলাকার উন্নীত সংস্করণ সিএএফটিএ ৩.০-এর আওতায় এই সহযোগিতা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
ফলে আসিয়ান দেশগুলো একই সঙ্গে দুই বিপরীত চাপের মুখে পড়েছে। একদিকে ওয়াশিংটন তাদের ভূখণ্ডে ব্যবহৃত প্রযুক্তি ও সার্ভারের ওপর বহির্দেশীয় নিয়ন্ত্রণ আরোপ করছে। অন্যদিকে বেইজিং চায়, চীনা প্রতিষ্ঠানগুলো যেন বৈষম্যহীনভাবে আঞ্চলিক ডিজিটাল বাণিজ্য ও কম্পিউটিং সেবা ব্যবহারের সুযোগ পায়।
এ অবস্থায় আঞ্চলিক সরকারগুলোর হাতে কূটনৈতিক দর-কষাকষির সুযোগও সীমিত। কারণ, বিআইএসের লাইসেন্সসংক্রান্ত সময়সীমা কিংবা যুক্তরাষ্ট্রের রপ্তানি নিয়ন্ত্রণনীতি পরিবর্তনের ক্ষমতা তাদের নেই।
এত দিন দক্ষিণ-পূর্ব এশিয়ার নীতিনির্ধারকেরা মনে করেছিলেন, জাপানের সঙ্গে শিল্প সহযোগিতা বাড়ানো কিংবা আঞ্চলিক চিপ প্যাকেজিং কেন্দ্র গড়ে তোলার মাধ্যমে যুক্তরাষ্ট্র-চীন প্রযুক্তিযুদ্ধের প্রভাব কমানো সম্ভব হবে। কিন্তু এনভিডিয়ার সার্ভার সরবরাহ স্থগিতের খবর দেখিয়ে দিয়েছে, শুধু সরবরাহ শৃঙ্খল বৈচিত্র্যময় করলেই এই ঝুঁকি এড়ানো যাবে না।
ওয়াশিংটনকে এখন আর দক্ষিণ-পূর্ব এশিয়ার কোনো প্রতিষ্ঠানকে সরাসরি নিষেধাজ্ঞা দিতে হচ্ছে না। সিলিকন ভ্যালির প্রযুক্তি সরবরাহকারীদের কমপ্লায়েন্স বিভাগ এবং ওয়াল স্ট্রিটের ঋণদাতাদের সিদ্ধান্তের ওপর প্রভাব বিস্তার করেই অঞ্চলটির ডিজিটাল উন্নয়নের গতি নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে।
সবশেষে এই সংকট উদীয়মান অর্থনীতিগুলোর অবকাঠামো বিনিয়োগের একটি মৌলিক দুর্বলতা সামনে এনেছে। এত দিন সরকার ও বিনিয়োগকারীরা ধরে নিয়েছিলেন, পর্যাপ্ত জমি, নবায়নযোগ্য বিদ্যুৎ এবং পানির অধিকার নিশ্চিত করতে পারলেই ডেটা সেন্টার প্রকল্প লাভজনক হবে। উন্নত চিপ ও সার্ভার যে সব সময় সর্বোচ্চ দাম দেওয়া ক্রেতার কাছে পৌঁছাবে, সেই ধারণার ওপরই দাঁড়িয়েছিল বিপুল বিনিয়োগ।
কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার ভূরাজনীতিতে প্রযুক্তি সরবরাহ এখন আর নিছক বাজারের চাহিদা ও দামের ওপর নির্ভর করছে না। রাষ্ট্রীয় নিরাপত্তা, রপ্তানি নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক ক্ষমতার দ্বন্দ্বই নির্ধারণ করছে কে প্রযুক্তি পাবে আর কে পাবে না।
বিআইএস লাইসেন্সের ৯০ দিনের প্রক্রিয়া শেষ হওয়ার আগে স্থানীয় প্রতিষ্ঠানগুলো আইনগতভাবে কীভাবে টিকে থাকতে পারবে, সে বিষয়ে স্পষ্ট নির্দেশনা না এলে দক্ষিণ-পূর্ব এশিয়ার এআই অবকাঠামো সম্প্রসারণ আরও দীর্ঘ সময়ের জন্য থমকে যেতে পারে। কোটি কোটি বর্গফুট কংক্রিটের ভবন, তামার তার, বিদ্যুৎ সংযোগ ও শীতলীকরণ টাওয়ার তখন উৎপাদনশীল সম্পদ না হয়ে বিনিয়োগকারীদের জন্য আটকে পড়া সম্পদে পরিণত হবে।
কৃত্রিম বুদ্ধিমত্তার বিশ্বে সার্বভৌমত্বের দাবি যতই জোরালো হোক, শেষ পর্যন্ত সার্ভার র্যাক ও উন্নত চিপের সরবরাহ নিয়ন্ত্রণ যার হাতে, প্রযুক্তিগত স্বাধীনতার সীমাও নির্ধারণ করছে সেই শক্তিই।

