বাজারে বৈধ মোবাইল ফোনের দাম নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। পাশাপাশি মোবাইল ও সিম রেজিস্ট্রেশন প্রক্রিয়াকে আরও সহজ ও ব্যবহার–বান্ধব করতে কাজ চলছে বলেও তিনি জানান।
বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব তথ্য প্রকাশ করেন। সেখানে তিনি অবৈধ ফোনকে কেন্দ্র করে যেসব অপরাধ ঘটে—তাও তুলে ধরেন।
ফয়েজ তৈয়্যব লিখেছেন, অবৈধ ফোনের সঙ্গে জড়িয়ে থাকে সিমের ভুল রেজিস্ট্রেশন, স্ক্যামিং, অনলাইন জুয়া, এমএলএম প্রতারণার জন্য বাল্ক এসএমএস পাঠানো, ভুল এমএফএস রেজিস্ট্রেশন, ক্লোন ফোন ব্যবহার, ডিভাইসের প্যাটেন্ট ও রয়্যালটি ফাঁকি, কর-শুল্ক এড়ানোসহ নানা ধরনের অপরাধ। ভারত ও চীন থেকে আনবক্সড মোবাইল ফোন চোরাচালান, লাগেজ পার্টি ও সীমান্তপথে অবৈধ আমদানিও এতে যুক্ত আছে। এমনকি চুরি হওয়া বা হারানো ফোন উদ্ধারেও জটিলতা তৈরি হয়।
তিনি আরও জানান, এই সমস্যার সঙ্গে নাগরিক নিরাপত্তা থেকে শুরু করে ব্যাংকিং খাত, মোবাইল ফাইন্যান্সিং, আইনশৃঙ্খলা বাহিনী, এনবিআর—সবার স্বার্থ জড়িত। তাই যোগাযোগ, ইন্টারনেট ও মোবাইল ব্যাংকিং খাতে শৃঙ্খলা বজায় রাখতে বৈধ পদ্ধতি ছাড়া বাজারে মোবাইল ফোন প্রবেশের সুযোগ আর রাখা হবে না। তার ভাষায়, “কর না দিয়ে কেউ যেন আগেভাগেই লাখ লাখ অবৈধ ফোন ঢুকিয়ে বাজার নষ্ট করতে না পারে—এখন সেটাই আমাদের মূল লক্ষ্য।”

