বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে এ সময় দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক রয়েছে।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামসুর রহমান জানান, বড়দিন উপলক্ষে ভারতের পেট্রাপোল বন্দরের কর্তৃপক্ষ সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। এই ছুটি শেষে শনিবার (২৭ ডিসেম্বর) সকাল থেকে পুনরায় দুই দেশের মধ্যে বাণিজ্য কার্যক্রম শুরু হবে।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, ছুটির কারণে বৃহস্পতিবার কোনো পণ্য আমদানি বা রফতানি হয়নি। তবে ভারত থেকে আসা খালি ট্রাকগুলো ফেরত পাঠানোর জন্য চেকপোস্টের কার্গো শাখা খোলা রাখা হয়েছে। তিনি জানান, পণ্য পরিবহন বন্ধ থাকলেও যাত্রী চলাচলে কোনো বাধা নেই।
সংশ্লিষ্টরা জানান, দেশের অর্থনীতিতে বেনাপোল বন্দরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের সঙ্গে বাংলাদেশের আমদানির প্রায় ৮০ শতাংশ পণ্য এই বন্দর দিয়েই আসে। ফলে আমদানি-রফতানি বন্ধ থাকলে শিল্পকারখানা, গার্মেন্টস খাত এবং বাজারে সরাসরি প্রভাব পড়ে। এ সময় দুই দেশের বন্দরে শত শত ট্রাক পণ্য নিয়ে অপেক্ষায় থাকে, যা ব্যবসায়ীদের জন্য বাড়তি চাপ তৈরি করে।

