জ্বালানি সাশ্রয় ও পরিবেশবান্ধব শিল্পায়নে অবদানের জন্য ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ফর এনার্জি সেভিংস ২০২৬’ পুরস্কার পেয়েছে হ্যামস গ্রুপের প্রতিষ্ঠান হ্যামস গার্মেন্টস লিমিটেড। তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলনে (কপ৩১) ‘রেনোভেটেড বিল্ডিং’ ক্যাটাগরিতে প্রতিষ্ঠানটিকে এ স্বীকৃতি দেওয়া হয়।
সম্মেলনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. সফিকুর রহমানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার টেম্পলটন।
গাজীপুরের শ্রীপুরে অবস্থিত হ্যামস গার্মেন্টসের কারখানাটি লিড (এলইইডি) প্লাটিনাম সনদপ্রাপ্ত। লিড সনদের মূল্যায়নে সর্বোচ্চ ১১০ পয়েন্টের মধ্যে কারখানাটি পেয়েছে ১০৮। জ্বালানিসাশ্রয়ী প্রযুক্তি, সৌরবিদ্যুৎ উৎপাদন, উন্নত পরিচালনা ব্যবস্থা ও কর্মীদের অংশগ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠানটি প্রায় ৭৫ শতাংশ জ্বালানি সাশ্রয় করেছে। পরিচালনা পর্যায়ে কার্বন নিঃসরণ কমেছে ৭৮.১ শতাংশ।
জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) তথ্য অনুযায়ী, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত এক বছরে প্রতিষ্ঠানটির যাচাইকৃত জ্বালানি সাশ্রয়ের পরিমাণ ২ হাজার ৪২০ মেগাওয়াট-ঘণ্টা।
এ অর্জন প্রসঙ্গে সফিকুর রহমান বলেন, সবুজ ভবন নির্মাণ কোনো ব্যয়বহুল বিলাসিতা নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অপরিহার্য বিনিয়োগ। তিনি জানান, পরিকল্পিত বিনিয়োগ ও সঠিক প্রযুক্তি ব্যবহার করলে পরিবেশ সুরক্ষার পাশাপাশি পরিচালন ব্যয় কমানো এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়ানো সম্ভব।

