দীর্ঘ ১৩ বছর পর যুক্তরাষ্ট্রের উন্নয়ন অর্থায়ন সংস্থা ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশনের (ডিএফসি) অর্থায়ন পাওয়ার যোগ্যতা ফিরে পেয়েছে বাংলাদেশ। গত ১৬ নভেম্বর এ ঘোষণা দেয় সংস্থাটি। এতে জ্বালানি, অবকাঠামো, প্রযুক্তি ও উৎপাদন খাতে মার্কিন কোম্পানিগুলোর বিনিয়োগের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। প্রশ্ন হচ্ছে, ডিএফসি আসলে কি এর অর্থায়ন কীভাবে হয়, বাংলাদেশ কীভাবে এর সুবিধা পাবে এবং এই অর্থায়নের বিনিময়ে যুক্তরাষ্ট্র কী অর্জন করতে চায়?
১৩ বছর পর কেন খুলল অর্থায়নের দরজা?
২০১৩ সালে রানা প্লাজা ধসের পর বাংলাদেশের শ্রমিক অধিকার, কর্মক্ষেত্রের নিরাপত্তা ও ট্রেড ইউনিয়নের স্বাধীনতা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতে ডিএফসির পূর্বসূরি সংস্থা ওভারসিজ প্রাইভেট ইনভেস্টমেন্ট করপোরেশনের (ওপিক) অর্থায়নের যোগ্যতা হারায় বাংলাদেশ। ২০১৮ সালে ওপিক এবং ইউএসএআইডির ডেভেলপমেন্ট ক্রেডিট অথরিটির কার্যক্রম একীভূত করে ডিএফসি গঠিত হয়। তবে নতুন সংস্থা প্রতিষ্ঠিত হলেও বাংলাদেশের জন্য অর্থায়নের সুযোগ ফিরে আসেনি।
২০২৬ সালে শ্রম আইন ও শ্রমিক অধিকারসংক্রান্ত সংস্কারের অগ্রগতির পর পরিস্থিতি বদলায়। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কনভেনশন অনুমোদন, শ্রম আইন সংশোধন এবং শ্রমিক অধিকার বাস্তবায়নে নেওয়া পদক্ষেপগুলো যুক্তরাষ্ট্রের মূল্যায়নে এসেছে। পাশাপাশি ৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরের পর দুই দেশের অর্থনৈতিক সম্পর্কেও নতুন মাত্রা যুক্ত হয়। শেষ পর্যন্ত ১৬ নভেম্বর ডিএফসি বাংলাদেশকে অর্থায়নের যোগ্য ঘোষণা করে। তবে এটি কোনো নির্দিষ্ট অঙ্কের অর্থ বরাদ্দ নয়; প্রতিটি প্রকল্পকে আলাদাভাবে যাচাই করে অনুমোদন দিতে হবে।
| ডিএফসি অর্থায়নে বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদি বিনিয়গের সুযোগ তৈরি হবে, রাজনৈতিক ঝুঁকির বিমা ও ঋণের নিশ্চয়তা দিয়ে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা অর্জন করা যাবে,পাশাপাশি ডিএফসি যুক্ত হলে অন্যান্য আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানও বিনিয়োগে আগ্রহী হতে পারে |
কোথায় এবং কোন খাতে বিনিয়োগের সম্ভাবনা বেশি?
ডিএফসির অর্থায়ন সরাসরি বাংলাদেশ সরকারের হাতে অনুদান হিসেবে আসবে না। মূলত বেসরকারি কোম্পানি, যৌথ বিনিয়োগকারী প্রতিষ্ঠান ও আর্থিক প্রতিষ্ঠানগুলো প্রকল্পের জন্য আবেদন করতে পারবে। প্রকল্পটি বাণিজ্যিকভাবে লাভজনক কি না, ঋণ পরিশোধের সক্ষম কি না, কর্মসংস্থান সৃষ্টি করবে কি না এবং পরিবেশ ও শ্রমিকের অধিকার রক্ষা করবে কি না, তা যাচাই করা হবে।
বাংলাদেশে সম্ভাব্য বিনিয়োগের বড় ক্ষেত্র জ্বালানি ও বিদ্যুৎ। এলএনজি ও এলপিজি অবকাঠামো, বিদ্যুৎ উৎপাদন, নবায়নযোগ্য জ্বালানি এবং বিদ্যুৎ সঞ্চালনব্যবস্থায় বিনিয়োগের সুযোগ রয়েছে। বিশেষ করে অনশোর এলপিজি টার্মিনাল নির্মাণের বিষয়টি আলোচনায় এসেছে। বর্তমানে জাহাজ থেকে জাহাজে এলপিজি স্থানান্তরের কারণে বাড়তি খরচ হয়। আধুনিক টার্মিনাল তৈরি হলে সরবরাহব্যবস্থার দক্ষতা বাড়ানোর সুযোগ তৈরি হতে পারে।
অবকাঠামো ও পরিবহন খাতেও বিনিয়োগ গুরুত্বপূর্ণ। বন্দর, লজিস্টিকস, সড়ক ও রেলব্যবস্থার উন্নয়ন হলে পণ্য পরিবহন ও খালাসে সময় কমতে পারে। এতে রপ্তানিকারকদের খরচ কমবে এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়তে পারে। পাশাপাশি ডেটা সেন্টার, টেলিযোগাযোগ, সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সেবায় বিনিয়োগ প্রযুক্তিনির্ভর অর্থনীতির বিকাশে সহায়তা করতে পারে।
কৃষি ও উৎপাদনশিল্পেও সুযোগ রয়েছে। উন্নত বীজ, কৃষিপ্রযুক্তি, খাদ্য সংরক্ষণ, শস্য প্রক্রিয়াজাতকরণ এবং শিল্পকারখানার আধুনিকায়নে বিনিয়োগ হলে স্থানীয় উৎপাদন সক্ষমতা বাড়তে পারে। তবে এখানে একটি বিষয় মনে রাখা দরকার, যুক্তরাষ্ট্রের আগ্রহ শুধু বাংলাদেশের উৎপাদন বাড়ানোয় সীমাবদ্ধ নয়। তুলা, মাংস, বীজ ও শস্যের মতো মার্কিন পণ্যের রপ্তানি বাড়ানোর সহায়ক অবকাঠামো তৈরিও তাদের বাণিজ্যিক আগ্রহের অংশ।
অন্য দেশগুলো কীভাবে কাজে লাগাচ্ছে ডিএফসির অর্থায়ন?
ডিএফসির অর্থায়ন শুধু বড় বিদ্যুৎকেন্দ্র বা বন্দর নির্মাণে সীমাবদ্ধ নয়, অন্য দেশের উদাহরণে তা স্পষ্ট। জর্জিয়ার পতি বন্দরের উন্নয়নে ৭৫ মিলিয়ন ডলার অর্থায়ন করা হয়েছে। মরক্কোয় কৃষিপণ্য ও ওষুধ সংরক্ষণের শীতাতপনিয়ন্ত্রিত গুদাম নির্মাণে দেওয়া হয়েছে ৯ দশমিক ৩ মিলিয়ন ডলার। ঘানায় ডেটা সেন্টার নির্মাণেও অর্থায়নের উদ্যোগ রয়েছে।
ভারতের অভিজ্ঞতা আরও বিস্তৃত। দেশটিতে সৌর প্যানেল উৎপাদনের জন্য যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ফার্স্ট সোলারের কারখানায় ৫০০ মিলিয়ন ডলার ঋণ দিয়েছে ডিএফসি। কারখানাটির উৎপাদন সক্ষমতা ৩ দশমিক ৩ গিগাওয়াট। আবার নারী উদ্যোক্তাদের অর্থায়ন বাড়াতে ইনক্রেড ফিন্যানশিয়াল সার্ভিসেসকে ৫০ মিলিয়ন ডলারের ঋণ দেওয়া হয়েছে। ২০২৪ সালে ভারতের বেসরকারি খাতে আরও ৭০ মিলিয়ন ডলারের বিনিয়োগ ঘোষণা করা হয়। এর মধ্যে ৫০ মিলিয়ন ডলার আবাসন অর্থায়নে এবং ২০ মিলিয়ন ডলার শিশুদের টিকা উৎপাদন সক্ষমতা বাড়াতে ব্যবহার করা হয়্যেছে।
এ ছাড়া মালাউইতে ২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র ও ব্যাটারি সংরক্ষণব্যবস্থা নির্মাণে ২৫ মিলিয়ন ডলার ঋণ এবং মোজাম্বিকে ১২০ মেগাওয়াট বায়ুবিদ্যুৎ প্রকল্পে ঋণ ও রাজনৈতিক ঝুঁকি বিমার অনুমোদন দিয়েছে ডিএফসি।
বাংলাদেশের অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে?
ডিএফসির অর্থায়নে বাংলাদেশে নতুন কারখানা, বিদ্যুৎকেন্দ্র বা অবকাঠামো প্রকল্প বাস্তবায়িত হলে মূলধন গঠনে সহায়তা হতে পারে। স্থানীয় ব্যাংকের ওপর ঋণের চাপ কিছুটা কমিয়ে দীর্ঘমেয়াদি অর্থায়নের বিকল্প তৈরি হবে। নতুন প্রকল্পে সরাসরি কর্মসংস্থানের পাশাপাশি পরিবহন, সরবরাহ, রক্ষণাবেক্ষণ ও স্থানীয় কাঁচামাল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর কাজ বাড়তে পারে।
আরেকটি গুরুত্বপূর্ণ সম্ভাবনা প্রযুক্তি ও দক্ষতা স্থানান্তর। বিদেশি প্রতিষ্ঠান স্থানীয় অংশীদারদের সঙ্গে কাজ করলে উৎপাদন প্রযুক্তি, ব্যবস্থাপনা ও মান নিয়ন্ত্রণের দক্ষতা বাড়তে পারে। ডিএফসির ঋণের নিশ্চয়তা ও রাজনৈতিক ঝুঁকি বিমা অন্য বিনিয়োগকারীদেরও প্রকল্পে যুক্ত হতে উৎসাহিত করতে পারে। ফলে শুধু মার্কিন কোম্পানি নয়, তৃতীয় দেশের বিনিয়োগও আসার সুযোগ তৈরি হতে পারে।
তবে এসব সুফল স্বয়ংক্রিয়ভাবে আসবে না। প্রকল্পে স্থানীয় কর্মী নিয়োগ, দেশীয় সরবরাহকারীদের অংশগ্রহণ এবং প্রযুক্তি স্থানান্তরের সুযোগ না থাকলে বিনিয়োগের বড় অংশের সুফল বিদেশি প্রতিষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারে।
সুযোগের পাশাপাশি কী ঝুঁকি রয়েছে?
প্রথমত, ঝুঁকি ডলারের ঋণ ও বিনিময় হার। প্রকল্পের আয় যদি টাকায় হয়, কিন্তু ঋণ পরিশোধ করতে হয় ডলারে, তাহলে টাকার অবমূল্যায়নে ঋণের বোঝা বেড়ে যেতে পারে। তাই শুধু ঋণের সুদ বা মেয়াদ নয়, প্রকল্প থেকে বৈদেশিক মুদ্রা আয়ের সক্ষমতাও বিবেচনা করা জরুরি।
দ্বিতীয়ত, বিদেশি কোম্পানি মুনাফা অর্জনের পর নিয়ম মেনে তা নিজ দেশে পাঠাবে। এতে দীর্ঘমেয়াদে বৈদেশিক মুদ্রা বাইরে যাওয়ার চাপ তৈরি হতে পারে। একই সঙ্গে বড় বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতায় স্থানীয় ছোট ও মাঝারি উদ্যোক্তারা পিছিয়ে পড়ার আশঙ্কাও রয়েছে। আর জ্বালানি, প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে একটি দেশের প্রতিষ্ঠানের ওপর অতিরিক্ত নির্ভরতা তৈরি হলে ভবিষ্যতে কৌশলগত ঝুঁকি বাড়তে পারে।
চীনকে মোকাবিলায় যুক্তরাষ্ট্রের নতুন কৌশল?
ডিএফসির অর্থায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দিক এখানেই। সংস্থাটি শুধু উন্নয়ন অর্থায়ন করে না, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক কূটনীতি ও বৈদেশিক নীতিরও একটি হাতিয়ার। তাদের ঘোষণাতেই বলা হয়েছে, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অর্থনৈতিক অংশীদারত্ব শক্তিশালী করা, গুরুত্বপূর্ণ সরবরাহব্যবস্থা সুরক্ষিত রাখা এবং প্রতিদ্বন্দ্বী শক্তির সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে থাকা তাদের লক্ষ্য।
চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে এ অঞ্চলে অবকাঠামো ও জ্বালানি খাতে বড় বিনিয়োগ রয়েছে। বন্দর, সড়ক, রেল ও বিদ্যুৎ প্রকল্পে চীনের উপস্থিতি বাড়ছে। এর বিপরীতে যুক্তরাষ্ট্রও বিকল্প অর্থায়ন, প্রযুক্তি ও বেসরকারি বিনিয়োগের মাধ্যমে নিজের উপস্থিতি শক্তিশালী করতে চায়।
সুতরাং ডিএফসির মাধ্যমে বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়ানোকে চীনের সঙ্গে বৃহত্তর অর্থনৈতিক ও কৌশলগত প্রতিযোগিতার অংশ হিসেবে দেখা যায়। তবে তার সাথে রয়েছে মার্কিন কোম্পানির জন্য নতুন বাজার তৈরি, সরবরাহব্যবস্থায় প্রবেশাধিকার এবং দীর্ঘমেয়াদি বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলা।
যোগ্যতা ফিরেছে, কিন্তু অর্থায়ন কি নিশ্চিত?
ডিএফসি কোনো প্রকল্পের মোট অর্থায়ন চাহিদার সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ঋণ দিতে পারে। ইকুইটি বিনিয়োগের ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানে সর্বোচ্চ ৪০ শতাংশ মালিকানা নিতে পারে। ঋণের মেয়াদ সাধারণত তিন থেকে ১৫ বছর হতে পারে এবং অনুমোদন প্রক্রিয়ায় ছয় থেকে ১২ মাস লাগতে পারে।
প্রতিষ্ঠানকে অন্তত দুই বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণীসহ ব্যবসায়িক সক্ষমতার প্রমাণ দিতে হবে। শ্রম অধিকার, পরিবেশগত মান এবং যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক শর্তও পূরণ করতে হবে। তাই নতুন বা আর্থিকভাবে দুর্বল প্রতিষ্ঠানের পক্ষে অর্থায়ন পাওয়া সহজ হবে না। এখন পর্যন্ত বাংলাদেশের জন্য নির্দিষ্ট কোনো অর্থ বরাদ্দও ঘোষণা করা হয়নি। ২০২৭ সালের জানুয়ারিতে ডিএফসির প্রতিনিধিদলের বাংলাদেশ সফরের পরিকল্পনা রয়েছে। তারা সম্ভাব্য প্রকল্প ও স্থানীয় বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা করবে।
শেষ পর্যন্ত সাফল্য মানে ও সতর্কতায়
শুধু বিদেশি বিনিয়োগের পরিমাণ বাড়লেই অর্থনীতি শক্তিশালী হবে না। বিনিয়োগ থেকে কতটা উৎপাদন বাড়ছে, কত মানুষের কর্মসংস্থান হচ্ছে, রপ্তানি ও বৈদেশিক মুদ্রা আয় কতটা বাড়ছে-সেটিই হবে প্রকৃত সাফল্যের মাপকাঠি।
তার সাথে যুক্তরাষ্ট্রের পাশাপাশি চীন, জাপান, ইউরোপীয় ইউনিয়নসহ অন্যান্য অংশীদারের সঙ্গেও ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখা। কোনো একটি দেশের বিনিয়োগের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা দেশের অভ্যন্তরীণ সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে।
তাই শেষ পর্যন্ত প্রশ্নটি শুধু কত ডলারের বিনিয়োগ আসবে তা নয় বরং সেই বিনিয়োগে বাংলাদেশের লাভ কতটা হবে এবং জাতীয় স্বার্থ কতটা সুরক্ষিত থাকবে সেটিও।

