প্রিমিয়ার ব্যাংক পিএলসি ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। ‘২৭ বছরের ঐতিহ্য, আস্থায় নতুন করে পথচলা’ স্লোগানকে সামনে রেখে গত সোমবার ২৬ অক্টোবর রাজধানীর শান্তা পিনাকল টাওয়ারে ব্যাংকের প্রধান কার্যালয়ে এ আয়োজন করা হয়।
বিশেষ দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। ব্যাংকের প্রতি দীর্ঘদিনের নিষ্ঠা ও অবদানের স্বীকৃতি হিসেবে এতে একাধিক কর্মকর্তাকে সম্মাননা জানানো হয়। আলোচনা পর্বে ব্যাংকের অগ্রযাত্রা ধরে রাখতে নতুন উদ্যমে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন কর্মকর্তারা। আলোচনা শেষে কেক কেটে দিনটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের প্রতিষ্ঠাতা শেয়ারহোল্ডার ও চেয়ারম্যান ড. আরিফুর রহমান,স্বতন্ত্র পরিচালক ও প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এম নুরুল আলম,স্বতন্ত্র পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান সৈয়দ ফরিদুল ইসলাম,স্বতন্ত্র পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মোফিজ। এ ছাড়া উপ-ব্যবস্থাপনা পরিচালকেরা, বিভাগীয় প্রধানেরা ও ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান ড. আরিফুর রহমান দায়িত্বশীল ও টেকসই ব্যাংকিং চর্চার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, অতীতের অনিয়ম বন্ধ করে সততা ও স্বচ্ছতার পথে প্রিমিয়ার ব্যাংককে এগিয়ে নেওয়া হচ্ছে। আমানতকারীদের স্বার্থ রক্ষা, নতুন সুযোগ অনুসন্ধান, ব্যাংকের পরিধি বাড়ানো, সেবার মান উন্নত করা এবং গ্রাহকদের আস্থা অর্জনে সুচিন্তিত সিদ্ধান্ত ও নিরন্তর সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মোফিজ বলেন, ২৭ বছরের পথচলায় কর্মীদের আন্তরিক প্রচেষ্টা ও গ্রাহকদের অটুট আস্থাই ব্যাংকের অগ্রগতির মূল চালিকাশক্তি। সততা, স্বচ্ছতা ও সুশাসনকে ভিত্তি করে ব্যাংকটি টেকসই ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে বলে জানান তিনি।

