ব্র্যাক ব্যাংক পিএলসি দেশে প্রথমবারের মতো একীভূত ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘ওমনিচ্যানেল ব্যাংকিং এক্সপেরিয়েন্স’ চালু করেছে। গ্রাহককেন্দ্রিক ও সম্পর্কনির্ভর ব্যাংকিংয়ের দিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টায় এটিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলছে ব্যাংকটি।
আজ রোববার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকায় এক সংবাদ সম্মেলনে প্ল্যাটফর্মটির উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান মেহেরিয়ার এম হাসান।
নতুন এ ব্যবস্থায় ব্যাংকের শাখা, কল সেন্টার ও ডিজিটাল মাধ্যমকে একটি সমন্বিত সেবাকাঠামোর আওতায় আনা হয়েছে। এর ফলে গ্রাহকেরা কোন মাধ্যমে, কখন ও কোথায় ব্যাংকিং করবেন, তা নিজেই ঠিক করতে পারবেন। ব্যাংক বলছে, গ্রাহকেরা এখন একটি মাধ্যমে লেনদেন শুরু করে মাঝপথে থামিয়ে অন্য মাধ্যমে তা আবার চালিয়ে নিতে পারবেন। এতে প্রক্রিয়াটি নতুন করে শুরু করতে হবে না। এর ফলে সেবা আরও সহজ ও নিরবচ্ছিন্ন হবে এবং গ্রাহকসেবা পাওয়ার সুযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে মেহেরিয়ার এম হাসান বলেন, ওমনিচ্যানেল ব্যাংকিং গ্রাহককেন্দ্রিক আর্থিক সেবায় একটি গুরুত্বপূর্ণ রূপান্তর, যেখানে ডিজিটাল সুবিধা ও ব্যক্তিগত মানবিক সেবা এক সূত্রে গাঁথা হয়েছে। বৈশ্বিক ব্যাংকিং চর্চাকে বাংলাদেশের গ্রাহকদের চাহিদা ও আচরণের সঙ্গে খাপ খাইয়ে ব্র্যাক ব্যাংক সেবার মান, সহজলভ্যতা ও গ্রাহকের পছন্দের ক্ষেত্রে নতুন মানদণ্ড গড়তে চায়। তার ভাষ্য, এই উদ্যোগ গ্রাহককে ব্যাংকিংয়ের কেন্দ্রে রাখার অঙ্গীকার এবং খাতটির ডিজিটাল রূপান্তরকে এগিয়ে নেওয়ার প্রতিফলন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারেক রেফাত উল্লাহ খান বলেন, ব্যাংকিংয়ের ভবিষ্যৎ নির্ভর করছে গ্রাহককে আরও ভালোভাবে বোঝা এবং তাঁদের ব্যাংকিং যাত্রার ওপর বেশি নিয়ন্ত্রণ দেওয়ার ওপর। আধুনিক প্রযুক্তি, ডেটা বিশ্লেষণ ও ব্যক্তিগত মানবিক সহায়তা একত্র করে ব্যাংকটি আলাদা আলাদা মাধ্যমের গণ্ডি ছাড়িয়ে গ্রাহকের প্রয়োজনভিত্তিক একটি সংযুক্ত অভিজ্ঞতা তৈরি করছে। তিনি আরও বলেন, ব্যাংকিংকে আরও সহজবোধ্য, সাড়াদানকারী ও সুবিধাজনক করা এবং দীর্ঘমেয়াদি গ্রাহকমূল্যের ভিত্তি যে সম্পর্ক ও আস্থা, তা আরও জোরদার করাই তাঁদের লক্ষ্য।
ব্যাংকটির আর্থিক সূচকও ভালো অবস্থানে রয়েছে। ২০২৬ সালের প্রথম ছয় মাসে ব্যাংকের একীভূত নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ৫৭ শতাংশ বেড়ে ১ হাজার ৪২৩ কোটি টাকা হয়েছে। এ সময়ে গ্রাহকের আমানত বেড়েছে ২৫ শতাংশ এবং ঋণ বিতরণ বেড়েছে ১৮ শতাংশ। দুটি সূচকই খাতের গড় প্রবৃদ্ধির চেয়ে বেশি। ৩০ জুন পর্যন্ত ব্যাংকের আমানত ৯৭ হাজার কোটি টাকা ছাড়িয়েছে, আর ঋণ ও অগ্রিম দাঁড়িয়েছে ৭৬ হাজার কোটি টাকায়।
এর আগে ২০২৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর সময়ে ব্যাংকটির মুনাফা ছিল ১ হাজার ৫৩৬ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৩৯ শতাংশ বেশি। ২০২৪ সালে পুরো বছরে ব্যাংকের মুনাফা ছিল ১ হাজার ৪৩২ কোটি টাকা।
ব্র্যাক ব্যাংকের সারা দেশে ৩২১টি শাখা ও উপশাখা, ১ হাজার ১০০টির বেশি এজেন্ট ব্যাংকিং আউটলেট, কল সেন্টার এবং মোবাইল অ্যাপ ও ওয়েবসাইটসহ ডিজিটাল প্ল্যাটফর্ম রয়েছে।
অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও এসএমই ব্যাংকিংয়ের প্রধান সৈয়দ আবদুল মোমেন, উপব্যবস্থাপনা পরিচালক ও রিটেইল ব্যাংকিংয়ের প্রধান মো. মাহিউল ইসলাম এবং উপব্যবস্থাপনা পরিচালক ও শাখা বিতরণ নেটওয়ার্কের প্রধান শেখ মোহাম্মদ আশফাক উপস্থিত ছিলেন। এ ছাড়া ব্যাংকের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন।

