সুদের হার, ডলারের বিনিময়মূল্য ও পণ্যমূল্যের ওঠানামাজনিত আর্থিক ঝুঁকি মোকাবিলায় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে নতুন বিনিয়োগ ও ঝুঁকি ব্যবস্থাপনার কৌশল সম্পর্কে ধারণা দিতে চট্টগ্রামে প্রথমবারের মতো ট্রেজারি সামিট আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক।
গত ১২ নভেম্বর বন্দরনগরীতে অনুষ্ঠিত ‘ট্রেজারি সামিট: মাস্টারিং বিলস, বন্ডস অ্যান্ড ডেরিভেটিভস’ শীর্ষক এ আয়োজনে বিভিন্ন প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ ট্রেজারি ও অর্থ বিভাগের কর্মকর্তারা অংশ নেন। শনিবার ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তির বরাতে এ তথ্য জানানো হয়েছে।
সামিটে দুটি বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়। প্রথম অধিবেশনে ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগের সুযোগ এবং বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। দ্বিতীয় অধিবেশনে সুদের হার, বৈদেশিক মুদ্রার বিনিময়মূল্য ও পণ্যমূল্যের পরিবর্তনের কারণে ব্যবসাপ্রতিষ্ঠানের ওপর তৈরি হওয়া আর্থিক ঝুঁকি কমানোর উপায় তুলে ধরা হয়। এ ক্ষেত্রে সোয়াপ ও কমোডিটি ডেরিভেটিভসসহ বিভিন্ন হেজিং পদ্ধতির ব্যবহারিক দিক নিয়েও আলোচনা করেন ব্যাংকের বিশেষজ্ঞরা।
ব্র্যাক ব্যাংকের পক্ষে অধিবেশনগুলো পরিচালনা করেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব হোলসেল ব্যাংকিং মো. শাহীন ইকবাল, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. আসিফ বিন ইদ্রিস, হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং একেএম ফয়সাল হালিম এবং হেড অব ট্রেজারি নাজমুল আহসান।
অনুষ্ঠানে নাজমুল আহসান বলেন, পরিবর্তনশীল আর্থিক বাজারে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য ঝুঁকি মোকাবিলায় সময়োপযোগী তথ্য ও বিশেষায়িত ট্রেজারি সেবা গুরুত্বপূর্ণ। গ্রাহকদের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করা, ট্রেজারি পণ্য সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং ব্যবসার প্রবৃদ্ধিতে সহায়ক সমাধান দেওয়াই এ আয়োজনের লক্ষ্য।

