বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের এফিডেভিট সেকশন আগামীকাল শনিবার (১৮ এপ্রিল ২০২৬) খোলা থাকবে। মামলার চাপ ও সেবাগ্রহীতাদের ভিড় কমানোর লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গতকাল মবৃহস্পতিবার (১৬ এপ্রিল) হাইকোর্ট বিভাগের প্রশাসন শাখা থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ১৬ এপ্রিল তারিখের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর ফলে ১৮ এপ্রিল শনিবার অফিস সময়ের মধ্যে এফিডেভিট সেকশন কার্যক্রম চালু থাকবে।
এতে আরও জানানো হয়, ওই দিন সংশ্লিষ্ট সব কর্মকর্তা ও কর্মচারীকে নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী।
উল্লেখ্য, সুপ্রিম কোর্টে মামলার সংখ্যা বৃদ্ধি এবং এফিডেভিট সেকশনে দীর্ঘ সময়ের ভিড় এড়াতে সম্প্রতি বার অ্যাসোসিয়েশন থেকে প্রতি শনিবার সেকশন খোলা রাখার অনুরোধ জানানো হয়েছিল।

