বাংলাদেশ পুলিশের সদস্যদের জন্য রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল কেনায় বিশেষ ঋণ সুবিধা চালু করতে যাচ্ছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। এ লক্ষ্যে মোটরসাইকেল প্রস্তুত ও বাজারজাতকারী প্রতিষ্ঠান ইফাদ মটরস্ লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ব্যাংকটি।
এই সুবিধার আওতায় যোগ্য পুলিশ সদস্যরা মোটরসাইকেল কেনার জন্য সর্বোচ্চ ২ লাখ ৫০ হাজার টাকা ঋণ নিতে পারবেন। ঋণের সুদের হার নির্ধারণ করা হয়েছে ৯ শতাংশ। ঋণ পরিশোধের জন্য সর্বোচ্চ ১০ বছর সময় পাবেন গ্রাহকেরা। প্রচলিত ব্যাংকিংয়ের পাশাপাশি ইসলামিক ব্যাংকিং পদ্ধতিতেও এ ঋণ সুবিধা পাওয়া যাবে।
সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের মধ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন উপস্থিত ছিলেন। ইফাদ গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান তাসকীন আহমেদ এবং প্রধান অর্থ কর্মকর্তা মোহাম্মদ আফছার উদ্দিন।
কমিউনিটি ব্যাংক জানিয়েছে, পুলিশ সদস্যদের যাতায়াত আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সহজ শর্তে অর্থায়নের মাধ্যমে তাঁদের পছন্দের মোটরসাইকেল কেনার সুযোগ তৈরি হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।
বাংলাদেশ পুলিশের সদস্যদের প্রয়োজনভিত্তিক আর্থিক সেবা দেওয়ার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ব্যাংকটি। ইফাদ মটরসের সঙ্গে চুক্তিকে দুই প্রতিষ্ঠানের সহযোগিতার নতুন সংযোজন হিসেবেও দেখছে কমিউনিটি ব্যাংক।

