বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে। রোববার (২৯ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
তিন দিনের রিমান্ড শেষে পুলিশ ডরিনকে আদালতে হাজির করে। এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। অন্যদিকে ডরিনের আইনজীবী তার জামিন চান। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল্লাহ পিয়াস জামিন আবেদন নামঞ্জুর করেন।
গত ২৬ নভেম্বর রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে ডরিনকে গ্রেপ্তার করা হয়। ওই দিনই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত তাকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৯ নভেম্বর রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে যাত্রাবাড়ী-ডেমরা সড়কের কাজলা টোল প্লাজার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। অজ্ঞাতনামা ব্যক্তিরা পাকা সড়কে ককটেল বিস্ফোরণ ঘটালে জনসাধারণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়।
অভিযোগে আরও বলা হয়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নৈরাজ্য ও আতঙ্ক সৃষ্টি এবং বড় ধরনের নাশকতার উদ্দেশ্যে আসামিরা পরস্পরের যোগসাজশে ঘটনাস্থলে জড়ো হয়ে বিস্ফোরণ ঘটান। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করে পুলিশ।
ডরিন ঝিনাইদহ-৪ আসনের আওয়ামী লীগের প্রয়াত সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে।

