বাংলাদেশের অধস্তন বিচার বিভাগের ১১ জন বিচার বিভাগীয় কর্মকর্তা সিনিয়র জেলা ও দায়রা জজ পদমর্যাদার সর্বোচ্চ বেতন স্কেল পেয়েছেন। জেলা ও দায়রা জজ পদমর্যাদার এসব কর্মকর্তাকে পদোন্নতির পাশাপাশি নতুন বেতন স্কেল দেওয়ার বিষয়টি আইন ও বিচার বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।
গত রোববার (২৮ জুন) আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয়, উপসচিব (প্রশাসন-১) মো. মাসুম বিল্লাহ স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের বিভিন্ন আদালত ও বিচারিক প্রতিষ্ঠানে কর্মরত ১১ জন জেলা ও দায়রা জজকে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সর্বোচ্চ বেতন স্কেল প্রদান করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ‘বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৬’-এর অনুচ্ছেদ ৩(২) অনুযায়ী জেলা ও দায়রা জজ বা সমপর্যায়ের পদে যোগদানের পর সফলভাবে পাঁচ বছর চাকরি সম্পন্ন করায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সিনিয়র জেলা ও দায়রা জজ বা সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তা হিসেবে নির্ধারিত ৭৮ হাজার টাকা মূল বেতন অনুমোদন করা হয়েছে।
সর্বোচ্চ বেতন স্কেলের মর্যাদা:
সিনিয়র জেলা ও দায়রা জজ পদটি অধস্তন বিচার বিভাগের সর্বোচ্চ প্রশাসনিক পদ হিসেবে বিবেচিত হয়। একই সঙ্গে এটি এ স্তরের সর্বোচ্চ আর্থিক বেতন স্কেলও। বর্তমানে জেলা ও দায়রা জজ পদে কর্মরত একজন বিচারকের নিয়মিত মূল বেতন ৭০ হাজার ৯২৫ টাকা। তবে বিধি অনুযায়ী পাঁচ বছরের চাকরি পূর্ণ হলে তিনি সিনিয়র জেলা ও দায়রা জজ হিসেবে ৭৮ হাজার টাকা নির্ধারিত মূল বেতন পাওয়ার যোগ্য হন, যা সরকারের সচিব পদমর্যাদার সমমানের।
যাঁরা পেলেন সর্বোচ্চ স্কেল: সিনিয়র জেলা ও দায়রা জজের সর্বোচ্চ বেতন স্কেলপ্রাপ্ত বিচার বিভাগীয় কর্মকর্তারা হলেন—
- ইশরাত জাহান, বিশেষ জজ (জেলা ও দায়রা জজ), ঢাকার বিশেষ জজ আদালত-৭।
- শাহানা হক সিদ্দিকা, বিচারক (জেলা ও দায়রা জজ), শরীয়তপুর পারিবারিক আপিল আদালত।
- মো. গোলাম ফারুক, বিশেষ জজ (জেলা ও দায়রা জজ), পটুয়াখালী।
- তানিয়া কামাল, বিচারক (জেলা ও দায়রা জজ), রংপুর সাইবার ট্রাইব্যুনাল।
- মুহা. হাসানুজ্জামান, বিশেষ জজ (জেলা ও দায়রা জজ), ঢাকার বিশেষ জজ আদালত-১।
- জাকির হোসেন খান, জেলা ও দায়রা জজ, খাগড়াছড়ি।
- মোছাম্মৎ রোকশানা বেগম হেপী, বিচারক (জেলা ও দায়রা জজ), কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২।
- মো. আশরাফুল আলম, বিচারক (জেলা ও দায়রা জজ), রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২।
- মো. মেহেদী হাসান তালুকদার, বিচারক (জেলা ও দায়রা জজ), রংপুর মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল।
- সাবেরা সুলতানা খানম, বিচারক (জেলা ও দায়রা জজ), খুলনা জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল।
- মোহাম্মদ আবদুর রহিম, জেলা ও দায়রা জজ, কক্সবাজার।

