Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, জুলাই 13, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » রাষ্ট্রের নিয়ন্ত্রক কে—সংখ্যাগরিষ্ঠ সংসদ, বিচার বিভাগ নাকি সংবিধান?
    আইন আদালত

    রাষ্ট্রের নিয়ন্ত্রক কে—সংখ্যাগরিষ্ঠ সংসদ, বিচার বিভাগ নাকি সংবিধান?

    মনিরুজ্জামানUpdated:জুলাই 12, 2026জুলাই 12, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    একটি সংবিধান শুধু রাষ্ট্র পরিচালনার কিছু নিয়মের সমষ্টি নয়। এটি একটি দেশের রাজনৈতিক দর্শন, জনগণের অধিকার, রাষ্ট্রীয় ক্ষমতার সীমা এবং শাসনব্যবস্থার মূল কাঠামোর ভিত্তি। সরকার পরিবর্তন হয়, সংসদের আসন বিন্যাস বদলায়, রাজনৈতিক আদর্শেরও পরিবর্তন ঘটে কিন্তু সংবিধানের মূল চেতনা ও উদ্দেশ্য একটি রাষ্ট্রের স্থায়ী ভিত্তি হিসেবে কাজ করে।

    এই কারণেই আধুনিক সাংবিধানিক ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বারবার সামনে আসে—সংসদ কি সংবিধানের সর্বোচ্চ নিয়ন্ত্রক, নাকি সংবিধানই সংসদকে ক্ষমতা প্রয়োগের বৈধতা দেয়?

    বাংলাদেশের উচ্চ আদালতের পঞ্চদশ সংশোধনী-সংক্রান্ত সাম্প্রতিক রায় এই মৌলিক প্রশ্নকে আবারও আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। যদিও জনপরিসরে এই রায় নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ঘিরে, তবে রায়ের মূল গুরুত্ব আরও বিস্তৃত একটি সাংবিধানিক প্রশ্নে। আদালতের দীর্ঘ পর্যবেক্ষণে উঠে এসেছে—সংবিধান সংশোধনের ক্ষমতা কি সীমাহীন, নাকি সেই ক্ষমতারও কিছু সাংবিধানিক সীমারেখা রয়েছে?

    রায়ের বিশ্লেষণে আদালত বাংলাদেশের সাংবিধানিক কাঠামোর কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন। এর মধ্যে রয়েছে সংবিধানের ৭ অনুচ্ছেদে বর্ণিত জনগণের সার্বভৌমত্ব, ১৪২ অনুচ্ছেদের অধীনে সংবিধান সংশোধনের ক্ষমতা, বিচারিক পর্যালোচনার ভূমিকা এবং ‘মৌলিক কাঠামো তত্ত্ব’ (Doctrine of Basic Structure)।

    এই তত্ত্বের মূল ধারণা হলো—সংসদ সংবিধান সংশোধন করতে পারলেও এমন কোনো পরিবর্তন করতে পারে না, যা সংবিধানের মৌলিক চরিত্র বা ভিত্তিকে ধ্বংস করে দেয়। অর্থাৎ সংশোধনের ক্ষমতা থাকলেও তা অসীম নয়। পঞ্চদশ সংশোধনী নিয়ে আদালতের পর্যবেক্ষণ শুধু একটি নির্দিষ্ট রাজনৈতিক ব্যবস্থার প্রশ্নে সীমাবদ্ধ নয়। বরং এটি রাষ্ট্রের তিনটি গুরুত্বপূর্ণ অঙ্গ—সংসদ, বিচার বিভাগ ও জনগণের মধ্যে ক্ষমতার ভারসাম্য এবং সাংবিধানিক সীমারেখা নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।

    রায়ের সঙ্গে কেউ একমত হতে পারেন, আবার কেউ ভিন্নমতও পোষণ করতে পারেন। তবে বাংলাদেশের সাংবিধানিক ইতিহাসে এই রায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। কারণ এটি আবারও সামনে এনেছে সেই মৌলিক প্রশ্ন—রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার উৎস কোথায় এবং সেই ক্ষমতা প্রয়োগের সীমা কতটুকু?

    সংশোধনের ক্ষমতা কি ধ্বংসের ক্ষমতায় পরিণত হতে পারে?

    বাংলাদেশের সংবিধানের ১৪২ অনুচ্ছেদ সংসদকে সংবিধান সংশোধনের ক্ষমতা দিয়েছে। দীর্ঘদিন ধরে রাজনৈতিক অঙ্গনে একটি ধারণা প্রচলিত ছিল—সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকলে সংবিধানের যেকোনো বিধান পরিবর্তন করা সম্ভব। তবে পঞ্চদশ সংশোধনী-সংক্রান্ত রায়ে উচ্চ আদালত এই ধারণার সীমাবদ্ধতা তুলে ধরেছেন।

    আদালতের যুক্তি হলো, সংসদ সংবিধানের স্রষ্টা নয়; বরং সংবিধানই সংসদের ক্ষমতার উৎস। জনগণ রাষ্ট্রের সব ক্ষমতার মূল মালিক। জনগণের দেওয়া ক্ষমতার ভিত্তিতেই সংবিধান প্রণয়ন হয়েছে এবং সেই সংবিধানের অধীনেই সংসদসহ রাষ্ট্রের সব প্রতিষ্ঠান কার্যক্রম পরিচালনা করে। তাই সংসদের হাতে সংবিধান সংশোধনের ক্ষমতা থাকলেও সেই ক্ষমতা সীমাহীন নয়। সংসদ সংবিধানের পরিবর্তন আনতে পারে, তবে এমন কোনো পরিবর্তন করতে পারে না, যা সংবিধানের মৌলিক চরিত্র বা ভিত্তিকে ধ্বংস করে দেয়।

    আদালতের পর্যবেক্ষণের সারকথা হলো—সংশোধনের ক্ষমতা (Amending Power) কখনো সংবিধান ধ্বংসের ক্ষমতা (Destroying Power) হয়ে উঠতে পারে না। বাংলাদেশের সাংবিধানিক ইতিহাসে এই ধারণার ভিত্তি নতুন নয়। ১৯৮৯ সালের অষ্টম সংশোধনী মামলায় আপিল বিভাগ প্রথমবারের মতো ঘোষণা করেছিলেন যে, সংবিধানের একটি মৌলিক কাঠামো রয়েছে, যা সংসদের সংশোধন ক্ষমতার বাইরে। সেই সিদ্ধান্তে ‘মৌলিক কাঠামো তত্ত্ব’ বাংলাদেশের সাংবিধানিক আইনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠা পায়।

    সাম্প্রতিক রায়ে আদালত সেই নীতিকে আরও বিস্তৃতভাবে ব্যাখ্যা করেছেন। আদালতের মতে, সংবিধান একটি ‘জীবন্ত দলিল’ (Living Constitution), যা সময়ের পরিবর্তনের সঙ্গে বিকশিত হতে পারে এবং নতুন বাস্তবতার সঙ্গে মানিয়ে নিতে পারে। তবে এই পরিবর্তনের মধ্যেও সংবিধানের মূল বৈশিষ্ট্য ও চেতনা অক্ষুণ্ন থাকতে হবে।

    সহজভাবে বলতে গেলে, একজন মানুষের বয়স বাড়ার সঙ্গে যেমন তার অভিজ্ঞতা ও চিন্তাভাবনায় পরিবর্তন আসে, কিন্তু তার মৌলিক পরিচয় বদলে যায় না; তেমনি একটি সংবিধানও সময়ের প্রয়োজনে পরিবর্তিত হতে পারে। তবে সেই পরিবর্তন এমন হতে পারে না, যা সংবিধানের মূল আত্মপরিচয়কে বিলীন করে দেয়।

    জনগণের ক্ষমতা বনাম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ক্ষমতা: রায়ের আরেক গুরুত্বপূর্ণ দিক

    পঞ্চদশ সংশোধনী-সংক্রান্ত রায়ের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো, আদালত সংবিধানকে শুধু একটি আইনগত দলিল হিসেবে দেখেননি। বরং এটিকে জনগণের রাজনৈতিক আকাঙ্ক্ষা, রাষ্ট্র পরিচালনার নৈতিক ভিত্তি এবং ক্ষমতার সীমারেখা নির্ধারণের মূল কাঠামো হিসেবে ব্যাখ্যা করেছেন।

    আদালত সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে পরিচালিত গণতন্ত্র এবং সাংবিধানিক গণতন্ত্রের মধ্যে পার্থক্যও তুলে ধরেছেন। কারণ ইতিহাসে এমন অনেক উদাহরণ রয়েছে, যেখানে জনগণের ভোটে নির্বাচিত সরকারও এমন সিদ্ধান্ত নিয়েছে, যা গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও নাগরিক অধিকারের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে।

    এই বাস্তবতায় আধুনিক সংবিধান শুধু রাষ্ট্রীয় ক্ষমতা কীভাবে বণ্টিত হবে, তা নির্ধারণ করে না; একই সঙ্গে সেই ক্ষমতার ব্যবহার কোথায় সীমাবদ্ধ থাকবে, সেটিও নির্ধারণ করে। এই আলোচনায় আদালত দুটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক ধারণার পার্থক্য তুলে ধরেছেন—Constituent Power এবং Constituted Power।

    Constituent Power বলতে বোঝায় জনগণের সেই মূল বা আদি ক্ষমতাকে, যার মাধ্যমে তারা একটি রাষ্ট্রের সংবিধান প্রণয়ন করে। এটি রাষ্ট্রের মৌলিক কাঠামো নির্ধারণের ক্ষমতা। অন্যদিকে Constituted Power হলো সংবিধানের মাধ্যমে সৃষ্টি হওয়া ক্ষমতা। সংসদ, সরকার বা অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান এই ক্ষমতার অধিকারী। অর্থাৎ তাদের ক্ষমতা জনগণের দেওয়া সংবিধান থেকেই আসে।

    এই দুই ধরনের ক্ষমতার মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। সংসদ জনগণের নির্বাচিত প্রতিনিধি হলেও, তা জনগণের সাংবিধানিক সার্বভৌমত্বের বিকল্প নয়। সংসদের ক্ষমতা সংবিধান দ্বারা নির্ধারিত এবং সীমাবদ্ধ। এই দৃষ্টিভঙ্গি থেকেই আদালত বলেছেন, সংবিধান সংশোধনের বৈধতা যাচাইয়ের ক্ষেত্রে শুধু ১৪২ অনুচ্ছেদে দেওয়া সংশোধনী ক্ষমতাই বিবেচ্য নয়। এর পাশাপাশি দেখতে হবে সংবিধানের ৭ অনুচ্ছেদে থাকা জনগণের সার্বভৌমত্ব, সংবিধানের সর্বোচ্চ অবস্থান এবং রাষ্ট্রের মৌলিক চরিত্র অক্ষুণ্ন রয়েছে কি না।

    তত্ত্বাবধায়ক সরকার নয়, মূল প্রশ্ন ছিল নির্বাচনের বিশ্বাসযোগ্যতা:

    পঞ্চদশ সংশোধনী মামলার রায় নিয়ে সাধারণ আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা। তবে পুরো রায় বিশ্লেষণ করলে দেখা যায়, আদালতের মূল উদ্বেগ কোনো নির্দিষ্ট শাসনপদ্ধতি পুনর্বহাল করা নয়। বরং প্রশ্ন ছিল—কীভাবে জনগণের ভোটাধিকার ও নির্বাচনী ব্যবস্থার প্রতি আস্থা নিশ্চিত করা যায়।

    আদালত কোথাও বলেননি যে তত্ত্বাবধায়ক সরকারই গণতন্ত্রের একমাত্র কার্যকর মডেল। বরং রায়ের মূল বক্তব্য হলো, গণতন্ত্রের কার্যকারিতা নির্ভর করে জনগণের বিশ্বাসের ওপর। মানুষকে এমন একটি নির্বাচনী ব্যবস্থার ওপর আস্থা রাখতে হবে, যেখানে তারা অবাধ, সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের সুযোগ পায়।

    যখন কোনো নির্বাচনী প্রক্রিয়া নিয়ে জনগণের মধ্যে আস্থার সংকট তৈরি হয়, তখন তা শুধু একটি রাজনৈতিক সমস্যা থাকে না; বরং গণতান্ত্রিক ব্যবস্থার ভিত্তিকেই দুর্বল করে। এই কারণেই আদালত নির্বাচনকে শুধু একটি রাজনৈতিক আয়োজন হিসেবে দেখেননি। বরং এটিকে জনগণের সার্বভৌম ক্ষমতা প্রয়োগের প্রধান মাধ্যম হিসেবে বিবেচনা করেছেন।

    বাংলাদেশের সংবিধানের ৭ অনুচ্ছেদে বলা হয়েছে, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এবং সেই ক্ষমতার প্রয়োগ সংবিধানের অধীনেই হতে হবে। কিন্তু জনগণ কীভাবে রাষ্ট্র পরিচালনায় নিজেদের সেই ক্ষমতা প্রয়োগ করবে—এর বাস্তব উত্তর হলো একটি গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন ব্যবস্থা।

    তাই নির্বাচন শুধু সাংবিধানিক একটি আনুষ্ঠানিকতা নয়; এটি জনগণের সার্বভৌমত্বের বাস্তব প্রতিফলন। একটি কার্যকর গণতন্ত্রের জন্য প্রয়োজন এমন একটি ব্যবস্থা, যেখানে জনগণ নিশ্চিত থাকবে যে তাদের ভোটের মাধ্যমে রাষ্ট্রের নেতৃত্ব নির্ধারণের প্রকৃত সুযোগ রয়েছে।

    সংশোধনী প্রক্রিয়ার বৈধতা ও সংখ্যাগরিষ্ঠতার সাংবিধানিক সীমা:

    এই সাংবিধানিক দৃষ্টিভঙ্গি থেকেই আদালত তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের বিষয়টি বিশ্লেষণ করেছেন। এখানে মূল প্রশ্ন ছিল না যে, তত্ত্বাবধায়ক সরকার নিজেই সংবিধানের মৌলিক কাঠামোর অংশ কি না। বরং আদালতের বিবেচনার বিষয় ছিল—যে ব্যবস্থা দীর্ঘদিন ধরে নির্বাচনী আস্থা তৈরিতে ভূমিকা রেখেছিল, তা বাতিল করার আগে সংসদ প্রয়োজনীয় সাংবিধানিক সতর্কতা ও পর্যাপ্ত বিবেচনা করেছিল কি না।

    আদালতের দৃষ্টিভঙ্গি ছিল মূলত প্রাতিষ্ঠানিক। রায়ের লক্ষ্য কোনো একটি নির্দিষ্ট ব্যবস্থাকে স্থায়ীভাবে রক্ষা করা নয়; বরং এমন একটি নির্বাচনব্যবস্থা নিশ্চিত করা, যার প্রতি জনগণের আস্থা বজায় থাকে এবং যা গণতান্ত্রিক প্রক্রিয়াকে কার্যকর রাখতে পারে।

    রায়ের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো সংবিধান সংশোধনের পদ্ধতি নিয়ে আদালতের পর্যবেক্ষণ। আদালত দেখিয়েছেন, সংবিধানের মতো একটি মৌলিক রাষ্ট্রীয় দলিলে বড় ধরনের পরিবর্তন আনার ক্ষেত্রে শুধু সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা যথেষ্ট নয়; প্রক্রিয়াটির স্বচ্ছতা, যুক্তিসংগত আলোচনা এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মতামতের গুরুত্বও রয়েছে।

    পঞ্চদশ সংশোধনী প্রণয়নের ক্ষেত্রে সংসদীয় কমিটির ভূমিকা, রাজনৈতিক ঐকমত্যের বিষয় এবং সংশোধনী গ্রহণের সামগ্রিক প্রক্রিয়া আদালতের বিশ্লেষণে স্থান পেয়েছে। এর মাধ্যমে আদালত একটি গুরুত্বপূর্ণ নীতি তুলে ধরেছেন—একটি সাংবিধানিক সংশোধনের বৈধতা শুধু তার বিষয়বস্তুর ওপর নির্ভর করে না, বরং সেই সংশোধন কী প্রক্রিয়ায় সম্পন্ন হয়েছে, সেটিও সমান গুরুত্বপূর্ণ।

    গণতন্ত্রে সংখ্যাগরিষ্ঠতা অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে শুধু সংখ্যার জোরই সাংবিধানিক বৈধতার একমাত্র ভিত্তি হতে পারে না। একটি আধুনিক সাংবিধানিক রাষ্ট্রে স্বচ্ছতা, অংশগ্রহণ, আলোচনা এবং ভিন্নমতের প্রতি সম্মানও সমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কারণ সংবিধান কোনো নির্দিষ্ট সময়ের কোনো একটি সরকারের রাজনৈতিক দলিল নয়। এটি একটি জাতির দীর্ঘমেয়াদি সামাজিক চুক্তি, যেখানে রাষ্ট্র ও জনগণের সম্পর্কের মৌলিক নীতিগুলো নির্ধারিত থাকে।

    আদালতের পর্যবেক্ষণে একটি গুরুত্বপূর্ণ সতর্কতাও উঠে এসেছে। সংসদের সংশোধনী ক্ষমতা যদি সম্পূর্ণ সীমাহীন হয়, তাহলে ভবিষ্যতে এমন পরিবর্তনের সুযোগ তৈরি হতে পারে, যা গণতান্ত্রিক ব্যবস্থার মূল ভিত্তিকেই দুর্বল করে দিতে পারে। বাহ্যিকভাবে প্রতিষ্ঠানগুলো টিকে থাকলেও যদি জনগণের অংশগ্রহণ ও আস্থার জায়গা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে গণতন্ত্রের প্রকৃত চেতনা সংকটে পড়তে পারে।

    তবে এই জায়গাতেই নতুন একটি বিতর্ক তৈরি হয়। নির্বাচনব্যবস্থা ও গণতন্ত্রের সাংবিধানিক মানদণ্ড নির্ধারণ করতে গিয়ে বিচার বিভাগের ভূমিকার সীমা কোথায় হবে? বিচার বিভাগ কি শুধু সংবিধানের মৌলিক নীতির রক্ষক হিসেবে থাকবে, নাকি কখনো কখনো নীতিনির্ধারণের ক্ষেত্রেও প্রভাব বিস্তার করবে?

    এই প্রশ্নের সহজ কোনো উত্তর নেই। তবে এই রায়ের সবচেয়ে বড় তাৎপর্য এখানেই—এটি গণতন্ত্রের প্রকৃতি নিয়ে একটি মৌলিক আলোচনার সুযোগ তৈরি করেছে। গণতন্ত্র কি শুধু সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্তের নাম, নাকি এমন একটি সাংবিধানিক ব্যবস্থা যেখানে সংখ্যাগরিষ্ঠতার ক্ষমতাও আইনের শাসন, জনগণের মৌলিক অধিকার এবং সাংবিধানিক সীমারেখার মধ্যে পরিচালিত হয়—বাংলাদেশের সাংবিধানিক রাজনীতির ভবিষ্যৎ অনেকাংশে নির্ভর করবে এই প্রশ্নের উত্তর খোঁজার ওপর।

    আদালত কি সংসদের প্রতিপক্ষ, নাকি সংবিধানের প্রহরী?

    পঞ্চদশ সংশোধনী-সংক্রান্ত রায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং একই সঙ্গে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হলো—সংসদ ও বিচার বিভাগের সাংবিধানিক সম্পর্ক। আদালত যখন কোনো সাংবিধানিক সংশোধনীকে অসাংবিধানিক বলে ঘোষণা করেন, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে—এতে কি বিচার বিভাগ সংসদের সিদ্ধান্তের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করছে?

    এই বিতর্ক শুধু বাংলাদেশের নয়। বিশ্বের প্রায় সব সাংবিধানিক গণতন্ত্রেই বিভিন্ন সময়ে এই প্রশ্ন সামনে এসেছে—নির্বাচিত সংসদের সিদ্ধান্ত কি আদালত পর্যালোচনা বা বাতিল করতে পারে? যুক্তরাষ্ট্রের Marbury v. Madison মামলা, ভারতের Kesavananda Bharati মামলা, জার্মানির ফেডারেল সাংবিধানিক আদালতের বিভিন্ন সিদ্ধান্ত কিংবা দক্ষিণ আফ্রিকার সাংবিধানিক আদালতের রায়গুলোতেও একই ধরনের সাংবিধানিক বিতর্ক দেখা গেছে।

    এই প্রশ্নের মূল উত্তর হলো—আদালত সংসদের ঊর্ধ্বে নয়, আবার সংসদও সংবিধানের ঊর্ধ্বে নয়। রাষ্ট্রের সব প্রতিষ্ঠানই সংবিধানের অধীন। সাংবিধানিক গণতন্ত্রের মূল ভিত্তি এখানেই। শুধু সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে পরিচালিত গণতন্ত্রে সংসদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হতে পারে। কিন্তু সাংবিধানিক গণতন্ত্রে সংখ্যাগরিষ্ঠতার ক্ষমতাও সংবিধানের নির্ধারিত সীমার মধ্যে প্রয়োগ করতে হয়।

    কারণ সংসদ যদি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হয়ে যায়, তাহলে সংবিধান একটি পরিবর্তনযোগ্য সাধারণ আইনে পরিণত হওয়ার ঝুঁকিতে পড়বে। যে কোনো সময় রাজনৈতিক সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে রাষ্ট্রের মৌলিক কাঠামো পরিবর্তনের সুযোগ তৈরি হতে পারে।

    অন্যদিকে, সংবিধানকে সর্বোচ্চ আইন হিসেবে বিবেচনা করলে সংসদ, সরকার এবং বিচার বিভাগ—তিনটি রাষ্ট্রীয় অঙ্গকেই সংবিধানের সীমারেখার মধ্যে থেকেই দায়িত্ব পালন করতে হয়। পঞ্চদশ সংশোধনী-সংক্রান্ত রায়ে আদালত মূলত এই সাংবিধানিক নীতিকেই পুনরায় সামনে এনেছেন।

    এই প্রেক্ষাপটে আদালত সংবিধানের ৭ অনুচ্ছেদের গুরুত্ব বিশেষভাবে তুলে ধরেছেন। এই অনুচ্ছেদে বলা হয়েছে, প্রজাতন্ত্রের সব ক্ষমতার মালিক জনগণ এবং সেই ক্ষমতা সংবিধানের অধীনেই প্রয়োগ করতে হবে অর্থাৎ সংবিধান জনগণের সার্বভৌম ইচ্ছার প্রকাশ। তাই সংসদের সংশোধনী ক্ষমতাও জনগণের সেই মৌলিক সাংবিধানিক অঙ্গীকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।

    যদি কোনো সংশোধনের মাধ্যমে সংবিধানের মূল নীতি বা জনগণের সাংবিধানিক অধিকার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়, তাহলে আদালতের দায়িত্ব হয়ে ওঠে সেই সীমারেখা পরীক্ষা করা। এই দৃষ্টিভঙ্গি থেকেই আদালতের হস্তক্ষেপকে শুধু বিচারিক ক্ষমতার প্রয়োগ নয়, বরং সংবিধানের রক্ষক হিসেবে তার সাংবিধানিক দায়িত্বের অংশ হিসেবে দেখা হয়েছে।

    বিচারিক সক্রিয়তা নাকি বিচারিক সংযম—আদালতের ভূমিকা নিয়ে বিতর্ক:

    পঞ্চদশ সংশোধনী-সংক্রান্ত রায়ের পর আরেকটি গুরুত্বপূর্ণ বিতর্ক সামনে এসেছে—সংবিধানের মৌলিক কাঠামো নির্ধারণে আদালতের ভূমিকার সীমা কোথায়? কারণ ‘মৌলিক কাঠামো’ বলতে কোন কোন বিষয় বোঝাবে, তার পূর্ণাঙ্গ তালিকা সংবিধানে নির্দিষ্ট করে দেওয়া নেই। ফলে আদালতকে সংবিধানের ইতিহাস, প্রস্তাবনা, মৌলিক অধিকার, রাষ্ট্র পরিচালনার মূলনীতি এবং পূর্ববর্তী বিচারিক সিদ্ধান্তের আলোকে এর ব্যাখ্যা নির্ধারণ করতে হয়।

    এ কারণে বিচার বিভাগকে অনেক সময় এমন কিছু সাংবিধানিক প্রশ্নের মুখোমুখি হতে হয়, যেগুলো একই সঙ্গে আইন, রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার সঙ্গে সম্পর্কিত। এখানেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বিচারিক সক্রিয়তা (Judicial Activism) এবং বিচারিক সংযম (Judicial Restraint)-এর মধ্যে ভারসাম্যের বিষয়টি।

    এই রায় নিয়েও ভিন্ন ভিন্ন মত থাকবে। এক পক্ষের মতে, আদালত সংবিধানের রক্ষক হিসেবে তার দায়িত্ব পালন করেছেন এবং সাংবিধানিক সীমারেখা রক্ষায় প্রয়োজনীয় ভূমিকা নিয়েছেন। অন্য পক্ষের মতে, আদালত সংসদের রাজনৈতিক সিদ্ধান্তের ক্ষেত্রে তুলনামূলকভাবে বেশি হস্তক্ষেপ করেছেন। তবে গণতান্ত্রিক ব্যবস্থায় এমন মতপার্থক্য অস্বাভাবিক নয়; বরং এটি একটি জীবন্ত সাংবিধানিক সংস্কৃতির অংশ।

    তবে রায়ের মূল বার্তা হলো—এটি সংসদের ক্ষমতা খর্ব করার উদ্দেশ্যে দেওয়া হয়নি। বরং সংসদের সাংবিধানিক ভূমিকা স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। সংসদ অবশ্যই জনগণের প্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠান, কিন্তু সেই প্রতিনিধিত্বও সংবিধানের নির্ধারিত সীমার মধ্যে পরিচালিত হতে হবে। গণতন্ত্রে জনগণের ভোটে সরকার গঠিত হয়। কিন্তু সাংবিধানিক গণতন্ত্রে নির্বাচিত সরকারও আইনের শাসন, নাগরিক অধিকার এবং সংবিধানের মৌলিক নীতির অধীন থাকে।

    রায়ের আরেকটি উল্লেখযোগ্য দিক হলো, আদালত পুরো পঞ্চদশ সংশোধনীকে একসঙ্গে বাতিল করেননি। বরং যেসব অংশকে সংবিধানের মৌলিক কাঠামো ও সাংবিধানিক নীতির সঙ্গে অসঙ্গতিপূর্ণ মনে করেছেন, সেসব বিষয়ে সিদ্ধান্ত দিয়েছেন। একই সঙ্গে সংশোধনীর অন্যান্য অনেক বিধান বহাল রাখা হয়েছে এবং কিছু ক্ষেত্রে ভবিষ্যৎ সংসদের জন্য নীতিগত সিদ্ধান্ত নেওয়ার সুযোগও রাখা হয়েছে।

    এই অবস্থান থেকে বোঝা যায়, আদালত নিজেকে বিকল্প আইনসভা হিসেবে প্রতিষ্ঠা করতে চাননি। বরং একটি সাংবিধানিক সীমারেখা নির্ধারণ করেছেন—সংসদের সংবিধান সংশোধনের ক্ষমতা রয়েছে, তবে সেই ক্ষমতা ব্যবহার করে সংবিধানের মৌলিক পরিচয় বিলীন করা যাবে না।

    এই রায়ের তাৎপর্য কোনো নির্দিষ্ট রাজনৈতিক পক্ষের পক্ষে বা বিপক্ষে সীমাবদ্ধ নয়। এর বড় গুরুত্ব হলো, এটি বাংলাদেশের সাংবিধানিক ব্যবস্থায় একটি মৌলিক নীতি আবারও সামনে এনেছে—রাষ্ট্রের সর্বোচ্চ কর্তৃত্ব কোনো একক প্রতিষ্ঠানের হাতে নয়; সর্বোচ্চ অবস্থানে রয়েছে সংবিধান, আর সেই সংবিধানের বৈধতার মূল উৎস হলো জনগণ।

    এই রায়ের মূল বার্তা কোথায়?

    পঞ্চদশ সংশোধনী-সংক্রান্ত রায় নিয়ে রাজনৈতিক ও আইনগত বিতর্ক চলতেই থাকবে। কেউ এটিকে সংবিধান রক্ষায় বিচার বিভাগের গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে দেখবেন, আবার কেউ এটিকে বিচারিক সক্রিয়তার উদাহরণ হিসেবে ব্যাখ্যা করবেন। গণতান্ত্রিক সমাজে এমন ভিন্নমত স্বাভাবিক। তবে এই বিতর্কের আড়ালে রায়ের মূল বার্তাটি যেন হারিয়ে না যায়।

    এই রায়ের কেন্দ্রীয় বিষয় কেবল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নয়। বরং এর গভীর প্রশ্ন হলো—রাষ্ট্রীয় ক্ষমতার সীমারেখা কে নির্ধারণ করবে? আদালতের ব্যাখ্যা অনুযায়ী, সেই সীমারেখার চূড়ান্ত ভিত্তি হলো সংবিধান নিজেই।

    সংসদ, সরকার এবং বিচার বিভাগ—তিনটি প্রতিষ্ঠানই সংবিধানের মাধ্যমে সৃষ্টি হয়েছে। তাই কোনো প্রতিষ্ঠানই সংবিধানের ঊর্ধ্বে নয়। সংসদের যেমন আইন প্রণয়নের ক্ষমতা রয়েছে, তেমনি সেই আইন ও সিদ্ধান্ত সংবিধানের মৌলিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা যাচাই করার দায়িত্বও রয়েছে।

    এই ধারণার গুরুত্ব এখানেই যে, সংবিধানের কাজ শুধু একটি সরকার গঠনের কাঠামো তৈরি করা নয়; একই সঙ্গে রাষ্ট্রীয় ক্ষমতার ব্যবহারে সীমারেখা নির্ধারণ করাও। গণতন্ত্র শুধু সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে ক্ষমতায় যাওয়ার পদ্ধতি নয়, বরং ক্ষমতার অপব্যবহার রোধের একটি ব্যবস্থাও।

    বিশ্বের অধিকাংশ সাংবিধানিক গণতন্ত্রে এ কারণেই সংবিধানকে সর্বোচ্চ আইন হিসেবে বিবেচনা করা হয়। সংসদ আইন তৈরি করে, কিন্তু সেই আইনও সংবিধানের মূল নীতি ও বিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হয়। আদালতের ভূমিকা সংসদের বিকল্প হিসেবে কাজ করা নয়; বরং সাংবিধানিক সীমারেখার মধ্যে সংসদের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে কি না, তা নিশ্চিত করা।

    তবে এই রায় বিচার বিভাগের জন্যও একটি বড় দায়িত্ব তৈরি করেছে। সংবিধানের মৌলিক কাঠামো রক্ষার ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে আদালতকে অত্যন্ত সতর্ক ও সংযত থাকতে হবে। ‘মৌলিক কাঠামো তত্ত্ব’ এমন কোনো হাতিয়ার নয়, যার মাধ্যমে রাজনৈতিক মতপার্থক্যের সমাধান করা হবে। এটি প্রয়োগের বিষয় তখনই আসে, যখন কোনো সংশোধনী সত্যিই সংবিধানের মৌলিক পরিচয়, গণতান্ত্রিক চরিত্র বা জনগণের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে।

    অন্যথায় বিচার বিভাগ অতিরিক্ত হস্তক্ষেপের মাধ্যমে নিজের সাংবিধানিক ভারসাম্যও ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই বিচারিক ক্ষমতার প্রয়োগে যেমন সংবিধান রক্ষার দায়িত্ব রয়েছে, তেমনি রয়েছে সীমারেখা মেনে চলার দায়িত্ব। অন্যদিকে, সংসদের জন্যও এই রায় একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। সংবিধান সংশোধনের ক্ষমতা সংসদের সাংবিধানিক অধিকার হলেও, সেই ক্ষমতার ব্যবহার হতে হবে দায়িত্বশীল, স্বচ্ছ এবং বৃহত্তর জাতীয় স্বার্থের বিবেচনায়।

    কারণ সংবিধান কোনো নির্দিষ্ট সরকার, রাজনৈতিক দল বা একটি সময়ের সংসদের সম্পত্তি নয়। এটি একটি দীর্ঘমেয়াদি জাতীয় অঙ্গীকার, যা অতীত, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে রাষ্ট্রীয় সম্পর্কের ভিত্তি তৈরি করে। রায়ের কার্যকরী অংশেও আদালত এই ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেছেন। আদালত পুরো পঞ্চদশ সংশোধনী বাতিল করেননি; বরং যেসব বিধানকে সংবিধানের মৌলিক কাঠামো ও সাংবিধানিক নীতির সঙ্গে অসঙ্গতিপূর্ণ মনে করেছেন, সেগুলোর বিষয়ে সিদ্ধান্ত দিয়েছেন।

    একই সঙ্গে অন্যান্য বিধান বহাল রাখা হয়েছে এবং ভবিষ্যৎ সংসদের জন্য সাংবিধানিক কাঠামোর মধ্যে প্রয়োজনীয় সংস্কারের সুযোগও রাখা হয়েছে। এই ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গিই এই রায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। কারণ এর মূল শিক্ষা হলো—সংবিধান পরিবর্তনযোগ্য, কিন্তু তার মৌলিক চেতনা ও পরিচয় রক্ষা করেই সেই পরিবর্তন করতে হবে।

    বাংলাদেশের সাংবিধানিক ইতিহাসে পঞ্চদশ সংশোধনী-সংক্রান্ত এই রায়ই শেষ কথা নয়। ভবিষ্যতে আপিল বিভাগে এর পুনর্বিবেচনার সুযোগ থাকতে পারে। একই সঙ্গে নতুন কোনো মামলায় আদালত এই বিষয়ে ভিন্ন ব্যাখ্যাও দিতে পারেন। বিচারব্যবস্থার স্বাভাবিক বিকাশের অংশ হিসেবেই এসব পরিবর্তন ও পুনর্মূল্যায়ন হয়ে থাকে। তবে এই রায় ইতোমধ্যে একটি গুরুত্বপূর্ণ কাজ করেছে। এটি বাংলাদেশের সাংবিধানিক রাজনীতির একটি মৌলিক প্রশ্নকে আবারও সামনে নিয়ে এসেছে—

    রাষ্ট্রের সর্বোচ্চ কর্তৃত্বের উৎস কোথায়?

    যদি এর উত্তর হয়—সংসদ, তাহলে সংখ্যাগরিষ্ঠতার সিদ্ধান্তই হবে চূড়ান্ত। যদি এর উত্তর হয়—আদালত, তাহলে বিচার বিভাগের সিদ্ধান্তই সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হবে।

    কিন্তু সাংবিধানিক গণতন্ত্রের দৃষ্টিতে উত্তর হলো—সর্বোচ্চ অবস্থানে রয়েছে সংবিধান। আর সেই সংবিধানের অধীনেই সংসদ, সরকার ও বিচার বিভাগ তাদের নিজ নিজ ক্ষমতা প্রয়োগ করে। বাংলাদেশের সংবিধানের ৭ অনুচ্ছেদে যে মূল দর্শন প্রতিফলিত হয়েছে, পঞ্চদশ সংশোধনী-সংক্রান্ত রায় মূলত সেই ধারণাকেই নতুনভাবে ব্যাখ্যা করেছে। এর মূল শিক্ষা কোনো নির্দিষ্ট রাজনৈতিক ব্যবস্থা বা পক্ষের পক্ষে-বিপক্ষে সীমাবদ্ধ নয়। বরং এটি মনে করিয়ে দেয়—সংবিধান শুধু রাষ্ট্র পরিচালনার নিয়মের সমষ্টি নয়; এটি রাষ্ট্রীয় ক্ষমতার সীমারেখা নির্ধারণেরও প্রধান ভিত্তি।

    এ কারণেই প্রতিটি প্রজন্মকে বারবার একটি মৌলিক প্রশ্নের মুখোমুখি হতে হয়—সংবিধান কি কেবল প্রয়োজন অনুযায়ী পরিবর্তনযোগ্য একটি আইন, নাকি এটি এমন একটি জাতীয় অঙ্গীকার, যার কিছু মৌলিক মূল্যবোধ সাময়িক রাজনৈতিক সংখ্যাগরিষ্ঠতার ঊর্ধ্বে অবস্থান করে?

    পঞ্চদশ সংশোধনী মামলার রায় এই প্রশ্নের একটি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দিয়েছে। তবে এর চূড়ান্ত সাংবিধানিক অবস্থান নির্ধারিত হবে ভবিষ্যতের বিচারিক পর্যালোচনা ও ব্যাখ্যার মাধ্যমে। কারণ ‘মৌলিক কাঠামো’ ধারণার সুনির্দিষ্ট সীমারেখা সব সময় একইভাবে নির্ধারিত নয়; সময়, সমাজ ও বিচারিক দৃষ্টিভঙ্গির পরিবর্তনের সঙ্গে এর ব্যাখ্যাও বিকশিত হতে পারে।

    তবে একটি বিষয় স্পষ্ট—এই রায় বাংলাদেশের সাংবিধানিক ইতিহাসে দীর্ঘদিন আলোচনার বিষয় হয়ে থাকবে। কারণ এটি আবারও স্মরণ করিয়ে দিয়েছে, রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানই সংবিধানের ঊর্ধ্বে নয়। জনগণের সার্বভৌম ইচ্ছার প্রতিফলন হিসেবে সংবিধানই রাষ্ট্র পরিচালনার সর্বোচ্চ ভিত্তি, আর সেই ভিত্তি রক্ষা করাই সব সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান দায়িত্ব।

    • লেখক: শামস নজীব অর্ক, সিনিয়র লিগ্যাল অফিসার।
    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    কেন ইব্রাহিম ত্রাওরেকে হত্যা করতে চায় পশ্চিমা বিশ্ব?

    জুলাই 12, 2026
    অপরাধ

    ড্রাইভার থেকে বিলাসবহুল সাম্রাজ্য—কীভাবে গড়ে উঠল সম্পদের পাহাড়?

    জুলাই 12, 2026
    আইন আদালত

    যাবজ্জীবন থেকে পরোয়ানাহীন গ্রেফতার—জাল মুদ্রা আইনে কী থাকছে?

    জুলাই 12, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram
    ‘হাম ব্যবস্থাপনায় সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ কি পর্যাপ্ত ছিল, আপনি কি মনে করেন?

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.