একটি সাধারণ ঘটনা মুহূর্তেই রূপ নেয় মর্মান্তিক হত্যাকাণ্ডে। চিপস কিনতে যাওয়া খন্দকার ইয়াসিন আরাফাত লাল্টুর ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পরে এই হত্যাকাণ্ডের বিচারিক কার্যক্রমে আদালতের সামনে উঠে আসে একাধিক গুরুত্বপূর্ণ সাক্ষ্য-প্রমাণ। চাক্ষুষ সাক্ষীর বর্ণনা, মৃত্যুর আগে নিহতের দেওয়া বক্তব্য, উদ্ধার হওয়া আলামত এবং ময়নাতদন্ত প্রতিবেদনের সমন্বিত মূল্যায়নের ভিত্তিতে আদালত আসামীর বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে রায় দেন।
মৃত্যুকালীন ঘোষণার গুরুত্ব:
মামলার অন্যতম গুরুত্বপূর্ণ প্রমাণ ছিল নিহতের মৃত্যুকালীন ঘোষণা। মৃত্যুর আগে তিনি তার কাকা হালিম শেখের কাছে বলেন, “কাকা, লিটন মারছে।” আসামিপক্ষ আদালতে দাবি করে, এই বক্তব্য কোনো ম্যাজিস্ট্রেট বা চিকিৎসকের সামনে দেওয়া হয়নি। তাই এটিকে আইনি প্রমাণ হিসেবে গ্রহণ করা উচিত নয়।
তবে আদালত সাক্ষ্য আইনের ৩২ ধারা উল্লেখ করে বলেন, মৃত্যুকালীন ঘোষণা অবশ্যই ম্যাজিস্ট্রেট বা চিকিৎসকের উপস্থিতিতে দিতে হবে—এমন বাধ্যবাধকতা আইনে নেই। এটি মৌখিক বা লিখিত—উভয়ভাবেই গ্রহণযোগ্য হতে পারে। আদালত এ বিষয়ে দেশের উচ্চ আদালতের পূর্ববর্তী গুরুত্বপূর্ণ রায়ের দৃষ্টান্তও তুলে ধরেন এবং বলেন, নির্ভরযোগ্য মৃত্যুকালীন ঘোষণার ভিত্তিতেও দোষী সাব্যস্ত করা সম্ভব।
প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যে মিলেছে ঘটনার বর্ণনা:
মামলায় দুইজন প্রত্যক্ষদর্শী আদালতে সাক্ষ্য দেন। তাদের ভাষ্য অনুযায়ী, আসামী লিটন পেছন দিক থেকে এসে ধারালো ছুরি দিয়ে লাল্টুর ওপর হামলা চালান। আসামিপক্ষ তাদের ঘটনাস্থলে আকস্মিক উপস্থিত ব্যক্তি হিসেবে উপস্থাপনের চেষ্টা করলেও জেরা শেষে তাদের বক্তব্যে উল্লেখযোগ্য কোনো অসঙ্গতি পাওয়া যায়নি। আদালত পর্যবেক্ষণে বলেন, একজন বিশ্বাসযোগ্য প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যও দণ্ড প্রদানের জন্য যথেষ্ট হতে পারে। এই মামলায় সেখানে একাধিক প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য আদালতের সামনে ছিল।
তদন্তে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি আসামীর দেখানো স্থান থেকে একটি কচুক্ষেত থেকে উদ্ধার করা হয়। আসামিপক্ষ যুক্তি দেয়, উদ্ধার হওয়া ছুরিতে আঙুলের ছাপ পরীক্ষা কিংবা রক্তমাখা পোশাকের রাসায়নিক পরীক্ষা করা হয়নি। তবে আদালত বলেন, তদন্তে কিছু প্রক্রিয়াগত সীমাবদ্ধতা থাকলেও অন্যান্য নির্ভরযোগ্য সাক্ষ্য ও আলামত যদি পরস্পরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়, তাহলে শুধু এসব কারণে আসামীকে খালাস দেওয়ার সুযোগ নেই।
আত্মপক্ষ সমর্থনে আসামী দাবি করেন, ঘটনার সময় তিনি মানসিকভাবে স্বাভাবিক ছিলেন না অথবা নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। দণ্ডবিধির ৮৪ ধারার সুবিধা পাওয়ারও চেষ্টা করা হয় কিন্তু আদালত বলেন, আসামী ঘটনার সময় নিজের কাজের প্রকৃতি বোঝার সক্ষমতা হারিয়েছিলেন—এমন কোনো গ্রহণযোগ্য প্রমাণ উপস্থাপন করা হয়নি। শুধু নেশাগ্রস্ত থাকার দাবি কোনো ব্যক্তিকে ফৌজদারি দায় থেকে অব্যাহতি দিতে পারে না।
ময়নাতদন্ত পরিচালনাকারী চিকিৎসক এবং সুরতহাল প্রস্তুতকারী কর্মকর্তার সাক্ষ্যে নিহতের শরীরে থাকা আঘাতের চিহ্ন প্রত্যক্ষদর্শীদের বর্ণনার সঙ্গে মিল পাওয়া যায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, বক্ষগহ্বরে অতিরিক্ত রক্তক্ষরণ এবং শকের কারণে লাল্টুর মৃত্যু হয়েছে। আদালতের মতে, এই চিকিৎসা-সংক্রান্ত তথ্য হামলার ধরন ও আঘাতের গুরুত্বকে আরও স্পষ্টভাবে প্রতিষ্ঠা করেছে।
আদালতের পর্যবেক্ষণ ও রায়:
আদালত সব সাক্ষ্য-প্রমাণ, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, মৃত্যুকালীন ঘোষণা, উদ্ধার হওয়া আলামত এবং চিকিৎসা-সংক্রান্ত প্রতিবেদন বিশ্লেষণ করে সিদ্ধান্তে পৌঁছান যে, পূর্ব শত্রুতার জেরে আসামী লিটন পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে খন্দকার ইয়াসিন আরাফাত লাল্টুকে হত্যা করেছেন। অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত দণ্ডবিধির ৩০২ ধারায় তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন।
রায়ের তাৎপর্য:
এই মামলার রায়ে আদালত স্পষ্ট করেছেন, কোনো তদন্তে প্রযুক্তিগত বা বৈজ্ঞানিক সীমাবদ্ধতা থাকলেও যদি প্রত্যক্ষ সাক্ষ্য, পারিপার্শ্বিক প্রমাণ, মৃত্যুকালীন ঘোষণা এবং চিকিৎসা-সংক্রান্ত তথ্য পরস্পরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়, তবে তা অপরাধ প্রমাণে যথেষ্ট হতে পারে।
রায়টি ফৌজদারি বিচার ব্যবস্থায় সাক্ষ্য-প্রমাণের মূল্যায়ন কীভাবে করা হয়, তার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে বিবেচিত হতে পারে। একই সঙ্গে এটি দেখায়, আদালত প্রমাণের সামগ্রিক মূল্যায়নের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছান।
- লেখক: সিরাজ প্রামাণিক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, আইনগ্রন্থ প্রণেতা ও পিএইচ.ডি-ইন-ল।

