দেশের আইন পেশাকে আরও দক্ষ, আধুনিক ও জ্ঞানভিত্তিক করে গড়ে তোলার প্রত্যয়ে বাংলাদেশ আইন সমিতি আয়োজন করেছে “Legal Profession: Challenges & Prospects” শীর্ষক একটি ব্যতিক্রমী আলোচনা সভা। বিচার বিভাগ, আইনজীবী সমাজ, আইন শিক্ষাবিদ, করপোরেট আইন বিশেষজ্ঞ এবং আইন শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠিত এ আয়োজন আইন অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছে।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. বোরহান উদ্দিন খান, সাবেক ডিন, আইন অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়; মাননীয় বিচারপতি জনাব জাফর আহমেদ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট; ব্যারিস্টার এম. মাহবুব উদ্দিন খোকন, এমপি, সভাপতি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি; মাননীয় অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল; সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করিম; সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার সালাহউদ্দিন দোলন; বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য ব্যারিস্টার নাসির উদ্দীন আহমেদ ওয়াসিম; সদস্য শিশির মনির এবং ইউনিলিভার বাংলাদেশের কোম্পানি সেক্রেটারি ব্যারিস্টার শারমিন শিউলি।

বক্তারা তাঁদের বক্তব্যে আইন পেশার নৈতিকতা, পেশাগত উৎকর্ষ, প্রযুক্তিনির্ভর আইনি চর্চা, গবেষণার গুরুত্ব, তরুণ আইনজীবীদের দক্ষতা বৃদ্ধি এবং বিচারপ্রার্থীদের জন্য আরও কার্যকর ও জনবান্ধব আইনি সেবা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে মূল্যবান মতামত তুলে ধরেন। উপস্থিত আইনজীবী ও শিক্ষার্থীরা অভিজ্ঞ ব্যক্তিদের এসব দিকনির্দেশনামূলক আলোচনা থেকে গুরুত্বপূর্ণ জ্ঞান ও অনুপ্রেরণা লাভ করেন।
অনুষ্ঠানটির সার্বিক আয়োজন, পরিকল্পনা এবং সফল বাস্তবায়নের জন্য বিশেষভাবে প্রশংসিত হয়েছেন বাংলাদেশ আইন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান। তাঁর সুদূরপ্রসারী চিন্তাভাবনা, সাংগঠনিক দক্ষতা এবং আইন পেশার উন্নয়নে নিরলস প্রচেষ্টার ফলেই দেশের বিশিষ্ট বিচারপতি, আইনজীবী, শিক্ষাবিদ ও করপোরেট আইন বিশেষজ্ঞদের এক মঞ্চে এনে এমন একটি উচ্চমানের আলোচনা অনুষ্ঠানের আয়োজন সম্ভব হয়েছে বলে উপস্থিত অনেকেই অভিমত ব্যক্ত করেন।
আইন পেশাকে কেবল আদালতকেন্দ্রিক চর্চার মধ্যে সীমাবদ্ধ না রেখে গবেষণা, দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক মানের পেশাগত সক্ষমতা অর্জনের লক্ষ্যে বাংলাদেশ আইন সমিতির ধারাবাহিক উদ্যোগকে সময়োপযোগী বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে তরুণ আইনজীবী ও আইন শিক্ষার্থীদের জন্য অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়ের এমন সুযোগ ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মত প্রকাশ করা হয়।
অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, অ্যাডভোকেট মাহবুবুর রহমান খানের নেতৃত্বে বাংলাদেশ আইন সমিতি ভবিষ্যতেও আইন পেশার উন্নয়ন, গবেষণার প্রসার, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং আইনজীবীদের মধ্যে জ্ঞানচর্চার সংস্কৃতি বিকাশে আরও কার্যকর ও যুগোপযোগী কর্মসূচি গ্রহণ করবে।
দেশের আইন অঙ্গনের সামগ্রিক উন্নয়ন এবং একটি দক্ষ, নৈতিক ও আধুনিক আইনজীবী সমাজ গঠনের লক্ষ্যে বাংলাদেশ আইন সমিতির এই উদ্যোগ নিঃসন্দেহে একটি অনুকরণীয় দৃষ্টান্ত। আইন পেশার চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে এমন ব্যতিক্রমী আয়োজন ধারাবাহিকভাবে অব্যাহত থাকুক, এমন প্রত্যাশাই সংশ্লিষ্ট সবার।

