দুর্নীতি, ঘুষ, ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়মের মাধ্যমে অবৈধভাবে অর্থ উপার্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সহকারী বিপ্লব বড়ুয়া, তাঁর স্ত্রী সোমা বড়ুয়া, ভাই বিদ্যুৎ বড়ুয়া এবং বিদ্যুতের স্ত্রী অগ্নি বড়ুয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
সোমবার (৩১ আগস্ট) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন।
আদালতে দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক (মানিলন্ডারিং) মো. জাহাঙ্গীর তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, বিপ্লব বড়ুয়া, তাঁর স্ত্রী, ভাই ও ভাবির বিরুদ্ধে দুর্নীতি, ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে বিধিবহির্ভূতভাবে অর্থ উপার্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে।
দুদকের অনুসন্ধানে অভিযোগ পাওয়া গেছে, অবৈধভাবে অর্জিত অর্থ তাঁরা নিজেদের নামে এবং স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে পরিচালিত ব্যাংক হিসাবে লেনদেনের মাধ্যমে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে সম্পৃক্ত অপরাধ করেছেন।
আবেদনে আরও বলা হয়, অনুসন্ধানের সময় বিশ্বস্ত সূত্রে জানা গেছে, অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন। তাঁরা বিদেশে চলে গেলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ কারণে অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে বিপ্লব বড়ুয়া, তাঁর স্ত্রী, ভাই ও ভাবির বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।
দুদকের আবেদনের শুনানি শেষে আদালত চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন।

