আইনি দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ ও করণীয়
জীবনের সঞ্চিত অর্থ দিয়ে একখণ্ড জমি কেনা—বাংলাদেশের মানুষের কাছে এটি শুধু একটি বিনিয়োগ নয়, বরং নিরাপত্তা আর স্বপ্নের প্রতীক। অথচ প্রতিদিন সারাদেশের আদালতগুলোতে হাজার হাজার মামলা জমে আছে শুধু একটি কারণে—কেনার আগে সঠিক কাগজপত্র যাচাই না করা। একটি ভুয়া ওয়ারিশ সনদ, একটি বেনামি দলিল কিংবা একটি অমীমাংসিত মামলা—যেকোনো একটি ঘিরেই একজন ক্রেতার জীবনের সঞ্চয় নিমিষে হয়ে যেতে পারে বিরোধপূর্ণ সম্পত্তি। তাই জমি কেনার সিদ্ধান্ত নেওয়ার আগে কোন কোন কাগজ অবশ্যই যাচাই করতে হবে এবং কেন, তার একটি পর্যালোচনা থাকছে আজকের প্রতিবেদনে।
১. মূল দলিল ও পূর্ববর্তী মালিকানার ধারাবাহিকতা
জমির মালিকানার সবচেয়ে বড় প্রমাণ হলো রেজিস্ট্রিকৃত দলিল। সম্পত্তি হস্তান্তর আইন, ১৮৮২-এর ৫৪ ধারা অনুযায়ী স্থাবর সম্পত্তির বৈধ হস্তান্তর সম্পন্ন হয় কেবল নিবন্ধিত দলিলের মাধ্যমে। তবে শুধু বিক্রেতার হাতে থাকা একটি দলিল দেখেই সন্তুষ্ট হওয়া বিপজ্জনক। সাব-রেজিস্ট্রি অফিসে গিয়ে ভলিউম বই তল্লাশি করে দেখতে হবে দলিলের নম্বর, তারিখ ও দাতার নাম মিলছে কিনা, এবং সম্ভব হলে অন্তত ২৫ থেকে ৩০ বছরের মালিকানার ধারাবাহিক ইতিহাস (চেইন অব টাইটেল) যাচাই করা প্রয়োজন। রেজিস্ট্রেশন আইন, ১৯০৮-এর ২২ক ধারায় হস্তান্তর দলিলে পক্ষগণের সঠিক পরিচয়, সম্পত্তির পূর্ণ বিবরণ ও লেনদেনের প্রকৃতি উল্লেখ বাধ্যতামূলক করা হয়েছে—এই তথ্যগুলো বর্তমান বিক্রেতার দলিলের সঙ্গে না মিললে সতর্ক হওয়া উচিত।
২. খতিয়ান ও পর্চা (সিএস, এসএ, আরএস, বিএস)
বাংলাদেশে ভূমি জরিপের ইতিহাসে সিএস, এসএ, আরএস ও সাম্প্রতিক বিএস—এই কয়েক ধাপে খতিয়ান প্রস্তুত হয়েছে। রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, ১৯৫০ অনুযায়ী প্রতিটি জরিপে জমির মালিকানা ও দখল নতুন করে লিপিবদ্ধ হয়। ক্রেতার উচিত সর্বশেষ খতিয়ান বা পর্চা সংগ্রহ করে দেখা, দলিলে উল্লিখিত মালিকের নামের সঙ্গে খতিয়ানের নাম মিলছে কিনা। কোনো ধাপে অসংগতি থাকলে তা ভবিষ্যতে মালিকানা বিরোধের কারণ হতে পারে।
৩. নামজারি (মিউটেশন) ও ডিসিআর
দলিল রেজিস্ট্রি হলেই জমি “সরকারি রেকর্ডে” ক্রেতার নামে বসে যায় না। এজন্য প্রয়োজন উপজেলা ভূমি অফিসে নামজারি বা মিউটেশনের আবেদন, যার ফলাফল হিসেবে ইস্যু হয় ডিসিআর (ডুপ্লিকেট কার্বন রিসিট)। বিক্রেতার নামে নামজারি সম্পন্ন না থাকলে বোঝা যায় জমিটি এখনও পূর্বের মালিকের রেকর্ডেই রয়ে গেছে, যা মালিকানা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ তৈরি করে। বর্তমানে ভূমি মন্ত্রণালয়ের ই-নামজারি সেবার মাধ্যমে অনলাইনেও এই তথ্য যাচাই করা যায়।
৪. খাজনার হালনাগাদ দাখিলা
ভূমি উন্নয়ন কর বা খাজনা পরিশোধের রশিদ প্রমাণ করে জমিটি নিয়মিত সরকারকে কর দিয়ে ভোগদখল করা হচ্ছে। বকেয়া খাজনা থাকলে তা নতুন মালিকের ওপরও বর্তাতে পারে, তাই সাম্প্রতিক বছরের দাখিলা যাচাই আবশ্যক।
৫. ওয়ারিশ সনদ ও উত্তরাধিকার বণ্টন
বিক্রেতা যদি উত্তরাধিকার সূত্রে মালিক হন, তবে স্থানীয় চেয়ারম্যান বা কাউন্সিলর প্রদত্ত ওয়ারিশ সনদ যাচাই করে দেখতে হবে প্রকৃত ওয়ারিশদের তালিকায় কোনো নাম বাদ পড়েছে কিনা। মুসলিম ফারায়েজ আইন বা হিন্দু উত্তরাধিকার আইন অনুযায়ী প্রতিটি ওয়ারিশের প্রাপ্য অংশ সঠিকভাবে নির্ধারিত হয়েছে কিনা তা মিলিয়ে দেখা জরুরি, নইলে বাদ পড়া ওয়ারিশ পরে দলিল বাতিলের মামলা করতে পারেন।
৬. বায়নাপত্র ও পূর্বের কোনো চুক্তি আছে কিনা
সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭-এর ২০০৪ সালের সংশোধনী অনুযায়ী অস্থাবর সম্পত্তির বিক্রয়-সংক্রান্ত চুক্তি লিখিত ও রেজিস্ট্রিকৃত না হলে আদালতে তা বলবৎযোগ্য নয়। তবু বাস্তবে অনেক জমি একাধিকবার বিভিন্ন ব্যক্তির কাছে বায়না করা হয়ে থাকে। তাই বিক্রেতা এর আগে অন্য কারো সঙ্গে বায়নাপত্র করেছেন কিনা তা যাচাই করা প্রয়োজন, কারণ “লিসপেনডেন্স” নীতি অনুযায়ী মামলাধীন সম্পত্তি হস্তান্তর হলেও তা ক্রেতার জন্য ঝুঁকিপূর্ণ থেকে যায়।
৭. মামলা ও দায়–দেনা মুক্ত সনদ (নন–এনকামব্রেন্স সার্টিফিকেট)
সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রি অফিস থেকে “নন-এনকামব্রেন্স সার্টিফিকেট” সংগ্রহ করলে জানা যায় জমিটি বন্ধক আছে কিনা বা এর ওপর কোনো ঋণ-দায় রয়েছে কিনা। পাশাপাশি স্থানীয় সহকারী জজ আদালত ও জেলা জজ আদালতে জমি নিয়ে কোনো দেওয়ানি মামলা বিচারাধীন আছে কিনা তা-ও খতিয়ে দেখা উচিত।
৮. সিটি জরিপ বা মৌজা ম্যাপ ও সীমানা
জমির প্রকৃত অবস্থান, দাগ নম্বর ও সীমানা মৌজা ম্যাপের সঙ্গে মিলিয়ে দেখা প্রয়োজন। সরেজমিনে গিয়ে জমির প্রকৃত পরিমাণ কাগজে উল্লেখিত পরিমাণের সঙ্গে মিলছে কিনা, এবং জমিটি সরকার অধিগ্রহণ করেছে কিনা এসব সরেজমিন যাচাই ছাড়া শুধু কাগজপত্রে আস্থা রাখা ঝুঁকিপূর্ণ।
৯. পাওয়ার অব অ্যাটর্নি যাচাই/ আমোক্তারনামা (যদি প্রযোজ্য হয়)
অনেক ক্ষেত্রে প্রকৃত মালিকের পক্ষে কোনো মুখ্তারনামাধারী ব্যক্তি জমি বিক্রি করেন। পাওয়ার অব অ্যাটর্নি আইন, ২০১২ অনুযায়ী আমমোক্তারনামা রেজিস্ট্রিকৃত ও বৈধভাবে সম্পাদিত কিনা, এবং তা এখনো বলবৎ আছে কিনা (বাতিল বা মূল মালিকের মৃত্যু হয়নি তো) তা যাচাই করা আবশ্যক। ভুয়া বা মেয়াদোত্তীর্ণ পাওয়ার অব অ্যাটর্নির মাধ্যমে সম্পাদিত দলিল আইনের চোখে অকার্যকর।
১০. প্রযোজ্য ক্ষেত্রে ওয়াক্ফ বা দেবোত্তর সম্পত্তির ছাড়পত্র
জমিটি কখনো ওয়াক্ফ এস্টেটের অন্তর্ভুক্ত ছিল কিনা তা ওয়াক্ফ প্রশাসকের কার্যালয় থেকে যাচাই করা প্রয়োজন, কারণ ওয়াক্ফ (সম্পত্তি হস্তান্তর ও উন্নয়ন) বিশেষ বিধান আইন, ২০১৩ অনুযায়ী ওয়াক্ফ সম্পত্তি নির্দিষ্ট শর্ত ও অনুমোদন ছাড়া হস্তান্তরযোগ্য নয়। একইভাবে দেবোত্তর বা ধর্মীয় প্রতিষ্ঠানের নামে থাকা সম্পত্তির ক্ষেত্রেও বিশেষ আইনি বিধিনিষেধ প্রযোজ্য হতে পারে।
রেজিস্ট্রেশনের সময় করণীয়
সবকিছু যাচাইয়ের পর দলিল রেজিস্ট্রির সময়ও কিছু আইনি বাধ্যবাধকতা মানতে হয়। স্ট্যাম্প আইন, ১৮৯৯ অনুযায়ী যথাযথ স্ট্যাম্প শুল্ক পরিশোধ, এবং রেজিস্ট্রেশন আইন, ১৯০৮-এর ২২ক ধারা অনুযায়ী উভয় পক্ষের ছবি ও টিপসই দলিলে সংযুক্ত করা বাধ্যতামূলক। এ ছাড়া ফ্ল্যাট বা প্লট কেনার ক্ষেত্রে ক্রেতার কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) ছাড়া নিবন্ধন সম্পন্ন হয় না। আবাসন প্রকল্পের জমি বা ফ্ল্যাট হলে রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন, ২০১০-এর অধীন প্রতিষ্ঠানের বৈধতাও যাচাই করা প্রয়োজন।
আইনি পরামর্শ
আইনজ্ঞদের অভিমত অনুযায়ী, শুধু ফটোকপি বা মৌখিক আশ্বাসের ওপর ভরসা না করে প্রতিটি কাগজের মূল কপি সাব-রেজিস্ট্রি অফিস, ইউনিয়ন ভূমি অফিস ও সহকারী কমিশনার (ভূমি)-এর কার্যালয়ে গিয়ে সরাসরি যাচাই করা উচিত। একজন অভিজ্ঞ দলিল লেখক বা সম্পত্তি আইনে দক্ষ আইনজীবীর মাধ্যমে “টাইটেল সার্চ” করিয়ে নেওয়াই সবচেয়ে নিরাপদ পথ। কারণ বাংলাদেশের আদালতে একবার মালিকানা নিয়ে মামলা শুরু হলে তা বছরের পর বছর ধরে চলতে পারে, আর এই দীর্ঘসূত্রতার মূল্য শেষ পর্যন্ত ক্রেতাকেই বহন করতে হয়। তাই জমি কেনা মানেই শুধু দামে-দরে মেলা নয়, এটি একটি আইনি প্রক্রিয়া, যেখানে সামান্য অসতর্কতাও ডেকে আনতে পারে দীর্ঘমেয়াদি বিপদ।

