দেশে সরকারি খরচে আইনি সহায়তা ও পরামর্শ পেয়েছেন ১৮ লাখ ৪৬ হাজার ৭৯৯ জন। জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) মাধ্যমে ২০০৯ সাল থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত এসব সেবা দেওয়া হয়েছে।
জাতীয় আইনগত সহায়তা সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে বেশি মানুষ আইনি সহায়তা পেয়েছেন দেশের ৬৪টি জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে। এসব কার্যালয় থেকে ১৩ লাখ ৩৩ হাজার ৭৭৭ জনকে সেবা দেওয়া হয়েছে।
এ ছাড়া সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৩১ হাজার ২২২ জন এবং ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৫১৪ জন আইনি সহায়তা পেয়েছেন।
সরকারি আইনি সহায়তার জাতীয় হেল্পলাইন কল সেন্টারের টোল-ফ্রি ১৬৬৯৯ নম্বরে যোগাযোগ করে আইনি পরামর্শ পেয়েছেন ২ লাখ ১৪ হাজার ৪৭১ জন। অনলাইন প্ল্যাটফর্ম, এর মধ্যে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমেও ৩৮০ জন আইনি পরামর্শ পেয়েছেন।
এর পাশাপাশি লিগ্যাল এইডের জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে ২ লাখ ৩৬ হাজার ৪৩৫ জনকে আইন ও অধিকার সম্পর্কে সচেতন করা হয়েছে।
সব মিলিয়ে সরকারি আইনগত সহায়তা কার্যক্রমের আওতায় সুবিধাভোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৪৬ হাজার ৭৯৯ জন।
আর্থিকভাবে অসচ্ছল ও বিচারপ্রার্থী মানুষের আইনি সহায়তা নিশ্চিত করার লক্ষ্যেই আইনগত সহায়তা প্রদান আইনের আওতায় সরকার এসব সেবা দিয়ে থাকে। এর মাধ্যমে অর্থের অভাবে যেন কোনো ব্যক্তি আইনগত প্রতিকার থেকে বঞ্চিত না হন, সে উদ্দেশ্যে বিনা বা সরকারি অর্থায়নে আইনি সহায়তা দেওয়ার ব্যবস্থা রয়েছে।
জাতীয় আইনগত সহায়তা সংস্থার কার্যক্রম আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে পরিচালিত হয়।

