সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে আবেদন করা হয়েছে।
রোববার চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামের কাছে সরাসরি লিখিত আবেদনটি জমা দেন রুনির ভাই নওশের রোমান।
আবেদনে বলা হয়েছে, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন সাগর সরওয়ার ও মেহেরুন রুনি।
সাগর ছিলেন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক। রুনি এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে কাজ করতেন।
পরিবারের আবেদনে বলা হয়, হত্যাকাণ্ডের ১৪ বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত প্রকৃত ঘটনা ও হত্যাকারীদের শনাক্ত করা সম্ভব হয়নি।
একাধিক সংস্থার তদন্তেও মেলেনি সমাধান
আবেদনে উল্লেখ করা হয়, হত্যাকাণ্ডের পর প্রথমে সংশ্লিষ্ট থানা পুলিশ তদন্ত শুরু করে। পরে গোয়েন্দা পুলিশ ও র্যাবও তদন্ত করে।
তবে কোনো সংস্থাই মামলাটির রহস্য উদ্ঘাটন করতে পারেনি বলে আবেদনে দাবি করা হয়েছে।
এরপর হাইকোর্টের নির্দেশে মামলাটির তদন্তভার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে দেওয়া হয়।
পিবিআই দীর্ঘ সময় ধরে তদন্ত করলেও এখন পর্যন্ত হত্যাকাণ্ডের কোনো চূড়ান্ত সমাধান পাওয়া যায়নি বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
প্রকৃত হত্যাকারীদের খুঁজে বের করার দাবি
আবেদনে পরিবারের পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে হত্যাকাণ্ডটির সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়েছে।
একই সঙ্গে প্রকৃত হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার আবেদন করা হয়েছে।
আবেদনকারীরা বলেছেন, দীর্ঘ সময় পার হয়ে গেলেও বিচার না হওয়ায় পরিবার এখনো ন্যায়বিচার থেকে বঞ্চিত।
হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিও জানানো হয়েছে।
এ ছাড়া আবেদনটি আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন রুনির ভাই নওশের রোমান।

