রাজধানীর পল্লবীতে ছিনতাইয়ে বাধা দেওয়ায় মো. সজীব (২২) নামে এক তরুণকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা মামলায় মো. জুয়েল ওরফে বাল্লা জুয়েলের (২৬) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালত এই আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহবুব হাসান জুয়েলকে আদালতে হাজির করেন। তিনি আসামির সাত দিনের রিমান্ড চান। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ৯ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে পল্লবীর সেকশন ১০ এর ব্লক এ এলাকায় প্যারিস রোডসংলগ্ন কাঠালতলা মাঠে সজীবকে আটকান কয়েকজন।
তারা দেশীয় অস্ত্র দেখিয়ে সজীবের টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
সজীব এতে বাধা দিলে তাকে অস্ত্র দিয়ে মারধর করা হয়। একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে তাঁর পেটের ডান পাশে আঘাত করা হয়।
পরে গুরুতর আহত অবস্থায় সজীবকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৪ সেপ্টেম্বর সকালে তাঁর মৃত্যু হয়।
সজীব পল্লবী এলাকায় ভ্যানে করে কাপড় বিক্রি করতেন।
এ ঘটনায় তাঁর মা মোসা. কহিনুর বেগম পল্লবী থানায় হত্যা মামলা করেন।
পুলিশ জানায়, ১৪ সেপ্টেম্বর পল্লবীর একটি বাসা থেকে জুয়েল ওরফে বাল্লা জুয়েলকে গ্রেপ্তার করা হয়।

