রাজধানীর মিরপুর ১ এর রাড্ডা এমসিএইচ এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের মামলায় শাহ আলী থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবুল কালাম আজাদ ওরফে শুটার লেলিনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হকের আদালত এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা লেলিনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন।
ডিএমপির প্রসিকিউশন বিভাগের এসআই লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২৫ সেপ্টেম্বর রাত ১২টা ৫ মিনিটের দিকে হ্যামার, লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে একদল ব্যক্তি রাড্ডা এমসিএইচ এফপি সেন্টারে ঢোকেন। তাঁরা দেয়াল টপকে প্রতিষ্ঠানের ভেতরে প্রবেশ করে দুই নৈশপ্রহরী আন্দ্রিয় সরকার ও মো. আব্দুল হাইকে মারধর করে বেঁধে রাখেন বলে অভিযোগ করা হয়েছে।
পরে হামলাকারীরা হ্যামার দিয়ে প্রধান ফটক ভেঙে একটি ভেকু ভেতরে নিয়ে যান। এরপর প্রতিষ্ঠানের পূর্ব পাশে থাকা প্রায় ২৮ ফুট লম্বা ও ১৫ ফুট চওড়া একটি সেমিপাকা ঘর ভেঙে ফেলা হয়। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, পরিবার পরিকল্পনা সেবার আরেকটি সেমিপাকা ঘর ও এর আসবাবপত্র ভাঙচুর করা হয়। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়। ক্লিনিক ইনচার্জ, চিকিৎসক ও ডেপুটি ক্লিনিক ইনচার্জের ব্যবহৃত আরেকটি সেমিপাকা ঘর এবং সেখানে থাকা আসবাব ও যন্ত্রপাতি ভাঙচুরে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
এ ছাড়া প্রায় ১০০ ফুট লম্বা ও ৪০ ফুট চওড়া রেজিস্ট্রেশন শাখায় ভাঙচুর চালানো হয়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতির কথা মামলায় বলা হয়েছে। আল্ট্রাসনোগ্রাম, টিকাদান ও ল্যাবরেটরি কক্ষের পাকা ভবনের দরজা ও জানালা ভাঙচুর করে আরও প্রায় ২ লাখ টাকার ক্ষতি করা হয় বলে অভিযোগ রয়েছে।
মামলায় আরও বলা হয়েছে, হামলাকারীরা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন ওষুধ ও সামগ্রী, দুটি আল্ট্রাসনোগ্রাম মেশিন, একটি জেনারেটর, দুটি কম্পিউটার, দুটি প্রিন্টার, তিনটি ফ্রিজ, তিনটি এসি ও তিনটি স্টিলের আলমারি নিয়ে যায়। এসব মালামালের আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা।
মামলার অভিযোগ অনুযায়ী, সব মিলিয়ে পাঁচটি ঘর, দরজা ও জানালা ভাঙচুর এবং মালামাল লুটের ঘটনায় প্রায় ১ কোটি ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে।
অভিযোগে আরও বলা হয়েছে, হামলাকারীরা চলে যাওয়ার সময় নৈশপ্রহরীদের ভয়ভীতি দেখিয়ে হুমকি দেন। পরে সেখানে একটি দোকানদার সমবায় সমিতির ব্যানার ও সাইনবোর্ড লাগিয়ে যান।
এ ঘটনায় রাড্ডা এমসিএইচ এফপি সেন্টারের নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার শাহ আলী থানায় মামলা করেন। মামলায় মো. হানিফ মিয়াসহ অজ্ঞাতপরিচয় ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ জানায়, সোমবার ভোরে চট্টগ্রাম থেকে লেলিনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের তালিকায় তিনি ‘শুটার লেলিন’ নামে পরিচিত।

