সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি শেষে আগামী রোববার ২৫ অক্টোবর হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম শুরু হবে বেলা আড়াইটায়।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট প্রশাসনের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অবকাশ শেষে প্রথম কার্যদিবসে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আপিল বিভাগের ১ নম্বর এজলাসের সামনের করিডোরে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।
এতে প্রধান বিচারপতি, আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদকসহ অন্য আইনজীবীদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
সৌজন্য সাক্ষাৎ উপলক্ষে সুপ্রিম কোর্টের মূল ভবনের পাশে ইনার কোর্ট ইয়ার্ডে আইনজীবীদের জন্য আপ্যায়নের ব্যবস্থা রাখা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই অনুষ্ঠান উপলক্ষে রোববার হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম বেলা আড়াইটায় শুরু হবে।

