ভারতে বেড়াতে গিয়ে নামের মিলের কারণে একটি হত্যা মামলায় জড়িয়ে প্রায় ১৮ বছর কারাগারে কাটিয়েছেন বাংলাদেশের বাগেরহাটের মোংলার বাসিন্দা বাদল ফরাজী। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে চার সপ্তাহের জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন তিনি। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তাঁকে মুক্তি দিয়ে বাগেরহাট পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশি নিরাপত্তায় নিজ বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন তিনি।
কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল সোয়া আটটার দিকে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে বাদল ফরাজীকে পুলিশের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। পরে তাঁকে বাগেরহাটে নেওয়া হয়। সেখানে আনুষ্ঠানিকতা শেষে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হয়।
বাদল ফরাজির কারাবাসের শুরু ২০০৮ সালে। ওই বছরের ৬ মে দিল্লির লাজপত নগরে ৭১ বছর বয়সী নির্মলা মাদান নামে এক নারী খুন হন। এ ঘটনায় ভারতীয় পুলিশ ‘বাদল সিং’ নামে নিহত নারীর এক সাবেক গৃহকর্মীকে খুঁজছিল। এর প্রায় দুই মাস পর, ১৩ জুলাই পর্যটক ভিসায় তাজমহল দেখতে ভারতে যান বাংলাদেশের বাদল ফরাজি। পরিবারের দাবি, নামের মিলের কারণে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাঁকে আটক করে বাদল সিং হিসেবে ওই হত্যা মামলায় গ্রেপ্তার দেখায়। শুরু থেকেই বাদল দাবি করে আসছেন, তিনি সেই ব্যক্তি নন।
তবে ২০১৫ সালের ২১ জুলাই দিল্লির একটি আদালত তাঁকে ওই হত্যা মামলায় দোষী সাব্যস্ত করেন। একই বছরের আগস্টে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পরে দিল্লি হাইকোর্টও সাজা বহাল রাখেন। প্রায় ১০ বছর ভারতের তিহার কারাগারে থাকার পর ২০১৮ সালের ৬ জুলাই ভারত ও বাংলাদেশের বন্দী স্থানান্তর চুক্তির আওতায় তাঁকে দেশে ফিরিয়ে আনা হয়। এরপর থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগার এবং পরে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন তিনি।
কারা ও জেলা প্রশাসন সূত্রের বরাত দিয়ে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৯ সেপ্টেম্বর দিল্লি হাইকোর্ট বাদল ফরাজির প্যারোলের আবেদন মঞ্জুর করে এবং প্রচলিত আইন অনুযায়ী তা কার্যকরের নির্দেশ দেয়। এরপর বাংলাদেশে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়। গত ১৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-২ শাখা থেকে গাজীপুরের জেলা প্রশাসককে তাঁর প্যারোলে মুক্তির ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়।
গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নূরুল করিম ভূঁইয়া জানান, মানবিক দিক বিবেচনায় প্রচলিত প্যারোল নীতিমালার সাধারণ ১২ ঘণ্টার সময়সীমার পরিবর্তে তাঁকে চার সপ্তাহের প্যারোল দেওয়া হয়েছে। সরকারের বিশেষ সিদ্ধান্তে এ সুযোগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
দীর্ঘ কারাবাসের মধ্যে বাদল ফরাজীর বাবা মারা গেছেন। তাঁর বৃদ্ধ মা বর্তমানে অসুস্থ এবং চলাফেরা করতে পারেন না। প্রায় ১৮ বছর পর ছেলের ফিরে আসার অপেক্ষায় রয়েছেন পরিবারের সদস্যরা। বাদল ফরাজির মুক্তির দাবিতে দীর্ঘদিন ধরে মানবাধিকারকর্মী, আইনজীবী ও সাংবাদিকেরা কাজ করেছেন। তাঁর জীবনকাহিনি নিয়ে লেখক রাহিতুল ইসলাম ‘বাদলের কারাবাস’ নামে একটি উপন্যাসও লিখেছেন।

