ফ্যাশন উদ্যোক্তা আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরীকে আবারও হুমকি দেওয়ার অভিযোগে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে মামলা হয়েছে।
সোমবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন সানায়া। তাঁর জবানবন্দি গ্রহণের পর আদালত তানজিন তিশাকে আগামী ২৩ নভেম্বর হাজির হয়ে অভিযোগের বিষয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন।
বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
এর এক দিন আগে তানজিন তিশার বিরুদ্ধে করা আগের মামলায় অধিকতর তদন্তের নির্দেশ দেন আদালত। মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
আগের মামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন অভিযোগের সত্যতা পাওয়া যায়নি উল্লেখ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছিল। পরে বাদীপক্ষ ওই প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন করে। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম অধিকতর তদন্তের নির্দেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী জানান, নারাজি আবেদনের শুনানির সময় আদালত কয়েকজন সাক্ষীর জবানবন্দিও গ্রহণ করেন। এরপর মামলাটির তদন্তের দায়িত্ব সিআইডিকে দেওয়া হয়।
মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ২৭ নভেম্বর তানজিন তিশার বিরুদ্ধে প্রথম মামলাটি করেন সানায়া চৌধুরী। তাঁর অভিযোগ, ২০২৪ সালের ১৩ ডিসেম্বর একটি অনুষ্ঠানে পরার জন্য তানজিন তিশা তাঁর কাছ থেকে ৭৫ হাজার টাকা মূল্যের একটি শাড়ি নেন। পরদিন শাড়িটি ফেরত দেওয়ার কথা থাকলেও তা ফেরত দেওয়া হয়নি।
শাড়িটি ফেরত চাওয়ার পর গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ করেন সানায়া। এ ঘটনায় তিনি ২০২৫ সালের ১২ নভেম্বর গুলশান থানায় সাধারণ ডায়েরি করেন।
তদন্ত শেষে গত ২৫ মে পিবিআই আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয়। এতে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি উল্লেখ করে তানজিন তিশাকে অব্যাহতির সুপারিশ করা হয়। পরে বাদীপক্ষ ওই প্রতিবেদনের বিরুদ্ধে আপত্তি জানালে আদালত মামলাটির অধিকতর তদন্তের নির্দেশ দেন।

