আইনজীবী মামলার আরজি তৈরির সময় ভুল করলেও তার দায় মক্কেলের ওপর চাপানো উচিত নয় বলে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, যে ভুলে মক্কেলের কোনো ভূমিকা নেই, সেই ভুলের কারণে তাঁকে ক্ষতিগ্রস্ত বা ভোগান্তির শিকার হতে দেওয়া যায় না।
‘মোহাম্মদ আসিফ বনাম রাষ্ট্র’ মামলার রায়ে এমন পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। জমির মালিকানা নিয়ে করা একটি ফাস্ট আপিলের শুনানি শেষে বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি তামান্না রহমান খালিদীর বেঞ্চ গত ১০ সেপ্টেম্বর রায় দেন।
রায়ে অধস্তন আদালতের দেওয়া রায় ও ডিক্রি বাতিল করে মামলাটি পুনর্বিচারের জন্য ফেরত পাঠানো হয়েছে। একই সঙ্গে দুই পক্ষকে আরজি সংশোধন এবং প্রয়োজনে অতিরিক্ত সাক্ষ্য ও প্রমাণ উপস্থাপনের সুযোগ দিতে বলা হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে মামলাটি নিষ্পত্তির নির্দেশও দিয়েছেন আদালত।
রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি গত বুধবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। আট পৃষ্ঠার রায়টি লিখেছেন বিচারপতি এস এম কুদ্দুস জামান।
যে কারণে মামলাটি হাইকোর্টে
মামলার নথি অনুযায়ী, মোহাম্মদ আসিফ ৬৭ দশমিক ৪০ শতাংশ জমির মালিকানা দাবি করে মামলা করেছিলেন। তাঁর দাবি ছিল, জমিটি আগে প্রসন্ন কুমার বসু ও অন্যদের মালিকানায় ছিল। পরে বিভিন্ন নিবন্ধিত দলিলের মাধ্যমে জমির মালিকানা কয়েক হাত বদলে তাঁর কাছে আসে।
তবে আর এস খতিয়ানে ৬৭ দশমিক ৪০ শতাংশের পরিবর্তে ৫৮ দশমিক ৬৮ শতাংশ জমি ভুলভাবে কাজী সালাহউদ্দিনের নামে রেকর্ড হয়। পরে সালাহউদ্দিন নিবন্ধিত দলিলের মাধ্যমে জমি মোহাম্মদ আসিফের কাছে হস্তান্তর করেন।
মোহাম্মদ আসিফ সেখানে একটি কারখানা স্থাপন করে জমিটি ভোগদখল করছিলেন। কিন্তু পরে সিটি সার্ভের খতিয়ানে জমিটি বিবাদীদের নামে রেকর্ড হয়। এই রেকর্ডের ভিত্তিতে স্থানীয় তহশিলদার তাঁর কাছ থেকে খাজনা নেওয়াও বন্ধ করে দেন।
এরপর সিটি সার্ভের ওই রেকর্ডকে ভুল ও অবৈধ দাবি করে ঢাকার যুগ্ম জেলা জজ আদালতে মামলা করেন তিনি।
আরজিতে গুরুত্বপূর্ণ তথ্য বাদ পড়ে
হাইকোর্টের রায়ে বলা হয়েছে, ওই মামলা করার সময় নিযুক্ত আইনজীবী আরজিতে জমির রেকর্ডের গুরুত্বপূর্ণ ভুলগুলো সঠিকভাবে তুলে ধরেননি।
বিশেষ করে, আর এস খতিয়ানে ৬৭ দশমিক ৪০ শতাংশের পরিবর্তে ৫৮ দশমিক ৬৮ শতাংশ জমি রেকর্ড হওয়ার বিষয়টি এবং পরে সিটি সার্ভেতে জমিটি বিবাদীদের নামে রেকর্ড হওয়ার বিষয়টি যথাযথভাবে উপস্থাপন করা হয়নি।
আদালতের মতে, এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আরজিতে না থাকায় মামলাটি ক্ষতিগ্রস্ত হয়। পরে ২০১৭ সালের ১৫ জুন ঢাকার ১ম যুগ্ম জেলা জজ আদালত মামলাটি খারিজ করে রায় ও ডিক্রি দেন।
এরপর ওই রায়ের বিরুদ্ধে ২০১৮ সালে হাইকোর্টে ফাস্ট আপিল করেন মোহাম্মদ আসিফ।
মক্কেলের দায় নেই, বললেন হাইকোর্ট
হাইকোর্ট বলেছেন, আপিলকারীর আইনজীবীর বক্তব্য এবং সাক্ষ্যের ভিত্তিতে স্পষ্ট হয়েছে যে, আরজি তৈরির সময় আইনজীবীর ভুল হয়েছিল। এই ভুলের ক্ষেত্রে মামলার বাদীর কোনো ভূমিকা ছিল না।
তাই আইনজীবীর ভুলের কারণে বাদীকে ক্ষতিগ্রস্ত বা ভোগান্তির শিকার হতে দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেন আদালত।
আদালত আরও বলেন, মামলার নথি ও সামগ্রিক তথ্য বিবেচনায় দুই পক্ষকে আরজি সংশোধনের সুযোগ দেওয়া প্রয়োজন। প্রয়োজনে তাঁদের অতিরিক্ত সাক্ষ্য ও প্রমাণ দেওয়ার সুযোগও দিতে হবে। এভাবে মামলাটি পুনর্বিচারের জন্য অধস্তন আদালতে পাঠালেই ন্যায়বিচার নিশ্চিত হবে।
এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ফাস্ট আপিল মঞ্জুর করেন। একই সঙ্গে ঢাকার ১ম যুগ্ম জেলা জজ আদালতের রায় ও ডিক্রি বাতিল করে মামলাটি পুনর্বিচারের জন্য ফেরত পাঠান।
আদালত নির্দেশ দিয়েছেন, আদেশের অনুলিপি পাওয়ার পর ছয় মাসের মধ্যে মামলাটির বিচার শেষ করতে হবে। মামলার নথিও দ্রুত অধস্তন আদালতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

