বিকাশ, নগদ ও রকেটের গ্রাহকদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত সার্ভিস চার্জের বৈধতা নিয়ে হাইকোর্টে জারি করা রুলের শুনানি আগামীকাল হবে।
সোমবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য দিনটি নির্ধারণ করেন।
রিটের পক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট ওবায়দুল্লাহ আল মামুন সাকিব।
এর আগে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা এমএফএস প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অতিরিক্ত ও স্বেচ্ছাচারী সার্ভিস চার্জ নেওয়ার অভিযোগের বিষয়ে রুল জারি করেন হাইকোর্ট।
রুলে জানতে চাওয়া হয়, গ্রাহকদের কাছ থেকে বিকাশ, নগদ ও রকেটের নেওয়া অতিরিক্ত সার্ভিস চার্জ কেন অবৈধ, অসাংবিধানিক ও আইনবিরোধী ঘোষণা করা হবে না।
একই সঙ্গে এমএফএসের সার্ভিস চার্জ, গ্রাহক সুরক্ষা ও জবাবদিহি নিশ্চিত করতে পৃথক মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস আইন প্রণয়ন করা হবে না, তাও জানতে চাওয়া হয়েছে।
বিশেষ করে দরিদ্র ও ব্যাংকিং সেবার বাইরে থাকা মানুষের জন্য যুক্তিসংগত, ন্যায্য ও সাশ্রয়ী এমএফএস সেবা নিশ্চিত করার বিষয়টিও রুলে তুলে ধরা হয়েছে।
বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. রেজাউল করিমের হাইকোর্ট বেঞ্চ এর আগে এ রুল জারি করেন।
রুলের জবাব দিতে অর্থ সচিব, ডাক ও টেলিযোগাযোগ সচিব এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহ সময় দেওয়া হয়।
গ্রাহকদের কাছ থেকে এমএফএস সেবার নামে অতিরিক্ত চার্জ নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে অ্যাডভোকেট ওবায়দুল্লাহ আল মামুন সাকিব নিজেই রিটটি দায়ের করেন।

