গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও শিক্ষককে মারধরের অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন ভুক্তভোগী শিশুর অভিভাবক শাহজালাল রুমি। বৃহস্পতিবার গাজীপুর আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাঁর জামিন মঞ্জুর করেন।
এর আগে গত ৩ নভেম্বর হাইকোর্টের বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে গাজীপুর মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন। ওই নির্দেশনা অনুযায়ী তিনি নিম্ন আদালতে হাজির হন।
মামলার সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর টঙ্গীর আউচপাড়া এলাকার কারিউল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার সাত বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগ ওঠে। শিশুটির পরিবারের অভিযোগের পর ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা তৈরি হয়।
এর দুই দিন পর, ২১ অক্টোবর শিশুটির অভিভাবক ও স্থানীয় কয়েকজন মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষক মোসলেম উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তাঁকে মারধর করা হয়। পরে পুলিশ গিয়ে শিক্ষককে নিজেদের হেফাজতে নেয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।
এ ঘটনায় শিশুর পরিবারের পক্ষ থেকে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে মামলা করা হয়। অন্যদিকে মাদ্রাসা কর্তৃপক্ষ হামলা, ভাঙচুর, শিক্ষক-কর্মচারীদের মারধর এবং ১৭ লাখ টাকা লুটের অভিযোগে শাহজালাল রুমিসহ কয়েকজনের বিরুদ্ধে পাল্টা মামলা করে।
গত ২৬ অক্টোবর শাহজালাল রুমি হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন। ৩ নভেম্বর শুনানি শেষে তাঁকে চার সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়।
বৃহস্পতিবার জামিন পাওয়ার পর শাহজালাল রুমি সাংবাদিকদের বলেন, মাদ্রাসা কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে ১৭ লাখ টাকা লুটের মিথ্যা মামলা করেছে। আদালতে আত্মসমর্পণ করার পর তিনি জামিন পেয়েছেন বলে জানান।
মামলাটিতে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি।

