ঢাকার জেলা ও দায়রা জজ আদালত এবং মহানগর দায়রা জজ আদালতকে উত্তর ও দক্ষিণ দুই পৃথক বিচারিক অঞ্চলে ভাগ করার উদ্যোগ চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। এ জন্য প্রয়োজনীয় প্রশাসনিক, আইনগত ও বিচারিক পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়ার আবেদন জানানো হয়েছে।
রিটে ঢাকা উত্তর জেলা ও দায়রা জজ আদালত এবং ঢাকা উত্তর মহানগর দায়রা আদালত প্রতিষ্ঠা বা পুনর্গঠনের কথা বলা হয়েছে। একইভাবে ঢাকা দক্ষিণ জেলা ও দায়রা জজ আদালত এবং ঢাকা দক্ষিণ মহানগর দায়রা আদালত প্রতিষ্ঠা বা পুনর্গঠনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও চাওয়া হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন। মঙ্গলবার তিনি বিষয়টি নিশ্চিত করেন। রিটে আইনমন্ত্রী, আইন ও বিচার বিভাগের সচিব এবং সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে বিবাদী করা হয়েছে।
আইনজীবী জানান, এর আগে একই দাবিতে সংশ্লিষ্টদের আইনি নোটিশ দেওয়া হয়েছিল। গত ১৭ সেপ্টেম্বর তিনি ওই নোটিশ পাঠান। নোটিশে ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে তা লিখিতভাবে জানানোর কথা বলা হয়েছিল।
নির্ধারিত সময়ের মধ্যে এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় রিট করা হয়েছে বলে জানান তিনি। নোটিশে বলা হয়েছিল, ব্যবস্থা না নিলে হাইকোর্টে রিট করা হবে। সেই ধারাবাহিকতায় এবার আদালতের নির্দেশনা চাওয়া হয়েছে।
রিটে ঢাকার বিপুল জনসংখ্যা ও বড় ভৌগোলিক এলাকার বিষয়টি তুলে ধরা হয়েছে। একই সঙ্গে দেওয়ানি, ফৌজদারি, পারিবারিক, বিশেষ ও মহানগর ফৌজদারি মামলার সংখ্যা বাড়ার কথাও উল্লেখ করা হয়েছে। এসব কারণে বর্তমান বিচারিক কাঠামো পুনর্বিন্যাসের প্রয়োজন রয়েছে বলে আবেদনে বলা হয়েছে।
আবেদনে আরও বলা হয়, বর্তমানে বিপুলসংখ্যক বিচারপ্রার্থী, আইনজীবী, সাক্ষী, আসামি ও সংশ্লিষ্ট ব্যক্তিকে একই বিচারিক ব্যবস্থার আওতায় আসতে হয়। এতে আদালতের প্রশাসনিক কাজে চাপ বাড়ছে। পাশাপাশি বিচারপ্রার্থীদের যাতায়াত, মামলার ব্যবস্থাপনা ও দ্রুত বিচার নিষ্পত্তিতে বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে।
রিটে বলা হয়েছে, ঢাকা উত্তর ও দক্ষিণের জন্য পৃথক বিচারিক অঞ্চল এবং আদালত প্রতিষ্ঠা বা পুনর্গঠন করা হলে বিচারিক কার্যক্রম আরও সুশৃঙ্খলভাবে পরিচালনা করা সম্ভব হবে। এতে আদালতের ওপর চাপ কমার পাশাপাশি বিচারপ্রার্থীদের ভোগান্তিও কমতে পারে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

