বেসরকারি টেলিভিশন ইনডিপেনডেন্ট টিভির প্রধান নির্বাহী ও সম্পাদক শামসুর রহমান এবং তাঁর স্বার্থসংশ্লিষ্টদের নামে থাকা সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির সোমবার এ আদেশ দেন।
দুদকের প্রসিকিউটর তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন হিসাবগুলো অবরুদ্ধ করার আবেদন করেন।
আদালতে দেওয়া আবেদনে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমানসহ কয়েকজনের বিরুদ্ধে শেয়ার কারসাজির অভিযোগ রয়েছে।
দুদকের আবেদনে আরও বলা হয়, প্লেসমেন্ট শেয়ার নিয়ে কারসাজি ও প্রতারণার মাধ্যমে শেয়ারহোল্ডারদের হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে।
এ ছাড়া প্রভাব খাটিয়ে বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংক থেকে প্রায় ৩৬ হাজার কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ এবং বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচারের অভিযোগও রয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

