ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়ে আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যা দিতে এক মাস সময় চেয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
বুধবার তাঁর আইনজীবীর মাধ্যমে ট্রাইব্যুনালে এ আবেদন করা হয়। আবেদনে অসুস্থতার কথা জানিয়ে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য এক মাস সময় চাওয়া হয়েছে।
এর আগে গত ১ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ফুয়াদকে তলব করেন। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। তাঁকে ৪ নভেম্বর সশরীরে হাজির হয়ে বক্তব্যের ব্যাখ্যা দিতে বলা হয়েছিল।
ফুয়াদের একটি বক্তব্যকে কেন্দ্র করে আদালত অবমাননার অভিযোগের সূত্রপাত। গত ২৮ অক্টোবর এবি পার্টির একটি অনুষ্ঠানে ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, ‘ট্রাইব্যুনালে বস্তা বস্তা টাকা লেনদেন হচ্ছে।’
বিভিন্ন গণমাধ্যমে তাঁর এ বক্তব্য প্রকাশিত হলে তা ট্রাইব্যুনালের নজরে আসে। এরপর আদালত অবমাননার অভিযোগে স্বতঃপ্রণোদিত হয়ে তাঁকে তলব করেন ট্রাইব্যুনাল।

