চট্টগ্রাম নগরের লালখানবাজারে জাল দলিল তৈরি করে সরকারি অর্পিত সম্পত্তি আত্মসাতের চেষ্টার মামলায় মো. সাদেক খানকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা না দিলে আরও এক মাস কারাগারে থাকতে হবে তাঁকে।
মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর মো. রেজাউল করিম রনি রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলায় ১২ জন সাক্ষীর সাক্ষ্য ও অন্যান্য প্রমাণের ভিত্তিতে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। রায় ঘোষণার সময় সাদেক খান আদালতে উপস্থিত ছিলেন না। এ কারণে তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানার ভিত্তিতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
মামলার নথি অনুযায়ী, লালখানবাজার মৌজার একটি জমি সরকারের অর্পিত সম্পত্তির তালিকাভুক্ত। জমিটি আগে টার্নার মরিসান কোম্পানি লিমিটেডের নামে নথিভুক্ত ছিল। পরে তা অর্পিত সম্পত্তি হিসেবে সরকারি তালিকায় অন্তর্ভুক্ত হয়।
সাদেক খান দাবি করেন, ১৯৬৮ সালের ২২ মে তারিখের ২৬৩১ নম্বর দলিলের মাধ্যমে তিনি জমিটি কিনেছেন। এ দাবির পক্ষে দলিলের একটি ফটোকপি চট্টগ্রাম জেলা প্রশাসকের অর্পিত সম্পত্তি শাখা এবং অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইব্যুনালে জমা দেন তিনি।
তবে চট্টগ্রাম সদর সাব-রেজিস্ট্রি অফিসের নথি যাচাই করে দুদক দেখতে পায়, ওই নম্বরের দলিলটি লালখানবাজারের জমির নয়। এটি আনোয়ারার রায়পুর ইউনিয়ন হাই স্কুলের সেক্রেটারির নামে করা একটি দানপত্র। লালখানবাজার মৌজার দলিলের সূচিপত্রেও ওই দলিলের কোনো তথ্য পাওয়া যায়নি।
দুদকের অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়ার পর ২০১৬ সালের ২০ সেপ্টেম্বর কোতোয়ালি থানায় সাদেক খানের বিরুদ্ধে মামলা করা হয়। দণ্ডবিধির ৪২০, ৪৬৬, ৪৬৭, ৪৬৮ ও ৪৭১ ধারায় করা এ মামলায় তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক।
২০২৫ সালের ১৯ জুন সাদেক খানের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচার শুরু হয়।

