বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় জেরিকা তাসনিস দিশার দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (৪ নভেম্বর) চার দিনের রিমান্ড শেষে তাঁকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আরও সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে ১ নভেম্বর এ মামলায় জেরিকার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন। ১৯ বছর বয়সী জেরিকা এ মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার হয়েছেন।
যেভাবে উদ্ধার হয় তাহসিফের মরদেহ
মামলার এজাহার অনুযায়ী, গত ২৭ অক্টোবর সন্ধ্যা ৬টার পর দীপ নামে এক বন্ধুর ডাকে বাসা থেকে বের হন ২৭ বছর বয়সী তাহসিফ। রাত গভীর হলেও তিনি বাসায় না ফেরায় তাঁর মা ফোনে যোগাযোগ করেন। তখন তাহসিফ কিছুক্ষণের মধ্যে ফিরে আসবেন বলে জানান।
এজাহারে আরও বলা হয়, রাত ১টা ৩৫ মিনিটে তাহসিফের মুঠোফোন থেকে মেসেঞ্জারে তাঁর মায়ের কাছে একটি ভয়েস বার্তা পাঠানো হয়। সেখানে বলা হয়, ‘রওনা দিয়েছি, আসছি।’ কিন্তু পরদিন বিকেল পর্যন্ত তিনি বাসায় ফেরেননি।
২৮ অক্টোবর বিকেল ৫টা ২০ মিনিটের দিকে উত্তরখান থেকে নৌ-পুলিশ তাহসিফের বাবাকে ফোন করে জানায়, রাজারবাড়ি ঘাট এলাকায় তুরাগ নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে।
পরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের প্রাথমিক কার্যক্রম শেষে ২৯ অক্টোবর দুপুরে নৌ-পুলিশ পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে। ওই দিন বিকেলে উত্তরা ১২ নম্বর সেক্টরের কবরস্থানে তাহসিফকে দাফন করা হয়।
এ ঘটনায় ৩১ অক্টোবর তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম রাজধানীর উত্তরখান থানায় হত্যা মামলা করেন।

