একই জামিন নামঞ্জুরের আদেশের বিরুদ্ধে তথ্য গোপন করে তিনটি পৃথক আবেদন করার ঘটনায় তিন আইনজীবীকে ১৫ দিনের জন্য হাইকোর্ট বিভাগে আইন পেশা পরিচালনা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
একই সঙ্গে পাঁচ আসামি, তিন আইনজীবী ও তিন তদবিরকারকসহ মোট ১১ জনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত। আগামী ১৫ দিনের মধ্যে তাঁদের জবাব দিতে বলা হয়েছে।
রাজধানীর মুগদা থানায় করা সাইফুল হত্যা মামলার পাঁচ আসামির জামিন আবেদন ঘিরে এ আদেশ দেওয়া হয়। বুধবার (৪ নভেম্বর) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসব নির্দেশনা দেন।
শোকজ পাওয়া তিন আইনজীবী হলেন আন্না খানম কলি, এস এম আব্দুল বাতেন সাকিল ও রহিম উদ্দিন।
রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই পাঁচ আসামির পক্ষে কোনো আদালতে জামিনের আবেদন করা যাবে না বলেও নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাঁদের পক্ষে নিম্ন আদালতে কোনো জামিন আবেদন গ্রহণ না করতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতকে নির্দেশ দেওয়া হয়েছে।
একই আদেশের বিরুদ্ধে তিনটি আবেদন
রাষ্ট্রপক্ষের আইনজীবীদের বরাতে জানা গেছে, গত ১ নভেম্বর একটি মামলার শুনানির সময় আদালতের নজরে আসে, পাঁচ আসামির জামিন নামঞ্জুরের একই আদেশের বিরুদ্ধে তিনটি পৃথক আবেদন করা হয়েছে। আবেদনগুলো তিনজন আলাদা আইনজীবীর মাধ্যমে দায়ের করা হয়েছিল এবং বিভিন্ন আদালতের কার্যতালিকায় ছিল।
পরে হাইকোর্ট আবেদনগুলো একত্র করে একসঙ্গে শুনানি করেন। শুনানিতে দেখা যায়, তিনটি আবেদনের ভিত্তিই নিম্ন আদালতের একই জামিন নামঞ্জুরের আদেশ।
সহকারী অ্যাটর্নি জেনারেল মো. এমদাদুল হানিফ জাগো নিউজকে জানান, একই আদেশের বিরুদ্ধে এভাবে একাধিক আবেদন করার সুযোগ নেই। বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত স্বপ্রণোদিত হয়ে রুল জারি করেন। পাঁচ আসামি, তিন আইনজীবী ও তিন তদবিরকারককে ১৫ দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।
রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মঞ্জুরুল আলম সুজন ও মো. রুকনুজ্জামান সুজা। তাঁদের সঙ্গে সহকারী অ্যাটর্নি জেনারেল মো. এমদাদুল হানিফ, খোরশেদ আলম সেলিম, মোখলেছুর রহমান বাবু ও সারোয়ার আলম চৌধুরী অংশ নেন।
দায় অস্বীকার আইনজীবী কলির
তবে আইনজীবী আন্না খানম কলি এ ঘটনায় নিজের দায় অস্বীকার করেছেন। জাগো নিউজকে তিনি বলেন, গত ১ অক্টোবর তিনি মামলা থেকে সরে দাঁড়িয়েছেন। এ বিষয়ে অনাপত্তিপত্র দিয়ে মামলার নথিপত্রও মক্কেলের কাছে বুঝিয়ে দিয়েছেন। তাই পরবর্তী সময়ে দায়ের করা আবেদনগুলোর জন্য তাঁর কোনো দায় নেই বলে দাবি করেন তিনি।

