হাইকোর্ট বিভাগে পুরোনো মামলা নিষ্পত্তির বিশেষ কার্যক্রমে ১৫ কার্যদিবসে মোট ৭৩ হাজার ৪৯৩টি মামলা নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ৬৬ হাজার ৫৮৬টি ক্রিমিনাল মিস মামলা এবং বাকি ৬ হাজার ৯০৭টি রিট মামলা।
শনিবার (৭ নভেম্বর) সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) হাইকোর্টের ১২টি ক্রিমিনাল মোশন বেঞ্চে এক দিনেই ৩ হাজার ৭৮৪টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি হয়েছে। এতে বিশেষ কার্যক্রম শুরুর পর নিষ্পত্তি হওয়া এ ধরনের মামলার সংখ্যা দাঁড়িয়েছে ৬৬ হাজার ৫৮৬টিতে।
সুপ্রিম কোর্ট সূত্র জানায়, প্রধান বিচারপতির নির্দেশনায় হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন ও রিট মোশন বেঞ্চে পুরোনো মামলা নিষ্পত্তির এ কার্যক্রম চলছে। মামলাজট কমানো এবং বিচারপ্রার্থীদের দ্রুত বিচার পাওয়ার সুযোগ তৈরি করাই এ উদ্যোগের লক্ষ্য।
গত ৭ মে থেকে প্রতি সপ্তাহের নির্দিষ্ট দিনে পুরোনো মামলা নিষ্পত্তিকে অগ্রাধিকার দিয়ে এ কার্যক্রম শুরু হয়। সুপ্রিম কোর্ট জানিয়েছে, বিশেষ এ উদ্যোগ অব্যাহত থাকবে।

