গাজীপুরের সিটি মেডিকেল কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান হিসেবে ডা. এ এস এম বদরুদ্দোজার নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। রিটকারীর দাবি, কলেজের সব শেয়ার বিক্রি করে দেওয়ায় আইন অনুযায়ী বদরুদ্দোজার উদ্যোক্তা হিসেবে থাকার সুযোগ নেই। তাই তাঁকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত আইনসম্মত হয়নি।
কলেজের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও পরিচালক ডা. মোহাম্মদ রিফায়েত উল্লাহ শরীফ রিটটি করেছেন। তাঁর পক্ষে আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহিন গত ৫ নভেম্বর হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি দাখিল করেন। শনিবার আইনজীবী রিটের বিষয়টি নিশ্চিত করেন।
রিটে বলা হয়, গত ৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক দপ্তর এক স্মারকের মাধ্যমে ডা. বদরুদ্দোজাকে সিটি মেডিকেল কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান হিসেবে মনোনয়ন দেয়।
রিটকারীর আইনজীবীর ভাষ্য, ডা. বদরুদ্দোজা ২০১৫ সালে কলেজে তাঁর মালিকানাধীন সব শেয়ার বিক্রি করে দেন। পরে ২০১৭ সালে তিনি গভর্নিং বডির চেয়ারম্যানের পদ থেকেও পদত্যাগ করেন। তাঁর বিক্রি করা শেয়ারগুলো কিনে নেন বর্তমান রিটকারী ডা. রিফায়েত উল্লাহ শরীফ।
আইনজীবী বলেন, বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ আইন, ২০২২-এর ১৮(২) ধারা অনুযায়ী, গভর্নিং বডির চেয়ারম্যান উদ্যোক্তাদের মধ্য থেকে নির্বাচিত হওয়ার কথা। একই ধারায় পরিচালনা পর্ষদের ৫০ শতাংশ সদস্য উদ্যোক্তাদের মধ্য থেকে রাখার বিধান রয়েছে। রিটকারীর দাবি, সব শেয়ার বিক্রির পর ডা. বদরুদ্দোজা আর কলেজের উদ্যোক্তা হিসেবে বিবেচিত হতে পারেন না।
রিটে আরও অভিযোগ করা হয়েছে, ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় ডা. রিফায়েত উল্লাহ শরীফ আন্দোলনকারীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে ডা. বদরুদ্দোজা তাঁকে কলেজ থেকে সরানোর চেষ্টা করেন। পরে বিশেষ তদবিরের মাধ্যমে তিনি গভর্নিং বডির চেয়ারম্যান পদে মনোনয়ন পান বলে রিটকারীর অভিযোগ।
বইয়ে রাজনৈতিক নেতাদের নিয়ে মন্তব্য
ডা. বদরুদ্দোজার লেখা ‘বঙ্গবন্ধুর কাল্পনিক সাক্ষাৎকার ও কয়েকটি নিবন্ধ’ বইয়ের কয়েকটি অংশও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বইটি প্রকাশ করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ।
বইয়ের ৭৮ নম্বর পৃষ্ঠায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘দুর্নীতি ও দুঃশাসনের গুরু’ হিসেবে উল্লেখ করা হয়েছে। একই পৃষ্ঠায় বিএনপি সরকারের পাঁচ বছরের নৈরাজ্যের জন্যও তাঁকে দায়ী করে মন্তব্য করা হয়েছে।
৭৯ নম্বর পৃষ্ঠায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে সমালোচনামূলক বক্তব্য রয়েছে। বইয়ের ১০ ও ৪২ নম্বর পৃষ্ঠায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চরিত্র, ক্ষমতায় আসা এবং রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে নেতিবাচক মন্তব্য করা হয়েছে। এ ছাড়া খালেদা জিয়ার সরকারের সময় র্যাবকে ‘সরকারি খুনী বাহিনী’ এবং বিএনপি সরকারকে ‘নব্য স্বৈরশাসন’ বলা হয়েছে।
অন্যদিকে, বইটির ২১ নম্বর পৃষ্ঠায় শেখ হাসিনাকে নিয়ে ‘জননেত্রী শেখ হাসিনা : সোনার বাংলার পথিকৃৎ’ শিরোনামে একটি প্রশংসামূলক নিবন্ধ রয়েছে।

