ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকার আইনগত প্রক্রিয়া অনুসরণ করছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, এ বিষয়ে সরকারের পরবর্তী পদক্ষেপ হবে আইন অনুযায়ী। কোনো আবেগের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে না।
আজ রোববার সকালে রাজধানীর একটি হোটেলে ‘বিচারিক কার্যক্রমে শুদ্ধাচার’ বিষয়ক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত এ কর্মশালায় সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান উপস্থিত ছিলেন।
শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ভারতের আদালতে আইনি লড়াই করা হবে কি না, জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, বিষয়টি ভারত সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। বন্দিবিনিময় চুক্তির আওতায় বাংলাদেশ ইতিমধ্যে ভারতের কাছে তাঁকে ফেরত দেওয়ার অনুরোধ জানিয়েছে।
মন্ত্রী বলেন, ভারত তাঁকে হস্তান্তর করলে বাংলাদেশের আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে।
ভারত শেখ হাসিনাকে বন্দী হিসেবে বিবেচনা করছে না, বরং রাষ্ট্রীয় অতিথি হিসেবে দেখছে, এমন প্রসঙ্গ তুলে সাংবাদিকেরা প্রশ্ন করলে আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের কাছে শেখ হাসিনা একজন অপরাধী। তাঁর ভাষ্য, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রকাশ্য আদালতে বিচার হয়েছে এবং ট্রাইব্যুনাল তাঁকে সাজা দিয়েছেন। অন্য দেশ তাঁকে কীভাবে বিবেচনা করছে, তা বাংলাদেশের অবস্থান পরিবর্তন করবে না।

