উচ্চ আদালতে জামিন পেতে তথ্য গোপন, একই মামলায় একাধিকবার আগাম জামিন নেওয়া এবং জাল আদেশ তৈরি করে কারাগার থেকে আসামি মুক্ত করার মতো একের পর এক অনিয়মের ঘটনা সামনে আসছে। এসব ঘটনায় কঠোর অবস্থান নিয়েছেন হাইকোর্ট। ইতিমধ্যে ১১ জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে তিন আইনজীবীকে ১৫ দিনের জন্য হাইকোর্ট বিভাগে আইন পেশা পরিচালনা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। অন্য ঘটনায় দুই আইনজীবীকে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এ ছাড়া চট্টগ্রামে জামিন আদেশ জালিয়াতির ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি।
সাম্প্রতিক কয়েকটি ঘটনায় দেখা গেছে, গুরুত্বপূর্ণ তথ্য গোপন করে আদালত থেকে জামিন নেওয়ার চেষ্টা করেছেন আসামি ও তাঁদের আইনজীবীদের কেউ কেউ। কোথাও একই জামিন নামঞ্জুরের আদেশের বিরুদ্ধে হাইকোর্টের তিনটি পৃথক বেঞ্চে আবেদন করা হয়েছে। আবার একই মামলায় এক আসামির তিনবার আগাম জামিন নেওয়ার ঘটনাও সামনে এসেছে।
সবচেয়ে গুরুতর ঘটনা ঘটেছে চট্টগ্রামে কুকি-চিনের সদস্যদের জন্য তৈরি ২০ হাজার ৩০০টি পোশাক জব্দের ঘটনায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায়। অভিযোগ রয়েছে, হাইকোর্টের জামিন আদেশ জালিয়াতি করে এক আসামিকে কারাগার থেকে মুক্ত করা হয়েছে। বিষয়টি প্রধান বিচারপতির নজরে আনার পর সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
এসব অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তিনি ঢাকা পোস্টকে বলেন, জালিয়াতি, দুর্নীতি, অব্যবস্থাপনা, নোট বাণিজ্য ও মামলা বাণিজ্যের বিরুদ্ধে উচ্চ আদালতের পাশাপাশি রাষ্ট্রপক্ষও ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অবস্থান অব্যাহত থাকবে।
অ্যাটর্নি জেনারেল আরও বলেন, দুর্নীতি, স্বজনপ্রীতি, তথ্য বিকৃতি ও একাধিক আবেদন করার মতো অনিয়মের বিরুদ্ধে শক্ত বার্তা দেওয়া প্রয়োজন। আদালতকেন্দ্রিক এসব অনিয়ম আইন কর্মকর্তারা চিহ্নিত করে আদালতের নজরে আনছেন। এরপর আদালত প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন।
একই আদেশের বিরুদ্ধে তিন আবেদন, ১১ জনকে শোকজ
রাজধানীর মুগদা থানার সাইফুল হত্যা মামলায় নিম্ন আদালতের জামিন নামঞ্জুরের একই আদেশের বিরুদ্ধে তথ্য গোপন করে হাইকোর্টের তিনটি পৃথক বেঞ্চে আবেদন করা হয়। এ ঘটনায় পাঁচ আসামি, তিন আইনজীবী ও তিন তদবিরকারকসহ মোট ১১ জনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন হাইকোর্ট।
গত ৪ নভেম্বর বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি মো. জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। সংশ্লিষ্ট ব্যক্তিদের ১৫ দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
শোকজ পাওয়া তিন আইনজীবী হলেন অ্যাডভোকেট আন্না খানম, অ্যাডভোকেট এস এম আব্দুল বাতেন সাকিল ও অ্যাডভোকেট রহিম উদ্দিন। তাঁদের প্রত্যেককে ১৫ দিনের জন্য হাইকোর্ট বিভাগে আইন পেশা পরিচালনা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট পাঁচ আসামি কোনো আদালতে জামিনের আবেদন করতে পারবেন না বলে আদেশ দেওয়া হয়েছে।
সহকারী অ্যাটর্নি জেনারেল মহিউদ্দিন হানিফ বিষয়টি নিশ্চিত করে জানান, একই আসামিদের পক্ষে নিম্ন আদালতের একই আদেশের বিরুদ্ধে হাইকোর্টের বিভিন্ন বেঞ্চে তিনটি আবেদন করা হয়েছিল। বিষয়টি আদালতের নজরে এলে আবেদনগুলো একসঙ্গে শুনানির জন্য তালিকাভুক্ত করা হয়।
শুনানিতে দেখা যায়, পাঁচ আসামির পক্ষে তিনজন পৃথক আইনজীবী একই আদেশের বিরুদ্ধে তিনটি আবেদন করেছেন। বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন এবং সংশ্লিষ্ট ১১ জনকে কারণ দর্শানোর নোটিশ দেন।
আদালত পর্যবেক্ষণে বলেন, বিচারপ্রার্থীদের আবেদন করার ক্ষেত্রে সততা ও স্বচ্ছতা বজায় রাখতে হবে। প্রার্থিত প্রতিকারের সঙ্গে সংশ্লিষ্ট সব গুরুত্বপূর্ণ তথ্য আদালতকে জানাতে হবে। অন্য বেঞ্চে একই বিষয়ে আবেদন করা হলে সেই তথ্য গোপন রেখে একাধিক বেঞ্চে সমান্তরালভাবে আবেদন করা গ্রহণযোগ্য নয়। এতে আদালতের কাছে গুরুত্বপূর্ণ তথ্য গোপন করে আদেশ পাওয়ার সুযোগ তৈরি হয়।
একই মামলায় তিনবার আগাম জামিন, দুই আইনজীবীকে তলব
একই মামলায় তথ্য গোপন করে এক আসামির তিনবার আগাম জামিন নেওয়ার ঘটনায় দুই আইনজীবীকে তলব করেছেন হাইকোর্ট। তাঁদের আগামী রোববার সশরীরে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। তলব করা আইনজীবীরা হলেন তানিয়া সুলতানা ও মিজানুর রহমান।
গত ৫ নভেম্বর বিচারপতি মো. সেলিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ হাসিবুর রহমান।
তিনি জানান, একই মামলায় একজন আসামি একবারই আগাম জামিন নিতে পারেন। কিন্তু সংশ্লিষ্ট ঘটনায় তথ্য গোপন করে একই মামলায় তিনবার আগাম জামিন নেওয়া হয়েছে। বিষয়টি আদালতের নজরে আসার পর সংশ্লিষ্ট আইনজীবীদের তলব করে ব্যাখ্যা চাওয়া হয়েছে।
জামিন আদেশ জালিয়াতি করে আসামি মুক্তি, তদন্তের নির্দেশ
চট্টগ্রামে কুকি-চিনের সদস্যদের জন্য তৈরি ২০ হাজার ৩০০টি পোশাক জব্দের ঘটনায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জামিন আদেশ জালিয়াতি করে এক আসামিকে কারাগার থেকে মুক্ত করার অভিযোগ উঠেছে।
অভিযোগ অনুযায়ী, তথ্য গোপন করে হাইকোর্ট থেকে জামিন নেওয়ার পর দুই বিচারপতির স্বাক্ষরসংবলিত জামিন আদেশে জালিয়াতি করা হয়। ওই আদেশে মামলার নম্বর ও থানার নাম পরিবর্তন করে নতুন তথ্য বসানো হয়। পরে জালিয়াতির মাধ্যমে তৈরি করা আদেশ কারাগারে জমা দেওয়া হলে এর ভিত্তিতে মুক্তি পান মামলার আসামি সাহেদুল ইসলাম। তিনি চট্টগ্রামের রিংভো অ্যাপারেলসের মালিক।
ঘটনাটি প্রায় সাত মাস আগে ঘটলেও সম্প্রতি তা প্রকাশ্যে আসে। মামলার আরেক আসামি হাইকোর্টে জামিন চাইতে গিয়ে সাহেদুল ইসলামের জামিন পাওয়ার বিষয়টি উদাহরণ হিসেবে তুলে ধরেন। তখনই জালিয়াতির বিষয়টি সামনে আসে।
পরে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বিষয়টি প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নজরে আনেন। অভিযোগ আমলে নিয়ে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীকে ঘটনা তদন্তের নির্দেশ দেন।
আইনজীবীদের মতে, এ ধরনের জালিয়াতির ঘটনায় সংশ্লিষ্ট আদালত শাখার কর্মকর্তা-কর্মচারীদের কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা জরুরি। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে ব্যবস্থা না নিলে জামিন জালিয়াতির সঙ্গে যুক্ত চক্রকে নির্মূল করা কঠিন হবে।

