গত অক্টোবর মাসে দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৭৩ কোটি ৩৭ লাখ ৬৫ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সময়ে ৪০ লাখের বেশি ইয়াবা ট্যাবলেটসহ বিপুল পরিমাণ মাদক, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। চোরাচালান ও অবৈধভাবে সীমান্ত পার হওয়ার অভিযোগে আটক করা হয়েছে মোট ৬৯০ জনকে। আজ শনিবার দুপুরে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।
তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, জব্দ করা পণ্যের মধ্যে আছে ১ কেজি ৪৩৫ গ্রাম সোনা, ১৩ হাজার ৭৭৮টি শাড়ি এবং ৫ হাজার ৯৭৬টি থ্রিপিস, শার্টপিস, চাদর ও কম্বল। এ ছাড়া ২ হাজার ২৮টি তৈরি পোশাক, ৪ হাজার ৩৫১ মিটার থান কাপড়, ২ লাখ ৭৬ হাজার ৯৮টি প্রসাধনসামগ্রী, ২২ লাখ ৪৩ হাজার ২৫৭ পিস আতশবাজি এবং ৩৮১টি মোবাইল ফোন জব্দ হয়েছে। সঙ্গে ছিল বিপুল পরিমাণ মোবাইল ফোনের যন্ত্রাংশ।
খাদ্য ও শিল্পপণ্যের তালিকাও দীর্ঘ। অভিযানে ১ লাখ ৬৯ হাজার ৪৫৮ কেজি কয়লা, ৩৩ হাজার ৬৯১ কেজি জিরা, ৮ হাজার ৫৪৪ কেজি রসুন, ৬ হাজার ৫৪৭ কেজি চিনি ও ১২ হাজার ১৪২ কেজি সার জব্দ করা হয়েছে। এ ছাড়া ২১ লাখ ৬৮ হাজার ৫০০ লিটার ভোজ্যতেল এবং ১০ লাখ ১০ হাজার ৮০০ কেজি কারেন্ট জালও জব্দ তালিকায় আছে।
চোরাচালানে ব্যবহৃত যানবাহনও আটক করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৮টি ট্রাক ও কাভার্ড ভ্যান, ১৩টি পিকআপ, ৮টি প্রাইভেটকার ও মাইক্রোবাস, ৪৯টি সিএনজি, ইজিবাইক, অটোরিকশা ও ঠেলাগাড়ি। জব্দ হয়েছে ৭৩টি মোটরসাইকেল, ২০টি বাইসাইকেল ও ভ্যান এবং ৩৬টি নৌকাও।
গত মাসের অভিযানে অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার হয়েছে। এর মধ্যে আছে একটি এসএমজি, ছয়টি দেশি-বিদেশি পিস্তল, পাঁচটি অন্যান্য অস্ত্র, সাতটি ম্যাগাজিন, ১২০ রাউন্ড গুলি এবং ১৯টি ককটেল।
মাদকের তালিকায় সবচেয়ে বেশি আছে ইয়াবা, ৪০ লাখ ৪৫ হাজার ৪১২ পিস। এ ছাড়া উদ্ধার হয়েছে ৯৪১ গ্রাম হেরোইন, ১ হাজার ২০১ বোতল ফেনসিডিল, ৮ কেজি ৯৭ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস, ১১ হাজার ৩০৭ বোতল বিদেশি মদ, ১ হাজার ৫৬৪ কেজি গাঁজা, ৫ হাজার ১০৯ বোতল ইস্কাফ সিরাপ এবং ১ হাজার ৮৪৭ ক্যান বিয়ার। আরও জব্দ করা হয়েছে ৫ হাজার ৮৯৬ বোতল বিভিন্ন ধরনের সিরাপ, ৪৭ হাজার পিস এনেগ্রা ও সানেগ্রা ট্যাবলেট, ১ লাখ ৬০ হাজার ৫১৭ প্যাকেট বিড়ি ও সিগারেট এবং ২ লাখ ৮৩ হাজার ৩৪৪টি বিভিন্ন ধরনের নেশাজাতীয় ট্যাবলেট।
আটকের হিসাবে বিজিবি জানিয়েছে, মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২১৯ জনকে আটক করা হয়েছে। অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে আটক হয়েছেন ১১৪ জন বাংলাদেশি, ৭ জন ভারতীয় ও ৩৫০ জন মিয়ানমারের নাগরিক। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিশ্লেষকদের মতে, এক মাসে এত বিপুল পরিমাণ পণ্য ও মাদক জব্দ হওয়া একদিকে বিজিবির তৎপরতার প্রমাণ, অন্যদিকে সীমান্ত দিয়ে চোরাচালানের ব্যাপকতারও ইঙ্গিত দেয়। বিশেষ করে ৪০ লাখের বেশি ইয়াবা উদ্ধার মাদকের চালানের মাত্রা নির্দেশ করে। আটকদের মধ্যে মিয়ানমারের ৩৫০ জন নাগরিকের উপস্থিতি অবৈধ অনুপ্রবেশের চাপও তুলে ধরছে। তবে জব্দ হওয়া পণ্য মোট চোরাচালানের কতটুকু, তা নিশ্চিত করে বলা কঠিন। নজরদারি জোরদার করার পাশাপাশি চোরাচালানের পেছনের চক্র ও পৃষ্ঠপোষকদের আইনের আওতায় আনতে পারলেই এই প্রবণতা কমানো সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।

