মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের জমি অধিগ্রহণের ক্ষতিপূরণের অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় কক্সবাজারের সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) জাফর আলমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই মামলায় সাবেক জেলা প্রশাসক মো. রুহুল আমিনসহ ১০ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ আদেশ দেন। মামলার যুক্তিতর্ক শেষে আগামী ৩০ নভেম্বর রায় ঘোষণার দিন ধার্য করেছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর মোকাররম হোসাইন জানান, এ মামলায় মোট ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়েছিল। তাঁদের মধ্যে ১৯ জনের বিচার কার্যক্রম হাইকোর্টের আদেশে স্থগিত রয়েছে। বাকি ১৫ জনের বিরুদ্ধে ২৮ জনের সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে রায়ের দিন নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার ওই ১৫ আসামির মধ্যে সাবেক এডিসি জাফর আলমসহ পাঁচজন আদালতে হাজির হন। আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অন্যদিকে, সাবেক জেলা প্রশাসক মো. রুহুল আমিনসহ ১০ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
যেভাবে আত্মসাতের অভিযোগ
মামলার নথি অনুযায়ী, কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে ১ হাজার ৪১৪ একর জমিতে প্রায় ৩৬ হাজার কোটি টাকা ব্যয়ে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করা হয়। প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের সময় চিংড়িঘের, ঘরবাড়ি ও অন্যান্য অবকাঠামোর ক্ষতিপূরণ বাবদ ২৩৭ কোটি টাকা নির্ধারণ করা হয়েছিল।
অভিযোগে বলা হয়, ২৫টি অস্তিত্বহীন চিংড়িঘের দেখিয়ে ৪৬ কোটি ৩ লাখ ৩২০ টাকা ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়। এর মধ্যে বিভিন্ন কৌশলে ১৯ কোটি ৮২ লাখ ৮ হাজার ৩১৫ টাকা তুলে আত্মসাৎ করা হয়।
এ ঘটনায় ২০১৪ সালের ২০ নভেম্বর মাতারবাড়ীর ব্যবসায়ী এ কে এম কায়সারুল ইসলাম চৌধুরী বাদী হয়ে সাবেক জেলা প্রশাসক মো. রুহুল আমিন, সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাফর আলমসহ ২৮ জনের বিরুদ্ধে মামলা করেন। কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য দুদককে নির্দেশ দেন।
দুদকের তদন্তে ৩৬ জনের সম্পৃক্ততার তথ্য পাওয়ার কথা উল্লেখ করে ২০১৭ সালের ৩ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। পরে আদালত ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

