নারী ও শিশু নির্যাতনের মামলায় মৃত্যুদণ্ড অনুমোদনের আবেদন বা ডেথ রেফারেন্স দ্রুত নিষ্পত্তিতে দৃষ্টান্ত তৈরি করেছে হাইকোর্টের একটি বিশেষ বেঞ্চ। চলতি বছরের ১৭ নভেম্বর পর্যন্ত এই বেঞ্চ ৩৮টি মামলার রায় ঘোষণা করেছেন। উচ্চ আদালতে এক হাজারের বেশি ডেথ রেফারেন্স মামলা বিচারাধীন থাকলেও অল্প সময়ে এতগুলো মামলার নিষ্পত্তি বিচার বিভাগে নতুন আশার সঞ্চার করেছে।
সুপ্রিম কোর্টের আইনজীবীরা বলছেন, ডেথ রেফারেন্স মামলার জট কমাতে বিশেষ বেঞ্চের কার্যক্রম অব্যাহত রাখা প্রয়োজন। পাশাপাশি এ ধরনের মামলা শুনানির জন্য আরও কয়েকটি বিশেষ বেঞ্চ গঠন করা যেতে পারে। তাঁদের মতে, দ্রুত বিচার নিশ্চিত হলে একদিকে যেমন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের সাজা চূড়ান্ত হওয়ার অপেক্ষা কমবে, অন্যদিকে যাঁরা পরে খালাস পান, তাঁদের দীর্ঘদিন কনডেম সেলে থাকার ঝুঁকিও কমবে।
হাইকোর্টে বিচারাধীন ১ হাজার ৩০১টি মামলা
সুপ্রিম কোর্টের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত হাইকোর্ট বিভাগে ১ হাজার ৩০১টি ডেথ রেফারেন্স মামলা বিচারাধীন ছিল। গত ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত তিন মাসে নিষ্পত্তি হয়েছে মাত্র ১০টি মামলা।
আইনজীবীদের দেওয়া তথ্য অনুযায়ী, পর্যায়ক্রমে শুনানির ধারাবাহিকতায় বর্তমানে হাইকোর্টে ২০১৯ ও ২০২০ সালে নথিভুক্ত ডেথ রেফারেন্স মামলাগুলোর শুনানি চলছে।
ডেথ রেফারেন্স হলো মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য উচ্চ আদালতে পাঠানো মামলা। ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা অনুযায়ী, দায়রা জজ আদালত, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল কিংবা দ্রুত বিচার ট্রাইব্যুনাল কোনো আসামিকে মৃত্যুদণ্ড দিলে সেই সাজা কার্যকর করার আগে হাইকোর্টের অনুমোদন নিতে হয়। এ জন্য বিচারিক আদালত মামলার নথি হাইকোর্টে পাঠান। সেখানে মামলাটি ডেথ রেফারেন্স হিসেবে নথিভুক্ত হয়।
পেপারবুক প্রস্তুতিতে সময়ক্ষেপণ
ডেথ রেফারেন্স মামলা নিষ্পত্তিতে বিলম্বের অন্যতম কারণ হিসেবে পেপারবুক প্রস্তুতে দীর্ঘ সময় লাগা এবং মামলার তুলনায় শুনানির বেঞ্চের সংখ্যা কম থাকার কথা উল্লেখ করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী।
তিনি বাসসকে বলেন, ডেথ রেফারেন্স মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতার কারণে অনেক আসামিকে বছরের পর বছর কারাগারের কনডেম সেলে থাকতে হয়। অথচ পরে হাইকোর্টের রায়ে তাঁদের কেউ কেউ খালাস পান। এসব মামলা দ্রুত নিষ্পত্তি হলে আসামিদের দীর্ঘদিন কনডেম সেলে থাকার অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো সম্ভব হতো।
পেপারবুক হলো বিচারিক আদালতে মামলা শুরু থেকে রায় ঘোষণা পর্যন্ত গুরুত্বপূর্ণ নথিপত্রের সংকলন। এতে এজাহার, অভিযোগপত্র, অভিযোগ গঠনের আদেশ, সুরতহাল প্রতিবেদন, জব্দ তালিকা, ঘটনাস্থলের নকশা, ময়নাতদন্ত ও ফরেনসিক প্রতিবেদন থাকে।
এ ছাড়া ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি, মৃত্যুকালীন ঘোষণা, রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের সাক্ষীদের জবানবন্দি ও জেরা, ৩৪২ ধারায় আসামির বক্তব্য, দালিলিক সাক্ষ্য, বিচারিক আদালতের পূর্ণাঙ্গ রায় এবং আপিলের নথিও এতে অন্তর্ভুক্ত থাকে। সরকারি মুদ্রণালয় বা বিজি প্রেসে এসব নথি ছাপানোর পর হাইকোর্টে শুনানির জন্য পেপারবুক প্রস্তুত হয়।
দ্রুত নিষ্পত্তিতে আইনজীবী ও বিচারকদের ভূমিকা জরুরি
ডেথ রেফারেন্স মামলার জট কমানোর বিষয়ে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বাসসকে বলেন, পেপারবুক তৈরিতে সময় লাগে, এটি সত্য। তবে সব প্রস্তুতি শেষ করে মামলা শুনানির জন্য আদালতে আসার পর নিষ্পত্তিতে বিলম্ব হওয়ার কথা নয়।
তাঁর মতে, দ্রুত নিষ্পত্তির জন্য দণ্ডিত ব্যক্তির আইনজীবী ও রাষ্ট্রপক্ষকে আন্তরিক হতে হবে। একই সঙ্গে বিচারকদেরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। সম্প্রতি হাইকোর্টের একটি বিশেষ বেঞ্চ অল্প সময়ে নারী ও শিশু নির্যাতনের ৩৮টি ডেথ রেফারেন্স মামলার রায় দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন।
বিচারিক আদালতে মৃত্যুদণ্ড দেওয়ার প্রবণতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, নিম্ন আদালতের কিছু বিচারকের মধ্যে গণহারে মৃত্যুদণ্ড দেওয়ার প্রবণতা দেখা যায়। এতে হাইকোর্টে ডেথ রেফারেন্স মামলার সংখ্যা বাড়ে এবং মামলাজট তৈরি হয়।
উদাহরণ হিসেবে তিনি ফেনীর নুসরাত হত্যা মামলার কথা উল্লেখ করেন। ওই মামলায় ট্রাইব্যুনাল ১৬ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। হাইকোর্ট ওই রায়কে ‘মাইন্ডলেস সেন্টেন্স’ বা বিবেচনাহীন সাজা হিসেবে উল্লেখ করেন। পরে সংশ্লিষ্ট বিচারককে ফৌজদারি মামলার বিচারিক দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।
অ্যাটর্নি জেনারেল বলেন, ফৌজদারি মামলায় সাজা নির্ধারণের জন্য সুনির্দিষ্ট নির্দেশিকা বা সেন্টেন্সিং গাইডলাইন থাকা প্রয়োজন। এতে একই ধরনের অপরাধে সাজা দেওয়ার ক্ষেত্রে বিচারিক বৈপরীত্য কমবে। পাশাপাশি অপ্রয়োজনীয় মৃত্যুদণ্ডের রেফারেন্স ও মামলাজটও কমতে পারে।
বর্তমানে পাঁচটি বেঞ্চে শুনানি
গত ২৪ অক্টোবর প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী হাইকোর্টে ৫৭টি বেঞ্চ গঠন করে দেন। সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে হাইকোর্টের পাঁচটি বেঞ্চে ডেথ রেফারেন্স মামলার বিচারিক কার্যক্রম চলছে।
এর মধ্যে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বিশেষ বেঞ্চে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি হচ্ছে।
ফৌজদারি কার্যবিধির ৩৭৫ থেকে ৩৭৯ ধারায় ডেথ রেফারেন্স শুনানির প্রক্রিয়া ও হাইকোর্টের ক্ষমতা নির্ধারণ করা হয়েছে। শুনানি শেষে হাইকোর্ট বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ড বহাল রাখতে পারেন। আবার সাজা কমিয়ে যাবজ্জীবন বা অন্য কোনো দণ্ড দিতে পারেন। আসামিকে খালাস দেওয়া, নতুন করে তদন্ত বা পুনর্বিচারের নির্দেশ দেওয়ার ক্ষমতাও রয়েছে আদালতের।
৩৮ মামলার রায়ে কী সিদ্ধান্ত এসেছে
নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় মৃত্যুদণ্ড অনুমোদন ও আপিল দ্রুত নিষ্পত্তির জন্য গত ১০ জুন বিশেষ বেঞ্চ গঠন করেন প্রধান বিচারপতি। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামানের সমন্বয়ে গঠিত এই বেঞ্চ গত ১৭ নভেম্বর পর্যন্ত ৩৮টি মামলার রায় ঘোষণা করেছেন।
এই বেঞ্চ ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যা মামলায় গত ২৪ আগস্ট রায় দেন। এতে দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রাখা হয়, চার আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এবং অন্য ১০ আসামিকে মৃত্যুদণ্ড থেকে খালাস দেওয়া হয়।
মাগুরার আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখে গত ৩১ আগস্ট রায় দেন হাইকোর্ট।
সর্বশেষ গত ১৭ নভেম্বর রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার মামলায় প্রধান আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখেন এই বেঞ্চ। একই রায়ে তাঁর স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দেওয়া হয়।
বিশেষ বেঞ্চের এসব রায় দেখিয়েছে, ডেথ রেফারেন্স শুনানিতে দ্রুততা যেমন সম্ভব, তেমনি প্রতিটি

