শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার সাম্প্রতিক রায় বাংলাদেশের ফৌজদারি বিচারব্যবস্থায় এক ঐতিহাসিক মাইলফলক হয়ে থাকবে, যা ঔপনিবেশিক আমলের আইনি কাঠামোর ভেতরে দাঁড়িয়েও বিচার অঙ্গনে এক গতিশীল নতুন অধ্যায়ের সূচনা করেছে। গত ১৭ নভেম্বর ২০২৬ হাইকোর্ট বিভাগ প্রধান আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখে সহ-আসামি স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন। ২০২৬ সালের ১৯ মে সংঘটিত এই নৃশংস অপরাধের মাত্র ছয় মাসের মধ্যেই বিচারিক আদালত ও হাইকোর্টের ডেথ রেফারেন্স নিষ্পত্তি সম্পন্ন হয়েছে। এই রায় আমাদের বিচারব্যবস্থায় এক বিরল দৃষ্টান্ত এবং সংবিধানের মৌলিক অঙ্গীকার ও রাষ্ট্রীয় প্রতিশ্রুতি পূরণের উজ্জ্বল প্রমাণ।
মাগুরার আছিয়া ও কুমিল্লার তনুর মর্মান্তিক ঘটনাগুলোতে যেমন দেখা গিয়েছিল, তেমনি রামিসা মামলাও চিরাচরিত বহুবছরের বিচারিক দীর্ঘসূত্রতা এড়িয়ে দ্রুত এগিয়েছে মূলত জনগণের তীক্ষ্ণ সচেতনতা, গণমাধ্যমের নজরদারি এবং সরকার ও বিচার বিভাগের শীর্ষ নেতৃত্বের প্রাতিষ্ঠানিক অগ্রাধিকারের কারণে। যেখানে বড় বড় ফৌজদারি মামলা বছরের পর বছর ঝুলে থাকে, সেখানে দুই আদালতে মাত্র ছয় মাসে বিচার সম্পন্ন হওয়ার ঘটনা স্বভাবতই গভীর প্রশ্নের জন্ম দেয়: বিচার এত দ্রুত এগোল কীভাবে, আর আমাদের বিচারব্যবস্থার ভবিষ্যতের জন্যই-বা এটি কী বার্তা দিচ্ছে? দ্রুত পুলিশি তদন্ত, বিচারিক জবানবন্দি গ্রহণ, ট্রাইব্যুনালের রায় এবং হাইকোর্টের পর্যালোচনা প্রমাণ করেছে যে একাগ্র প্রাতিষ্ঠানিক অঙ্গীকার থাকলে অসম্ভবও সম্ভব হয়।
সাংবিধানিক অঙ্গীকার এবং গতি ও ন্যায্যতার ভারসাম্য
বাংলাদেশের সংবিধান দ্রুত ও ন্যায্য—উভয় বিচারকেই বলবৎযোগ্য মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছে। ১২১৫ সালের ম্যাগনা কার্টার সেই ঐতিহাসিক অঙ্গীকার (“আমরা কারও কাছে ন্যায়বিচার বিক্রি করব না, কাউকে তা থেকে বঞ্চিত করব না কিংবা বিচারে বিলম্ব করব না”) এবং ১৬৯৩ সালে ইংরেজ দার্শনিক উইলিয়াম পেনের অমর বাণী (“বিচারে বিলম্ব করা মানেই অবিচার”) থেকে শুরু করে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী উইলিয়াম ইওয়ার্ট গ্ল্যাডস্টোনের সেই চিরায়ত প্রবচন (“বিচারের বাণী বিলম্বিত হলে তা প্রত্যাখ্যাত হয়, আবার তাড়াহুড়ো করলে তা সমাধিস্থ হয়”) এই দ্বৈত দায়িত্বই আমাদের বিচারিক শৃঙ্খলার মূল ভিত্তি।
আমাদের সংবিধান প্রণেতারা অনুচ্ছেদ ৩৫(৩)-এ স্বাধীন ও নিরপেক্ষ আদালতের মাধ্যমে ‘দ্রুত ও প্রকাশ্য বিচার’-এর অধিকার নিশ্চিত করে এই ভারসাম্যকে সুদৃঢ় করেছেন; যার পেছনে রয়েছে অনুচ্ছেদ ২৭ (আইনের দৃষ্টিতে সমতা) এবং অনুচ্ছেদ ৩১ (আইনের আশ্রয় লাভের অধিকার)-এর সুরক্ষা। কাগজে-কলমে এই আদর্শগুলো অত্যন্ত মহৎ শোনালেও বাস্তবে তা কার্যকর করা প্রায়ই কঠিন হয়ে পড়ে।
তবে রামিসা মামলায় আমাদের আদালত সেই সাংবিধানিক অঙ্গীকারকে বাস্তবে রূপ দিয়েছেন। প্রায় ছয় মাসের মধ্যে বিচারিক আদালতের কার্যক্রম ও হাইকোর্ট বিভাগের পর্যালোচনা সম্পন্ন হওয়া প্রমাণ করে যে প্রাতিষ্ঠানিক সদিচ্ছা ও পদ্ধতিগত শৃঙ্খলা এক বিন্দুতে মিললে দ্রুত বিচারের জন্য যথাযথ আইনি প্রক্রিয়াকে বিসর্জন দিতে হয় না।
দুই আদালতে ছয় মাসের পরিক্রমা
সাম্প্রতিক সময়ে ঢাকার পল্লবী এলাকায় আট বছর বয়সী শিশু রামিসা আক্তারের নৃশংস হত্যাকাণ্ডের মতো আর কোনো অপরাধ সাধারণ মানুষের বিবেককে এতটা নাড়া দেয়নি। ২০২৬ সালের ১৯ মে সকালে বড় বোনের সঙ্গে স্কুলে যাওয়ার ঠিক আগমুহূর্তে দ্বিতীয় শ্রেণির এই শিক্ষার্থী নিখোঁজ হয়। পাশের একটি ফ্ল্যাটের বাইরে রামিসার একটি জুতা পড়ে থাকতে দেখে এবং ভেতর থেকে দরজা বন্ধ পেয়ে তার মা পুলিশে খবর দেন। পুলিশ দরজা ভেঙে ভেতরে ঢুকে এক অবর্ণনীয় বিভীষিকাময় দৃশ্য দেখতে পায়: শোবার ঘরের মেঝেতে শিশুটির মস্তকবিহীন দেহ পড়ে আছে, আর বাথরুমের বালতির ভেতরে রাখা তার বিচ্ছিন্ন মাথা। হত্যার আগে ছোট্ট রামিসাকে নির্মমভাবে নির্যাতন ও ধর্ষণ করা হয়েছিল; অপরাধ জানাজানি হওয়ার ভয়ে ধর্ষক তাকে হত্যা করে।
এরপর যা ঘটেছে, তা ফৌজদারি মামলাকে স্থবির করে দেওয়া চিরাচরিত দীর্ঘসূত্রতাকে ভেঙে দিয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকেই স্বপ্না খাতুনকে গ্রেপ্তার করে এবং বাথরুমের জানালার গ্রিল কেটে পালিয়ে যাওয়া সোহেল রানাকে ওই রাতেই নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে আটক করে। ঘটনার মাত্র পাঁচ দিনের মাথায়, ২৪ মে তদন্ত কর্মকর্তা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করেন এবং পরদিনই মামলাটি ট্রাইব্যুনালে স্থানান্তরিত হয়।
বিচারিক ট্রাইব্যুনালও সমান একাগ্রতায় কাজ এগিয়ে নেয়। ১ জুন অভিযোগ গঠন করা হয়, ২ জুন একদিনেই রাষ্ট্রপক্ষের ১৬ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ সম্পন্ন হয় এবং ৩ জুন ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আসামিদের পরীক্ষা করা হয়। হত্যাকাণ্ডের মাত্র ১৯ দিনের মাথায়, ২০২৬ সালের ৭ জুন ঢাকার মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেহীন অর্থদণ্ডসহ উভয় আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করেন।
মৃত্যুদণ্ড কার্যকরে উচ্চ আদালতের অনুমোদন বাধ্যতামূলক হওয়ায় ডেথ রেফারেন্স ও জেল আপিল দ্রুতই হাইকোর্ট বিভাগের বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বিশেষ দ্বৈত বেঞ্চে পৌঁছায়, যাঁরা ২০২৬ সালের ১৭ নভেম্বর এই বিভক্ত রায় ঘোষণা করেন।
বিচার বিভাগের স্বাধীনতা, ‘রেশিও ডেসিডেন্ডি’ এবং নতুন বিচারিক নজির
হাইকোর্ট কেন একজনের মৃত্যুদণ্ড বাতিল করলেন, জনমনে তৈরি হওয়া এই বিভ্রান্তির সরাসরি উত্তর মেলে স্বপ্না খাতুনের খালাসের যুক্তিতে: আদালতকে সব সময় সন্দেহাতীত প্রমাণের ওপর নির্ভর করতে হয়, জন-আবেগের কাছে নতি স্বীকার করা চলে না। সোহেল রানার ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দি, ময়নাতদন্তের প্রতিবেদন এবং সাক্ষীদের জবানবন্দিতে তার অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হলেও স্বপ্না যে সক্রিয়ভাবে অপরাধে সহায়তা করেছেন, আলামত গোপন করেছেন কিংবা অপরাধ প্রতিরোধে আইনি দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন, এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। সমানভাবে গুরুত্বপূর্ণ হলো, ২০২৬ সালের ২১ মে রামিসার পরিবারের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের সমবেদনা জানাতে যাওয়া ছিল একান্তই একটি মানবিক সৌজন্য, যা আদালতের নথিপত্র থেকে সম্পূর্ণ আলাদা ছিল; এটি প্রমাণ করে যে বিচার বিভাগ অভ্যন্তরীণ বা বাহ্যিক যেকোনো চাপের ঊর্ধ্বে থেকে স্বাধীনভাবে কাজ করেছে।
পূর্ণাঙ্গ রায় পর্যালোচনা সাপেক্ষে স্বপ্নার খালাসের বিরুদ্ধে আপিলের বিষয়টি বিবেচনায় রেখেই রামিসার বাবা ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয় দ্রুত এই রায়কে স্বাগত জানিয়েছে। এর পাশাপাশি, একদিনে ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণকে বৈধতা দেওয়ার মাধ্যমে হাইকোর্ট পদ্ধতিগত নিয়মানুবর্তিতার যে ‘রেশিও ডেসিডেন্ডি’ (রায়ের মূল আইনি ভিত্তি বা বাধ্যতামূলক নজির) এবং দ্রুততার সঙ্গে যথাযথ আইনি প্রক্রিয়া ও ন্যায্যতার ভারসাম্য রক্ষায় যে ‘অবিটার ডিকটা’ (বিচারকের দিকনির্দেশনামূলক পর্যবেক্ষণ) দিয়েছেন, তা বাংলাদেশের ভবিষ্যৎ ফৌজদারি বিচারের জন্য অনুসরণযোগ্য এক নতুন নজির তৈরি করেছে। রেশিও ডেসিডেন্ডি ও অবিটার ডিকটার এই সমন্বয় বিচারিক আদালতের বিচারকদের প্রতিটি পক্ষের অধিকার সুরক্ষিত রেখে দ্রুত শুনানি পরিচালনার স্পষ্ট আত্মবিশ্বাস জোগাবে। এই সুদূরপ্রসারী নজির বাংলাদেশের ফৌজদারি বিচারব্যবস্থায় এক নতুন যুগের সূচনা করেছে।
সাংবিধানিক সুরক্ষা ও প্রাতিষ্ঠানিক সমন্বয়
জনমনে এখন প্রশ্ন, এই দণ্ড কত দ্রুত কার্যকর হবে? আইনের শাসনভিত্তিক গণতন্ত্রে মৃত্যুদণ্ডের চূড়ান্ত নিষ্পত্তি অত্যন্ত সতর্কতার সঙ্গে সম্পন্ন হয়। সংবিধানের ১০৩ অনুচ্ছেদ অনুযায়ী আপিল বিভাগে যাওয়ার পথ উভয় পক্ষের জন্যই খোলা রয়েছে, স্বপ্না খাতুনের খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল কিংবা সোহেল রানার মৃত্যুদণ্ড বাতিল বা সাজা কমানোর আপিল, এরপর রিভিউ আবেদন এবং সবশেষে সংবিধানের ৪৮(৫) অনুচ্ছেদ অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতির কাছে প্রাণ-ভিক্ষার সুযোগ থাকে। আপিল বিভাগের কার্যতালিকা অনুযায়ী এই ধাপগুলো সম্পন্ন হতে সাধারণত কয়েক মাস থেকে কয়েক বছর সময় লাগে। তাই আসামির চূড়ান্ত পরিণতি দেখতে সে সময় পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।
ছয় মাসের এই মাইলফলকের পেছনে রয়েছে বিচার বিভাগ, রাষ্ট্রপক্ষ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের প্রশংসনীয় সমন্বয়, যাঁরা বিচারিক স্বাধীনতা অক্ষুণ্ণ রেখেই নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর বিধান অনুযায়ী দায়িত্ব পালন করেছেন। অতীতের ধারাবাহিক আইনি সংস্কারও এই দ্রুত নিষ্পত্তিতে সহায়ক ভূমিকা রেখেছে। অধিকারকর্মীদের জোরালো দাবির মুখে হাইকোর্ট বিভাগ চিকিৎসা পরীক্ষায় ধর্ষণের শিকার নারীদের ‘টু-ফিঙ্গার টেস্ট’ (দুই আঙুলের পরীক্ষা) সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেন। দেশব্যাপী প্রতিবাদের পর ২০২০ সালে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ সংশোধন করে সব ধরনের ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড যুক্ত করা হয়। পরবর্তীতে ২০২৫ সালে মাগুরার শিশু আছিয়া ধর্ষণ মামলার প্রেক্ষাপটে ধর্ষণ মামলার তদন্তের সময়সীমা কমিয়ে ১৫ দিন এবং বিচার নিষ্পত্তির সময়সীমা ৯০ দিন নির্ধারণ করা হয়। পাশাপাশি বিচার শুরু করার ক্ষেত্রে ডিএনএ প্রমাণ বাধ্যতামূলক রাখার শর্তও তুলে দেওয়া হয়।
রামিসা মামলা বাংলাদেশের ফৌজদারি বিচারব্যবস্থায় যে নতুন নজির ও মাইলফলক স্থাপন করেছে, তার মাধ্যমে এই রায় বিচার বিভাগ ও সাধারণ মানুষ, উভয়ের জন্যই এক ইতিবাচক ও আশাব্যঞ্জক বার্তা দেয়। দ্রুত তদন্ত, নিরবচ্ছিন্ন সাক্ষ্য গ্রহণ, যুক্তিনির্ভর সাক্ষ্য-বিশ্লেষণ এবং সময়মতো আপিল শুনানি যখন বিরল ব্যতিক্রম না হয়ে নিয়মিত চর্চায় পরিণত হবে, তখন আইনের শাসনের প্রতি মানুষের আস্থা আরও সুদৃঢ় হবে এবং সাংবিধানিক অঙ্গীকারগুলো প্রতিটি নাগরিকের জীবন্ত সুরক্ষায় রূপ নেবে।
ক্রমবর্ধমান মামলাজটে জর্জরিত বিচার বিভাগকে এই দীর্ঘস্থায়ী অচলাবস্থা থেকে মুক্তি দেওয়ার পথে রামিসা মামলার নজির হোক আমাদের ধ্রুবতারা।
- – মীর হালিম, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট; নীতি বিশ্লেষক এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল।

